অন্ধ মায়ের চোখের আলো ফিরিয়ে দিবে কেরে
কিশোর ছেলের দুঃখ ব্যথা স্বপ্ন হয়ে ফেরে।
চাঁদের আলো জোছনা কি ভাই দেবে তোমার আলো?
সুয্যি মামা রোদের কণা দিলেই হতো ভালো।
কেউ দিল না কেউ দিল না ফিরে এলাম শেষে
অন্ধকারে জোনাক পোকা উঠল তখন হেসে।
ছুটে গেলাম বনের ধারে জোনাক পোকার কাছে
আলো জ্বেলে উড়ে উড়ে উঠল পোকা গাছে।
ভাইটি আমার একটু আলো দেসনা আমার মাকে
দেখ না চেয়ে অন্ধ মা-টি ঘরের কোনায় থাকে।
চোখের আলো দিলে আমায় দেখতো পরাণ ভরে
দেসনারে ভাই একটু আলো যাই নিয়ে আজ ঘরে।
আমার হাতে একটু আলো দিল জোনাক পোকা
সেই আলোতে দৃষ্টি পেয়ে ডাক দিল মা, খোকা।
জোনাকপোকার আলোয় যখন মায়ের ভুবন ভরা
আলো আলো আলো আমার আলোয় বসুন্ধরা।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



