দীর্ঘদিন পর, গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়েছিলাম, কাজে।
ফেরত আসার পথে, আমার রিকশা যখন টিএসসি পার হচ্ছে, একটা ছোট আড্ডা দেখলাম দু - চারজন ছেলেপেলের। তাঁদের একজনের হাতে গিটার, সে গেয়ে চলেছে অর্ণবদা'র হারিয়ে গিয়েছি, এই তো জরুরী খবর ...
রিকশা তাঁদের অতিক্রম করে চলে যাওয়ার ফাঁকে আমি খুব মনোযোগ দিয়ে তাঁদের চেহারা পড়ার চেষ্টা করলাম।
ক্যাম্পাসের হিসেবে আমি তাঁদের পাঁচ ব্যাচ সিনিয়র হয়তো। আমাদের ছাত্রত্বের সময় একই জায়গায় বসে অর্ণবদার এই গান গাইতে অনেককেই শুনেছি। আমাদের পাঁচ ব্যাচ আগে ছিলেন যারা, তারাও গেয়েছেন অর্ণবের গান। এই ছেলেমেয়েরা, এখন যারা বসে আছে, হারিয়ে যাওয়ার জরুরী খবর ঘোষণা করছে, এদের পাঁচ ব্যাচ পরে যারা আসবে, তারাও গাইবে। হয়তো তাঁদের পাঁচ ব্যাচ পরে যারা থাকবে তারাও গাইবে। অঞ্জন দত্তের বেলা বোস কি এখনো আমাদের গিটারে - কণ্ঠে প্রাসঙ্গিক নয়?
কিছু মানুষ জন্মের পর থেকে কেবল সময়ের শূন্যস্থান পূরণ করে যায়।
কিছু মানুষ সময়কে নতুন করে তৈরি করে।
এই দুয়ের পার্থক্য যারা বোঝে - তাঁদের জীবন কষ্টের।
বাতাসের সঙ্গে বক্সিং খেলার কষ্ট।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



