তোমরা ও আমরা
আজম মাহমুদ
১।
তোমার আর আমার বাবা
গল্পে মেতেছেন আজও
তাঁর বড় একটা স্বপ্ন, শহরে বাস করার
জমিটা বিক্রি করে অনেক টাকা হবে
খদ্দের পাওয়া গেছে-
কয়েকদিন পর হবে হস্তান্তর।
এদিকে ফুটো পকেট নিয়ে
আমার বাবা জিভের পানি
ফেলেন- 'খুব ফসলী জমি, আহা!'
২।
তুমি তোমার স্বপ্নের কথা শোনাও
অমুক ছেলে খুব শিক্ষিত-সব কিছু
আছে তার। কথা হয় নাকি তোমাদের-
মাঝে মাঝে। তুমি স্বপ্নেও দেখো!
আমি নড়বড়ে অর্ধভাঙ্গা ভাগ্যের
চৌকাঠ থেকে প্রচন্ড আফসোসে বলি-
'তুমি খুব ভালো মেয়ে। জানো; তোমাকে না...'
হঠাৎ ওঘরে মার হাত থেকে
পড়ে যাওয়া থালার শব্দে
থেমে যায় আমার কন্ঠ।
৩।
চিনেমাটির থালাটা বোধহয় ভেঙ্গেই যায় ...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


