বিপরীত দিক হতে ধেয়ে আসা মাত্রই যা ঘোরতর অপরাধ
পক্ষপাত দুষ্ট হলেই তা ডিসকোর্স, কখনো বা শিল্প!
মিথ্যা কে, কি এবং কেন-র জবাব তাই
মিথ্যার মতই বনেদী প্যাঁচওয়ালা।
অভিধানে কয় – যা সত্য নয়
আমি জানি, বিশ্বাস করি এবং মানি –
তা ই মিথ্যা।
ধরা যাক ঝন্টুকে একবেলা ব্যাটিং-এর লোভ দেখিয়ে
ঝাঁঝালো রোদ্দুরের মাঝে দিনমান ফিল্ডিং করানো হল, তবে
সেটা ঝন্টুর তরফে মিথ্যা।
আবার কড়কড়ে খররোদে পোড়া জ্যৈষ্ঠের আকাশে যখন
কালো মেঘ দেখা দেয় – দশদিকে ঢেউ খেলে
শীতল বাতাস তবু প্রকৃতি ছেনালি করে
বৃষ্টি হব হব বলেও হয় না আর – সেটাও একপদের মিথ্যা।
বঙ্গের ছাওয়ালেরা থাই- ইন্দোনেশিয়ান উপকূলে অনাহারী
ভেসে বেড়াচ্ছে দিন কে দিন, মাসকে মাস, আর
মালের মন্ত্রী তখন দারিদ্রকে জাদুঘরে রেখে আসার
পাঁচশালা প্রকল্প ঘোষণা করে,
জেনে রেখো , সেটা সত্যের মুখে থুথু ছেটানো জঘন্য মিথ্যা!
অ্যামেরিকা যখন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়
ডানহাতের তর্জনী তোমার দিকে তোলে জঙ্গিরাষ্ট্র হিসেবে
পেছনে, বামহাতে গোলাবারুদ আর মিসাইল জমা রেখে –
সেটা মিথ্যা! সেটা মিথ্যা!
আবার ধরো, আলোচনার মোড় খানিকটা ঘুরিয়ে যদি বলি,
তুমি রাবীন্দ্রিক, তাই এক ফুঁয়ে উড়িয়ে দিয়ে কল্লোলের কোলাহল
বলতে পারো ‘রবিই ঠিক, বাকি সব মিথ্যে’!
ক্যাবারে ড্যান্সারের বক্ষের হিল্লোল বা
বারবণিতার খঞ্জর আঁখিপটে তোমার জন্যে ভালোবাসা –
হতে পারে এ সবই মিথ্যা।
আর্টগ্যালারীতে ঝাঁঝালো হয়ে ফুটে থাকা
স্লিভলেস সুন্দরীদের তরল “লাভ ফর আর্ট”
হতেই পারে সে এক শৈল্পিক মিথ্যা।
এতকিছু আগাপাছতলা ভাববার পরে,
এই গ্রীষ্মের রাতে ঘড়ির কাঁটা যখন তিন ঘটিকায় টিকটিকোয়
আর আমি তোমার গালমন্দ খেয়ে
সুবোধ বালকটির মত বলি –
গাঢ় করে তোমার গ্রীবার পৃষ্ঠদেশ আঁকড়ে ধরে
প্রকাণ্ড চুম্বনে তোমার শরীরের সমস্ত প্রাণশক্তি শুষে নেবার
বিন্দুমাত্র আগ্রহ নেই আমার, অসভ্য বনমানুষের মত
টেনে হিঁচড়ে শতছিন্ন, ফালাফালা করতে ইচ্ছা করে না
তোমার আমার মাঝে বিভেদ তৈরি করে রাখা তোমার
শরীরের প্রতিটি সুতো; অথবা
শীতল ক্যানাইনের স্পর্শে রক্তিম করে দিতে
কখনোই ইচ্ছে করে না তোমার ‘ছোঁয়া যায় না’ অমন স্তনবৃন্ত;
অথবা নক্ষত্র খচিত আকাশের নীচে বিস্তীর্ণ ফসলের চারণভূমির
মত তোমার শরীর বিছিয়ে দিয়ে তাতে রাতভর নোনা চাষাবাদের
সাধ জাগে নি কখনো- ইচ্ছে করেনি পাঁজরের চাপে
পাঁজরকে চূর্ণবিচূর্ণ করে মিলে মিশে একাকার হতে -
তোমার সাথে!
জেনে রেখো, জেনে রেখো, জেনে রেখো
এ অত্যন্ত মিথ্যে কথা!
নিতান্ত অসহনীয় রকমের অসত্য!
একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার!
painting by - Mahnoor Shah

সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



