এই বুড়ির বয়েস অনেক, শত ছুঁই ছুঁই
ছেলেমেয়ে নাতি পুতি, তিন কুড়ি দুই।
সংসার টেনে বুড়ি জ্বলে পুড়ে ছাই
যা ছিল আদরের দিয়ে দিত তাই
দিতে দিতে বুড়িটার সব হলো সারা
কেউ নেই তারপাশে কই গেল তারা?
যেদিকে তাকায় বুড়ি ধূ ধূ বালুচর
সবশেষে আছে তার ভাঙ্গাচুড়া ঘর।
ক্ষুধা নিয়ে চুপচাপ পড়ে থাকে বুড়ি
দুইবেলা পানি খায় একবেলা মুড়ি।
যেই হাতে মুঠি মুঠি বিলিয়েছে সুখ
সেই হাতে ভিক্ষা? কেঁপে উঠে বুক
বাদামের বল নিয়ে ফেরি করে পথে
তাই দিয়ে বুড়িটা চলে কোনোমতে।
অতীতের সুখ-দুখ পেছনে ফেলে
জীবন চলে না তবু চালায় ঠেলে।
কুঁজোবুড়ি ফেরি করে রাস্তায় বাসে
কোন কথা বললেই কাঁদে আর হাসে!

সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



