
কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল যে, এরা হজ করলেও মুসলমান নয়। আর প্রগতিশীলদের একটা অংশ তখন ছি ছি রব তুলেছিল। যারা বাংলাদেশের বামপন্থিদের দুর্বল চরিত্র ও নৈতিকতা সম্পর্কে ওয়াকিবহাল, তারা তখন খুব একচোট হেসেছিলেন।
আমি একজন তরুণ বাম নেতাকে চিনতাম। তিনি ছাত্রজীবনে খুব ভালো বক্তৃতা দিতেন এবং পত্রিকায় লিখতেন। পরবর্তী সময়ে তিনি কলাম লেখক হিসেবে নাম করেছিলেন। '২৪ সালে হাসিনার পতনের পরে তিনি সরকারি দপ্তরে একটা বড় পদ পেলেন। তারপর একদিন বিস্ময়ের সাথে লক্ষ করলাম যে, তিনি প্রতিক্রিয়াশীল ইসলামপন্থিদের শিখিয়ে দেওয়া বুলিগুলো বলছেন।
সেই সময়টাতেই বোধ হয় বামপন্থিদের সম্পর্কে ফেসবুকে কেউ একজন একটা মজার কথা বলেছিলেন, যার সারমর্ম ছিল এমন যে, বাম দল করা হলো ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়ার মতো একটা বিষয় - পরে ইচ্ছা করলে যেকোনো দিকে যাওয়া যায়।
এখন এই প্রগতিশীলদের অনেকেরই জীবিকাটাই হলো তাঁদের প্রগতিশীলতাকে পুঁজি করেই। কিন্তু তার চেয়েও আরেকটা বড় বিষয় আছে। সেটা হলো, তাঁদের নৈতিক আদর্শগুলো ঠিক কি কারনে পূর্ণতা পায় না? প্রগতিশীল নৈতিকতার যে ভিত্তি, তার গভীরে তাঁরা হয়তো অনুসন্ধানই করেন না। তাঁদের জীবনসাধনা বেশির ভাগ ক্ষেত্রেই সেই গভীরতা পর্যন্ত তাঁদের নিয়ে যায় না। অবস্থাটা এমন হয় যে, প্রগতিশীলতার শিক্ষাগুলো কালক্রমে তাঁদের চরিত্র থেকে ঝরে পড়ে।
রবীন্দ্রনাথ লিখেছিলেন, "জীবনের সহিত শিক্ষার একটা রাসায়নিক মিশ্রণ হয় না বলিয়া আমাদের মনের শিক্ষিত ভাবগুলি কতক আটা দিয়া জোড়া থাকে, কতক কালক্রমে ঝরিয়া পড়ে"। আমি আমার জীবনভর আমার চারপাশে তথাকথিত এই শিক্ষিত শ্রেণিকে দেখেছি, বয়সের সাথে সাথে যাঁদের গা থেকে সেই আটা দিয়ে জোড়া লাগানো শিক্ষার বিষয়গুলো ঝরে পড়ে। একটা বয়সের পর তাঁরা আদি অকৃত্রিমভাবে বিবর্তনের আগের স্তরে ফিরে যান।
তাই আমার মনে হয়, প্রগতিশীলতার সঙ্গে নৈতিকতার সম্পর্ক ও দায়বদ্ধতার প্রশ্নগুলো নতুন করে ভাবার সময় এসেছে।
নিরীশ্বরবাদী দর্শনে যেখানে ভালো কাজের প্রতিদান হিসেবে কোনো মহাপ্রাপ্তির প্রতিশ্রুতি নেই, সেখানে নৈতিকতার ভিত্তি কী হবে? মানুষ কেন নৈতিক হবে? অন্যের কল্যাণে কাজ করার জন্য কি ঈশ্বরে বিশ্বাস, পরকালের পুরস্কারের আশা কিংবা পাপের শাস্তির ভয় থাকা জরুরি? নাকি মানুষ কেবল নিজের বিবেক, মানবিকতা ও নৈতিক দায়িত্ববোধ থেকেই অন্যের কল্যাণে কাজ করতে পারে?
এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে রবীন্দ্রনাথের আশ্রয় নেওয়া যাক। তাঁর "চতুরঙ্গ" উপন্যাসের জ্যাঠামশাই, নাস্তিক জগমোহনের কথা মনে আছে? রবীন্দ্রনাথ এই চরিত্রের মধ্য দিয়ে নাস্তিকতার একটি স্বতন্ত্র নৈতিক দর্শন তুলে ধরেছেন।
জগমোহনকে তিনি চিত্রিত করেছেন এভাবে: "তিনি তখনকার কালের নামজাদা নাস্তিক।...যুদ্ধজাহাজের কাপ্তেনের যেমন জাহাজ চালানোর চেয়ে জাহাজ ডোবানোই বড়ো ব্যাবসা, তেমনি যেখানে সুবিধা সেইখানেই আস্তিক্যধর্মকে ডুবাইয়া দেওয়াই জগমোহনের ধর্ম ছিল।...জগমোহনের নাস্তিকধর্মের একটা প্রধান অঙ্গ ছিল লোকের ভালো করা।...নাস্তিকের পক্ষে লোকের ভালো-করার মধ্যে নিছক নিজের লোকসান ছাড়া আর কিছুই নাই - তাহাতে না আছে পুণ্য না আছে পুরস্কার, না আছে কোনো দেবতা বা শাস্ত্রের বক্শিশের বিজ্ঞাপন বা চোখ-রাঙানি। যদি কেহ তাঁহাকে জিজ্ঞাসা করিত, 'প্রচুরতম লোকের প্রভূততম সুখসাধনে' আপনার গরজটা কী? তিনি বলিতেন, কোনো গরজ নাই, সেইটেই আমার সব চেয়ে বড়ো গরজ। তিনি শচীশকে বলিতেন, দেখ্ বাবা, আমরা নাস্তিক, সেই গুমরেই একেবারে নিষ্কলঙ্ক নির্মল হইতে হইবে। আমরা কিছুকে মানি না বলিয়াই আমাদের নিজেকে মানিবার জোর বেশি।"
একজন আস্তিক মানুষ ভালো কাজ করলে তার মধ্যে পুণ্য অর্জন বা পুরস্কার পাওয়ার প্রত্যাশা থাকতে পারে। আবার পাপের শাস্তির ভয় তাকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে পারে। কিন্তু নাস্তিকের কাছে এসবের অস্তিত্ব নেই। সে জানে, মানুষের উপকার করলে তার কোনো বিশেষ প্রতিদানও অপেক্ষা করছে না। তাহলে সে কেন অন্যের উপকার করবে? জগমোহনের উত্তর হলো, অন্যের উপকার করাটাই যথেষ্ট। এর বিনিময়ে কিছু পাওয়ার প্রত্যাশা না করাই নৈতিকতা।
মানুষের ভালো করার মধ্যে নাস্তিকের নিজের স্বার্থ নেই, বরং অনেক সময় তাকে সময়, অর্থ, শ্রম ও ব্যক্তিগত সুবিধা বিসর্জন দিতে হয়। আমি কেন অন্যের ভালো করব, যখন তাতে আমার নিজের কোনো লাভ নেই? তাঁর উত্তর হলো, মানুষের কল্যাণ নিজেই একটি মূল্যবান উদ্দেশ্য।
নৈতিকতার জন্য বাইরের কোনো কর্তৃত্বের প্রয়োজন নেই। অতিপ্রাকৃত কর্তৃত্বের নির্দেশের ওপর নির্ভর না করেও মানুষ নিজের বিবেক দিয়ে ভালো-মন্দ বিচার করতে পারে। এখানে গুরুত্বপূর্ণ হলো নিজের নৈতিকতার দায়ভার নিজের ওপর নেওয়া। কেউ পুরস্কার দেবে না, কেউ শাস্তি দেবে না, তারপরও আমি অন্যের ক্ষতি করব না, বরং মানুষের কল্যাণে কাজ করব। কারণ, আমার নিজের বিবেকের কাছেই আমার দায়বদ্ধতা।
নাস্তিক হওয়ার মধ্যে কোনো নৈতিক ছাড় নেই, বরং আরও বেশি দায়িত্ব রয়েছে। আমরা যখন কোনো ধর্মীয় বিধানের ওপর নির্ভর করি না, তখন আমাদের নিজেদের নৈতিকতার মানদণ্ড আরও উঁচু রাখতে হয়। নাস্তিকতার অজুহাতে নৈতিক দায়িত্ব এড়ানোর সুযোগ নেই; বরং নিজের নৈতিকতার প্রতি দায়বদ্ধতা আরও বেশি।
চতুরঙ্গ এর নাস্তিকতার নৈতিক দর্শনের সাথে রবীন্দ্রনাথের "মানুষের ধর্ম" প্রবন্ধের যোগসূত্র আছে। চতুরঙ্গে রবীন্দ্রনাথ দেখিয়েছেন, নাস্তিক হয়েও মানুষ সম্পূর্ণ নৈতিক হতে পারে। "মানুষের ধর্ম" তে তাঁর এই চিন্তা আরও বিস্তৃত হয়েছে। মানুষের প্রকৃত ধর্ম কোনো বিশেষ ধর্মীয় বিশ্বাস নয়। তিনি লিখেছেন, "যা আমাদের ত্যাগের দিকে, তপস্যার দিকে নিয়ে যায় তাকেই বলি মনুষ্যত্ব, মানুষের ধর্ম।" মানুষের নৈতিকতা তার ধর্মীয় বিশ্বাস দিয়ে নির্ধারিত হয় না; বরং নির্ধারিত হয় মানুষের প্রতি তার আচরণ ও দায়িত্ববোধের মধ্য দিয়ে।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


