খবরটা বেশ চমৎকার। বাংলাদেশের জন্য সুসংবাদ। ভালো খবর সবার সাথে শেয়ার করতে চাই। সূত্র বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকায় শীঘ্রই বিরল এক পণ্য যুক্ত হতে যাচ্ছে। দেশের একমাত্র কুমির চাষকারী খামার এ বছর ডিসেম্বরে কুমির রপ্তানি করবে।
‘রেপটাইল ফার্ম লিমিটেডে’র ব্যবস্থাপনা পরিচালক মুশতাক আহমেদ বলেন ‘এ বছরের ডিসেম্বরে ৫০ থেকে ৬০ টি হিমায়িত কুমির ইউরোপে রপ্তানি করার ব্যাপারে আমরা খুবই আশাবাদী। এতে বাংলাদেশের আয় হবে ১ লাখ ডলার, যা দেশের কুমির ব্যবসায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।’ তিনি বলেন, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হাতিবার গ্রামে এই খামারটি অবস্থিত। এতে বর্তমানে ৮২৫টি লোনা পানির কুমির (বৈজ্ঞানিক নাম: ক্রোকোডিডিলাস পোরোসাস) রয়েছে। এর মধ্যে ৬৭টি বড় আকারের (১৪ ফুট দীর্ঘ) এবং বাকিগুলো ছোট ও মাঝারি। তিনি বলেন, এবছর প্রজনন মৌসুম (জুলাই থেকে সেপ্টেম্বর) শেষ হওয়ার পরে তাদের খামারের কুমির ৪১১ টি বাচ্চা প্রসব করে। গতবছর এ সংখ্যা ছিল ২৪০ টি এবং ২০০৭ সালে এ সংখ্যা ছিল ১৪০ টি।
কুমির ব্যবসার অভিজ্ঞতা বর্ণনা করে বিশ্ববিদ্যালয় ডিগ্রীধারী মুশতাক বলেন, ইউএনএইচসিআর-এর চাকরিসহ তিনি বিভিন্ন পেশায় কাজ করার চেষ্টা করেছেন। কিন্তু কোথাও স্থির হতে পারেননি।
তিনি বলেন, ‘আমি ভিন্ন ধরনের পেশা খুঁজতে থাকি এবং শেষ পর্যন্ত ভালুকায় বাণিজ্যিক ভিত্তিতে কুমির উৎপাদন খামারের উদ্যোগ নেই। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এ ধরনের প্রকল্প এটাই প্রথম।’ তারপর তিনি ফার্মাসিস্ট ও বর্তমানে আরএফএল-এর চেয়ারম্যান মেসবাহুল হকের সাথে যৌথভাবে হাতিবার গ্রামে ১৫ একর জমির উপর এই খামার তৈরি করেন। একদিকে মুশতাকের মেধা আর অন্যদিকে হকের আর্থিক বিনিয়োগ তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহায়তা করেছে।
এই দুই উদ্যোক্তার নতুন প্রয়াসে কারিগরি সহায়তা দিয়েছে সাউথ এশিয়ান এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট (এসইডিএফ) ও আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ইক্যুইটি এ্যান্ড এন্টারপ্রিনিউর ফান্ড ইউনিট। এছাড়াও সাউথইস্ট ব্যাংক লিমিটেড থেকে আরএফএল সহায়তা দেয়া হচ্ছে। তারা বাণিজ্যিকভাবে শংকর প্রজাতির কুমির চাষের জন্য মালয়েশিয়া থেকে ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ৭ থেকে ১২ ফুট দৈর্ঘ্যরে ৭৫টি কুমির ক্রয় করে। এর মধ্যে খামার প্রতিষ্ঠিত হওয়ার আগে ২০০৪ সালের অক্টোবরে ৮টি কুমির মারা যায়। মুশতাক বলেন, বছরে ৫ হাজার পিসেরও বেশি কুমিরের চামড়া রপ্তানি ও ২০১৫ সালের মধ্যে ৫০ লাখ ডলার আয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তারা এই খামার স্থাপন করেছেন। তিনি বলেন, ফ্রান্স, জার্মানী, ইতালী ও স্পেনসহ বিভিন্ন দেশ তাদের খামার থেকে কুমিরের চামড়া আমদানির ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে। আগামী দুই-তিন বছরের মধ্যে তাদের খামার ৫০০ কুমিরের চামড়া রপ্তানিতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মুশতাক বলেন, ইউরোপ, আমেরিকা ও অন্যান্য উন্নত দেশগুলোতে যেমন অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর এবং চীনে কুমিরের চামড়া, মাংস ও হাড়ের ব্যাপক চাহিদা রয়েছে। কুমিরের হাড় থেকে তৈরি ‘কাঠকয়লা’ বিশ্ব সুগন্ধি শিল্পের জন্য অপরিহার্য। এই চাহিদা পূরণের জন্য বাংলাদেশে আরো কুমির খামার স্থাপিত হতে পারে বলে তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি এ ধরনের বিরল ব্যবসায়িক উদ্যোগ স্থাপনের ক্ষেত্রে নীতিমালা তৈরির উপর জোর দেন। অন্যথায় দেশের চিংড়ি শিল্পের মত এর ভবিষ্যৎও ধ্বংস হয়ে যেতে পারে। তিনি আরো বলেন, ‘আমরা আশা করি এই খাতে আরো বিনিয়োগ করার আগে সরকার একটি ‘বৈদেশিক বন্যপ্রাণী খামারিকরণ নীতিমালা’ তৈরি করবে। এতে করে এই খাত থেকে দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা যাবে।’
মুশতাক বলেন, তাদের খামার কুমির প্রজননে অস্ট্রেলিয়ান মান অনুসরণ করছে এবং আইইউসিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দি কনসারভেশন অব নেচার এ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস) এবং সিআইটিইএস (কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেঞ্জারড স্পেসিস) এর মানদণ্ড পূরণ করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


