আমরা সাজাই পদ্য।
অনবদ্য
গদ্যের দিনে।
তোমাদের উঠোনে একরাশ ছেঁড়া পালকের মতো
আমাদের পংক্তি গুলো ইত:স্তত।
জীবনের সব লঘু বোধ ভালবেসে
চলে গেছো মুগ্ধতা গল্পের দেশে।
আপনার হৃদ্জয়ী আপনি কায়া
নিজেরে হারায়ে খোঁজ নিজেরি ছায়া।
একখানি কাশফুল, একখানি মেঘ
জীবনে জাগিয়ে রেখো একটু আবেগ।
হাওয়ায় হাওয়ায় ওড়ে পাল্কি সময়
নেচো তার তালে তবু নর্তকী নয়।
একটি রক্তজবা, হারানো গোলাপ
ভীষণ জ্বরের ঘোরে অজস্র প্রলাপ
নিজেরে হারানো সেই স্বপ্নের রোদ
উঠোনেএক চিলতে মিথ্যে প্রবোধ।
জানালার কাঁচে যদি সরসী শ্রাবণ
একফোঁটা রাখে তার মায়া বন্ধন
দিও না মুছে তারে ভেজা আয়নায়
একদিন ঠিক ঠিক যদি চেনা যায়।
একটি পাখির ডাকেএকটি সকাল
ভীষণ স্নেহে ধরে দিবসের হাল
হৃদয়ের দাবি যদি দখিন হাওয়া
একদিন ভরে যাবে চাঁদ আধ-খাওয়া
নতুন ছন্দে তখন দুনিয়া তাবৎ
হবে নীল জোছনায় কবিতাবৎ
একদিন এইসব স্বপ্নেরা যদি
পার হয়ে আসে সেই ঘোর অমানদী
জীবনের সুখগুলো উৎসুক হেসে
গল্পেরা ঠাঁই নেবে কবিতার দেশে।
খুলনা
আগস্ট ০৯, ২০১২।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


