একটা নিঃসঙ্গ রাত, অন্ধকার ও বন্ধুহীন
টিমটিমে ল্যাম্পপোস্ট আঁচড় কাটছে আঁধারের গায়
একাকী জেগে থাকা নির্ঘুম বিষণ্ন কোনো কবি
বিষণ্নতা অকারণ বিলাসিতা,
বিষণ্নতা সুখ কিংবা নেশা- অনেকটা মাদকের মত।
গাছের রহস্যময় শাখাপ্রশাখার আড়ালে
পাখিশাবকের ক্ষীণ অনুযোগ,
অপরিচিত এক নিরুদ্দেশ বালকের হেঁটে হেঁটে চলে যাওয়া
জীবনের ক্যানভাস রঙিন কিংবা সাদাকালো
হয়তো এ নাটকে কোনো দর্শক নেই,
জেনে বা না জেনে- সবাই অভিনেতা
কিংবা হয়তো সবাই দর্শক-
কোনো অন্ধকার জানালা দিয়ে
কেউ হয়তো বিষণ্ন কবির অভিনয়ও
বিমগ্ন, নির্ঘুম চেয়ে চেয়ে দেখে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


