জীবনটা হচ্ছে মানিয়ে চলার খেলা। সবার সাথে মানিয়ে নাও। তুমি মানিয়ে নিতে পারলে না, তো পিছিয়ে যাও। কিন্তু এই মানিয়ে নেওয়ার খেলায় সবার জন্য প্লেয়িং ফিল্ড সমান হয় না। কেউ তালগাছ হাতে নিয়ে বলবে তালগাছটা আমার। তুমি মেনে নাও। তখন হয়তো তালগাছ নিয়ে কুরুক্ষেত্র বেধে যাবে।
-কী! তালগাছটা তোমার? কক্ষনোই নয়। এটা আমার বৈবাহিক সূত্রে পাওয়া সম্পত্তি।
-অসম্ভব! এ হতেই পারে না। তালগাছ অবশ্যই আমার পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি।
-উহু, তোমার বাবা এ তালগাছটা লাগান নি। তিনি আরেকজনের কাছ থেকে ছিনিয়ে এনেছেন।
-হুমম, আমারও জানা আছে তোমার স্বামী এ তালগাছটাই ডাকাতি করে নিয়ে গেছেন।
-তোমার বাবাকে তালগাছের জনক বলে গ্রামবাসী মানে না। তাই তালগাছ তোমার হতে পারে না।
-তোমার স্বামীকেও তো কেউ তালগাছের মালিক বলে মনে করে না। তুমি পুরো গ্রামবাসীকে জিজ্ঞেস করে দেখ?
-দেখ, তালগাছ আমার। এটা উত্তরাধিকার সূত্রে আমার সম্পত্তি। এর তাল আমি খাব। আমার উত্তরসূরিরা খাবে। আমার অনুসারীরা খাবে। গ্রামবাসীকে আমি কেন জিজ্ঞেস করতে যাব?
-দাঁড়াও! তোমাকে আমি তালগাছ খাওয়াচ্ছি! দা, কাঁচি নিয়ে আমি তালগাছের ডালপালা সব ছেঁটে দেবো।
-কী! এতবড় দুঃসাহস! আমি লগি বৈঠা দিয়ে তোমার হাত পা থেতলে দেবো। তালগাছের গায়ে হাত দিলে তোমার আর রক্ষা নাই।
-আমাকে ভয় দেখিও না। আমি কোনো কিছুতে আপোষ করি না। গ্রামবাসী সবাই আমাকে ডাকে আপোষহীন বধু। আমার তালগাছ আমার। এ ব্যাপারে আমি সম্পূর্ণ আপোষহীন। আমি গ্রামবাসীকে নিয়ে পিটিয়ে তোমাকে গ্রামছাড়া করবো।
-ওও, আমাকে ভয় দেখনো হচ্ছে। তুমি আপোষহীন হলে আমি আন্দোলনে তুলনাহীন। এর আগেরবার যখন আমার বাবার লাগানো তালগাছ জোর করে দখল করে খাচ্ছিলে গ্রামবাসীকে নিয়ে তোমাকে উচ্ছেদ করেছিলাম, সে কথা মনে নেই?
-বেশ বেশ! সেই গ্রামবাসীকে নিয়েই তো তোমাকে আমিও উচ্ছেদ করেছিলাম। এই গ্রামবাসী আমার পক্ষে এবং এই তালগাছের পক্ষে।
-আরে যাহ! বললেই হলো। সব গ্রামবাসী আমার পক্ষে। এরা সবাই আমার বাবার লাগানো তাল খেয়েছে। কচি শাঁস খেয়েছে। তালের রস দিয়ে পিঠা বানিয়ে খেয়েছে। গ্রামে ষোলশ মানুষ আছে। সবাইকে জিজ্ঞেস করে দেখ।
-এই ষোলশ গ্রামবাসীর প্রত্যেকেই আমার স্বামীর কথা বলবে। তাঁর নিজ হাতে পরিচর্যা করা এই তালগাছের প্রতিটি ডাল-পাতা তাঁর জয়গান গাইবে। সুতরাং আমি এর দখল ছাড়তে পারি না কোনোমতেই।
-ঠিক আছে! সব গ্রামবাসীই যদি তোমার পক্ষে হয় তাহলে ডাকো সব গ্রামবাসীকে। তালগাছটা আমি আমার হাতেই রাখলাম।
-এই যদি তোমার মনে ছিল, ঠিক আছে আমিও দেখে নেবো। আমি পুরো গ্রাম ঘেরাও করে রাখবো। তালগাছের চারদিকে হরতাল বসাব। তুমি তালগাছের একটা ডাল-পাতা নিয়েও বেরুতে পারবে না।
-ঠিক আছে। তোমার যা খুশী কর। আমি তালগাছের চারিদিকে বন্ধুকধারী পাহারা বসাব। তালগাছের কাছে ধারে কেউ ভিড়তে পারবে না। সামনে এগুলেই ঠুস!
-তোমার বন্দুক আছে, আমাকে তুমি বন্ধুকের ভয় দেখাচ্ছ। আমার গ্রামের সীমানা দিয়ে তুমি কিভাবে বেরোও তা আমি দেখে নেবো। গ্রামবাসীকে বলে দিয়েছি সবাই দা-কোদাল নিয়ে রেডি থাকবে। সামনে আসলেই ঘ্যাচাং!
-তালগাছের দখল নিয়েছি। প্রয়োজনে তালগাছের মাথায় চড়ে লাফ দিয়ে অন্য গ্রামে চলে যাবো। তবুও আমি এর মালিকানা ছাড়বো না।
-মালিকানা কিভাবে ছাড়াতে হয় তা আমার জানা আছে। আমার স্বামীর স্বপ্নের এ তালগাছ আমি দখলে নিয়েই ছাড়বো। তাতে গ্রামবাসী সবাই শহীদ হোক, তাও কবুল।
-আরে যাহ্! তালগাছের মালিকানা রক্ষায় সমস্ত গ্রামবাসী একাট্টা। তারা আমার পক্ষেই আছে। প্রয়োজনে সবাই জান কোরবান করবে তবুও মান কোরবান করবে না। তাই তালগাছ আমার।
-না তালগাছ আমার।
-না তালগাছ আমার।
-না তালগাছ আমার।
-না তালগাছ আমার।
........................
........................
-তালগাছ আমার
-তালগাছ আমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


