
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের পর ২০২৪ সালের এই দিনে আদালতের রায়ে সব মামলাতেই বেকসুর খালাস পেয়েছিলাম।
শরীরের ক্ষত হয়তো আজও রয়ে গেছে, কিন্তু সেদিনের মুক্তির আনন্দ, স্বস্তি আর আবেগ আজও অমলিন।
আলহামদুলিল্লাহ!
★★ফেসবুক মেমোরি....
ইতিপূর্বে দুটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলা থেকে মুক্তি পেয়েছিলাম। আজ অবশিষ্ট দুটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলা/ সাইবার ক্রাইম এ্যাক্ট মামলা থেকে মুক্ত! এক এক করে আইনী প্রক্রিয়ায় সবগুলো মামলা থেকে মুক্ত।
২০১৮ সালের ২৭ অক্টোবর থেকে আমি ঘুমাইনি।
আজ হতে ৩০৯ বছর ঘুমাবো আমি।
পৃথিবী, তোমার ভোর হলে আমায় ডেকে দিও,
জুলভার্ণের ৮০ দিনে বিশ্বভ্রমণ অথবা
মায়াকোভস্কির শেষ ৮ সেকেন্ডের পর আমায় জাগিও।
জতুগৃহে ১৪ বছরের বনবাস শেষে পৃথিবী দেখছি-
প্রগতির প্রো-গতিতে সবে মাত্র একপ্রহর,
দ্বিপ্রহর কেটে গেলে ভৈরবীতে সুর সাধব আবার
৩০৯ বছর পর আমায় ডেকে দিও।
স্রোতস্বিনী ক্ষীরনদী ক্ষীণকায় খাল দেখছি-
খালের পাঁজরে অক্সিজেনের চাষ,
নদী তার স্রোত ফিরে পেলে বাতাসে পাল ওড়াব;
৩০৯ বছর পর আমায় ডেকে দিও।
ছয়টি বছর আমি ঘুমাইনি।
অন্তত তিন মাস পর,
অথবা তিন দিন...
ভীষণ ক্লান্ত আমি।
ভীষণ।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


