প্রতিভাবানরা একটু 'পাগল'ই হন !
ভার্জিনিয়া উলফ, জন কিটস, এমিলি ডিকেন্স, অ্যাডগার এলেন পো, ভিনসেন্ট ভ্যান গঘের মতো বিশ্বখ্যাত কবি-সাহিত্যিক-চিত্রশিল্পীরা সবাই আসলে 'পাগল' ছিলেন। এ কথা হয়তো আপনাদের অনেকেরই বিশ্বাস হচ্ছে না। কিন্তু ওয়ার্ল্ড সায়েন্স ফেস্টিভ্যালে গবেষকরা সম্প্রতি জানিয়েছেন, জিনিয়াস বা প্রতিভাবান কিংবা ক্রিয়েটিভ বা সৃষ্টিশীলের সঙ্গে ম্যাডনেস বা পাগলামির এক নিবিড় সম্পর্ক রয়েছে।
একই সঙ্গে গবেষকরা বলছেন, সৃষ্টিশীল ও জ্ঞানী মানুষের চরিত্রের সঙ্গে সিজোফ্রেনিয়া ও বাইপোলার ডিজঅর্ডারের (হঠাত্ করেই অধিক আনন্দ-উচ্ছ্বাস আবার একটু পরেই অবসাদগ্রস্ত হয়ে যাওয়া) গভীর যোগসূত্র রয়েছে। এসব মানুষের চরিত্রের সঙ্গে কিছু পাগলামির বৈশিষ্ট্য জড়িয়ে থাকে। কিন্তু কেন এবং কিভাবে দুইয়ের মধ্যে এই যোগসূত্র রচিত হয়, তা জানতে বিজ্ঞানীদের একটি দল বেশ কিছুদিন গবেষণা চালায়।
নিউ ইয়র্কে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সায়েন্স ফেস্টিভ্যালে সৃষ্টিশীলতা বা প্রতিভার সঙ্গে মানসিক রোগ বা পাগলামির সম্পর্ক বিষয়ে অন্তত ২০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।
জন হপকিন্স স্কুল অব মেডিসিনের বিশেষজ্ঞ কে রেডফিল্ড জেমিসন জানান, তিনি নিজেও যৌবনে বাইপোলার ডিজঅর্ডারে ভুগেছেন বেশ কিছুদিন। তাঁরা সুইডেনের ১৬ বছর বয়সী এক কিশোরের ওপর গবেষণা করে দেখেছেন, অতিরিক্ত বুদ্ধিসম্পন্ন শিশু-কিশোররা বেশির ভাগ ক্ষেত্রেই বড় হয়ে মানসিক ভারসাম্যহারা হয়ে থাকে। তিনি বলেন, 'মানুষের জীবনে ১৬ বছর বয়সটা একটা টার্নিং পয়েন্ট। এই সময় অতিক্রম করেই অনেকের মধ্যে বাইপোলার ডিজঅর্ডারের লক্ষণ প্রকাশ পেতে থাকে।'
এক গবেষণা প্রবন্ধে বলা হয়, চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ ও লেখক জ্যাক কেরুয়াক দুজনই অসাধারণ প্রতিভাবান ও সৃষ্টিশীল কিন্তু তাঁদের চরিত্রে নিজেকে ধ্বংসের বা নিজের ওপর অত্যাচারের কিছু বৈশিষ্ট্য ছিল। কিন্তু কেন এই বৈশিষ্ট্য মানুষের মধ্যে খেলা করে তা অবশ্য স্পষ্ট করে জানাতে পারেননি গবেষকরা।
ফেস্টিভ্যালে গবেষকরা বলছেন, তাঁদের ধারণা 'নিপীড়নপ্রিয় প্রতিভাবান' ও 'পাগলামিপ্রিয় বিজ্ঞানীরা' সম্ভবত রামান্টিকতায় আচ্ছন্ন থাকেন।
এ ফেস্টিভ্যালে স্নায়ুবিজ্ঞানী, মনোবিজ্ঞানী ও মানসিক স্বাস্থ্য বিষয়ের অধ্যাপকরা নিজ নিজ অভিজ্ঞতার আলোকে মানসিক অসুখের কারণ ও করণীয় বিষয়ে বিস্তর আলোচনা করেন। একই সঙ্গে মানসিক অসুখের সঙ্গে সৃষ্টিশীলতা ও বুদ্ধিবৃত্তির সম্পর্ক বিষয়ে উপস্থিত দর্শকদের সঙ্গে মতবিনিময় করেন।
সূত্র : ডেইলি মেইল অনলাইন ; সম্পাদনা : আর্টস থেরাপি ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১২ রাত ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



