তুমি এখোন হৃদরোগী হয়ে কাতর
যন্ত্রতাড়িত বিছানায় শয্যা নিয়েছ
অসংখ্য বৈদ্যুতিক ক্যাবল ঝুলে আছে
আর আমি একঠায় দাঁড়িয়ে আছি করিডোরে
হাতে মোবাইল অনবরত রিংটোন বাজলেও
তা শুনতে পাচ্ছি না।
জানালার পাশ গলে বোশেখের বিকেলী রোদ
বিনা পয়সায় ফেরি করছে তোমার গ্রীবা, ঠোট,
এলোমেলো কেশ আর বুকের উপরে
বৈদ্যুতিক পাখার শীতল বাতাস
বিকেলের তপ্ত হাওয়ার কিছুই নোয়াতে পারেনা
কেবলমাত্র নিষ্ফল আবেদন বিলি করে।
তুমি অজানা শঙ্কায় অপলক চেয়ে আছো
আর আমি তোমার রোগ মুক্তির প্রহর গুনছি
এ যেন অনাদিকালের যাত্রা। আর আমি একমাত্র
পথভ্রষ্ট নাবিক ধ্রুবতারার দিকে চেয়ে আছি।
সার্জিক্যাল কাঁচি ব্যবচ্ছেদ করছে তোমার তুলতুলে
নরম শরীর, শিরা, উপশিরা, হৃদপিণ্ড
সুঁই সুতো যাচ্ছেতাই প্রেমের গাঁথুনি বুনে চলে।
ক্যামেরা তোমার হৃদপিণ্ডে টপাটপ বার কয়েক
নগ্ন চুমু দিয়ে ফিরে আসে।
যেখানে আমার পৌঁছানো সাধ্যের অতীত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


