কবিতা জীবন
-আবু মকসুদ
রাত বেড়ে গেলে ঘোরবর্ষায়
কবিতা জীবন ভেবে পরে নেই গেরুয়া পোশাক
বেঁচে থাকা অর্থবহ মনে হয়
ঘরবাড়ি, গাছপালা, ছইয়ের নৌকা
আর দর্পণের দিঘি দিয়ে যায় অভয় আশ্রম
দুপুর হারায় যখন নির্জন রাস্তার ধারে
কবিতা যন্ত্রণা দেয় বুকের পাঁজরে
দামাল পুকুর ডাকে সাঁতারে সাঁতারে
গাছের শিকরে লাগে রোদের প্রলেপ
ঘাসের স্বপ্ন মাখে যুথিকালতা
যান্ত্রিক স্ক্রীনে চোখ রঙিন ফিলামেন্ট
কবিতা উড়ে আসে লক্ষভেদী তীরে
স্মৃতির মতন কাঁপে বাঁশের সাঁকো
সরে যায় বিষাদ স্বাদ লোভের স্বাপদ
নীল দড়ি খুঁজে পাই পরিধিসীমায়
রঙের বিছানায় শুলে হলুদ পালক
শিশুর রুমালে মোড়া কবিতা পাখি
স্নানের সময় যায় দূর কলতলা
শুকনো বাঁশের পাতায় ম্লান প্রকৃতি
স্বর্ণচাঁপা ফোটে আজও পথের ধারেই
গেরুয়া পোশাকে লিখি পোশাকি কবিতা
আয়না আগলে ধরে ধরিত্রি নবনীতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


