দিকশূন্যপুর
-আবু মকসুদ
নীললোহিতের পিছু পিছু পৌছে গেলাম দিকশূন্যপুর
কর্তব্যের একগাদা বোঝা, একগাদা ভাইবোন
অযাচিত উকিল নোটিসের বিরম্বনা
ভীড়ের মধ্যে কে যেন মন্ত্র দিলো, হাওয়া হয়ে যাও
ওয়ালেটে মনিকার ছবি আউট অব ফোকাস
তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা, দু খানা লুঙ্গির রশিদ
মোটাবুদ্ধির পুরনো খতিয়ান, অবিশ্বাসীর ইশতেহার
ছুঁড়ে দিলে মিলিয়ে গেল ম্যাজিক! ম্যাজিক!
দিকশূন্যপুরে রেশনের লাইনে ভীড় নেই
আনাজপাতির স্বল্পতা নিয়ে শোনা গেল না কোন অভিযোগ
গলির ভিতর তস্য গলিতে নেই ভ্যাপসা গরম
টুপি পরা সৈয়দ রুম্মানকে কেউ ভাবেনা মৌলবাদী
কেটে যায় পলাশ ঝরা দিন পাখির উল্লাসে
সন্ধ্যের বাঁশী শীতলা নদীর সাথে দূরে যায়
নক্ষত্রের রাত্রি শিক্ষা দেয় তুফানের ভাষা
অতলান্ত সুখের মাঝে তবু উড়ে শাড়ির আঁচল
দিকশূন্যপুরের দিনগুলি পানসে মনে হয়
পালাবার প্রথম সুযোগে কিনে নেই দিনের আলো
এতোদিনের অনুপস্থিতির জন্য মনিকারোদন
উকিল নোটিস হাতে ফিরে আসি মাটির পৃথিবীতে।
দিকশূন্যপুরে রাত্রি নামে না, সারাক্ষণ দিনের তান্ডব
জীবনের ঘাট পেরুতে প্রয়োজন দিবস এবং রজনীর।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




