যে ব্যক্তি এমন শব্দ উচ্চারণ করেন বা এমন কিছু আঁকেন বা এমন কিছু ভাবভঙ্গি করেন বা অন্যকিছু করেন, যা বাংলাদেশের কোন ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে, বা অবমাননা করার উদ্যোগ করে, সেই ব্যক্তি দুই বছর পর্যন্ত কারাদণ্ডে বা অর্থদন্ডে বা উভয়বিধ দন্ডে দন্ডিত হবে ।
--- দন্ডবিধির ২৯৫(ক) । আমাদের দেশে সাধারণত এ ধারাটিতে মামলা তেমন হয় না কিন্তু যেসব দেশে ব্লাসফেমি আইন আছে তাদের এ বিষয়ে অনেক মামলা হয় । যারা এদেশে ব্লাসফেমি আইনের প্রয়োগ চান তারা তারা এই ধারাটি সংশোধন করে এখানে মৃত্যুদন্ডের বিধান করতে চান । সাধারণভাবে ব্লাসফেমি আইন ভালো বলে মনে হতে পারে কিন্তু এর যে কতোটা কুদিক রয়েছে, এই আইন যে কতটা ন্যাক্কারজনকভাবে ব্যবহার করা যেতে পারে, যেসব দেশে এই ব্লাসফেমি রয়েছে সেখানে যে কি ভয়ঙ্করভাবে এটির ব্যবহার করা হচ্ছে ,সেসব আরেকদিন বলব । আমি ব্যক্তিগতভাবে যেকোন ধরণের হত্যাকান্ডের বিরুদ্ধে তা জুডিশিয়াল বা এক্সট্রা-জুডিশিয়াল যাই হোক না কেন । মৃত্যুদন্ডকে নিছক 'জুডিশিয়াল কিলিং' ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না । কারন এভাবে কখনই ধর্মরক্ষা করা যায় না , ধর্ম আসে মানুষের অন্তর থেকে । এ বিষয়েও অন্যদিন বলব ।
তবে এরকম অপরাধ যদি কেউ কম্পিউটার বা ইন্টারনেট সহযোগে করে তাহলে সংশোধিত হতে যাওয়া তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি আইন-২০০৬ অনুসার শাস্তি প্রদান করা হবে । যার ৫৭ ধারায় ১০ বছর কারাদন্ড থেকে বাড়িয়ে ১৪ বছর করা হয়েছে আর অর্থদন্ড এক কোটি টাকা পর্যন্ত । আমি এ ধরণের আইনেরও বিপক্ষে, কারণ এগুলো যে কতোটা নেতিবাচকভাবে এবং দমন পীড়নের নতুন কৌশল হিসাবে ব্যবহার করা হবে তা ভবিষ্যতে দেখতে পাবেন । সাদাচোখে ধর্মরক্ষার কবচ হিসাবে এই আইন মনে হলেও প্রকৃতপক্ষে এটি ব্যবহার হবে শোষকশ্রেণীর রক্ষাকবচ হিসাবে । মত প্রকাশের স্বাধীনতার অন্তরায় এরকম কালা-কানুন পাশ করা থেকে সংসদ সরে আসবে এটিই সকল মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী গনতন্ত্রকামী মানুষ ও অধিকারকর্মীদের প্রত্যাশা ।
(এ ইউ জেড প্রিন্স)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




