অলস দুপুরে কলিং বেলের শব্দ।দরজা খুলে দেখি আমার এক আত্মীয়...পরিবার নিয়ে এসেছেন গ্রাম থেকে।হাসিমুখে বসতে দিলাম।তিনটা বাচ্চা,বড় ছেলেটা ফাইভে পড়ে,মেঝ মেয়ে কেবল স্কুলে যায় আর ছোট ছেলেটা একদম পিচ্চি।শুনেছিলাম বাচ্চাগুলো নাকি ভারি দুষ্টু।ব্যপার না।এর আগেও অনেক পিচ্চিকে সামলিয়েছি।দ্রুত আমার ঘরে গিয়ে কিছু জিনিস ওদের হাতের নাগালের বাইরে,মানে আলমারির উপর তুলে রাখলাম।
পেছনে ফিরে দেখি ওরা এন্ট্রি মারছে। বড়জন এসেই বিছানা দখল করে ঘুম দিল।ওর নাকি খুব ক্লান্ত লাগছে।ভাবলাম,একটা ঘায়েল।রইল বাকি দুই।মেঝটা এসেই আমার ছোট বোনকে একটা ঘুষি দিল!আজিব তো! ভাব জমানোর জন্যে জিজ্ঞেস করলাম আজ কোথায় ঘুরেছে।ও বলল “চিড়িয়াখানায় গিয়েছিলাম...একটা ছাগল দেখেছি ঠিক তোমার মতন...” বলেই হা হা হা হাসতে লাগল,সাথে ছোটটাও। আমি কিংকর্তব্যবিমূঢ় !
এবার দুই ভাই বোন মিলে বারান্দায় গেল,পিছে পিছে আমি।প্রথমেই ফুলগাছে আক্রমণ।
-হলুদ ফুলটা আমাকে দিবা?
আমি বললাম
-না,ফুল ছিড়লে গাছ ব্যথা পায়।
এক লাফে রেলিং এর উপর উঠে বলল,
-এখান থেকে লাফ দিতে পারবা?
-না,লাফ দিলে আমি মরে যাব।
-ধুর,তুমি তো কিসুই পারনা... ছাকিব খান রে চিন?সে আরো উচু থেকে লাফ মারতে পারে।
এরপর সে শাকিব খানের কিছু সংলাপ অভিনয় করে দেখাল।
জীবনে অনেক কিসিমের বাচ্চা দেখেছি কিন্তু এমন বিচ্ছু কিসিমের বাচ্চা আর দেখিনি।কিছু বুঝে উঠার আগেই আমার ঘরে ফেরত এল এবং খাটের তলা থেকে ভুভুজেলাটা বের করে নিল।আর যায় কোথা?? শব্দকল্পদ্রুম...আপনারা বুঝে নিন !
ছোটটাও কম যায় না। আমার বোনের সাধের তীর ধনুক দেয়াল থেকে পেড়ে নিল, বলল, এটা আমাকে দাও না!!ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, এই ফাঁকে মেয়েটা খাটের কাঠের উপর এক পা দিয়ে দাঁড়াল,আলমারির উপরে সবকিছু এখন ওর নাগালে।আমি প্রমাদ গুনলাম। প্রথমেই বের করল কানের দুলের বাক্স। ওটা ঘাঁটাঘাঁটি করে একটা বেছে নিল,
-এটা আমাকে দিবা?
এবার নুপুরের বাক্স।রূপারটাই পছন্দ করল,
-এটা আমাকে দিবা?
এবার মোবাইল ধরল,এক পলকে আনলকও করে ফেলল।ছিনিয়ে নিতে বাধ্য হলাম।অনেক সয়েছি,আর নয়।মিনমিনিয়ে বললাম,
-এই এসব ধরোনা।
কাজ হল না।আমার ঈদের মালাটা বের করে বলল
-এটা পরো তো।
আমি পরলাম,সাথে সাথে অট্টহাসি হেসে বলল,
-এহ,কেমন বান্দরের মত দেখা যায়!
বুঝলাম,ওদের চোখে চিড়িয়াখানার দৃশ্যকল্প মোছেনি এখনো ! রাগে পিত্তি জ্বলে যাচ্ছিল। এবার আমার ক্রীম হাতানো শুরু হল।ponds এর একটা কৌটা বাগিয়ে বলল,
-ও, বোটানিক এরোমা?আম্মুরও আছে !
এবার খাবার ঘরে গেল।এক পলকে ফ্রীজের দরজা খুলে ফেলল। আমার বোন বলল,
-এই ধরোনা! শক খাবা !
-শক কি? আমি খাব!
অসহ্য লাগছিল সব।এর মধ্যে আব্বু এল।আব্বুর সামনে গিয়ে বলল,
-জামা টা একটু খুলে দাও তো, বাথরুমে যাব !
পাগল হয়ে যাচ্ছিলাম এদের সামলাতে গিয়ে। এমন সময় আম্মু এল,বলল
-প্রতীতি,তোমার না পরীক্ষা সামনে?এখানে কি,হ্যা? যাও পড়তে বস।নইলে লাঠি দিয়ে মারব !
একদৌড়ে ঘরের দরজা বন্ধ করে টেবিলে বসলাম।জীবনেও আম্মুর বকা এত মধুর লাগেনি আমার কাছে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


