
ছবিঃ সংগৃহীত
আলস্যতা খামছে ধরেছে আমার দুটি পা
তৃষ্ণার্ত রাত্রি ভর করেছে আমার শরীর, মনে
কিন্তু, আমাকে চলতে হচ্ছে ঘর্মাক্ত, ক্লান্ত দেহে।
কলম হয়ে জন্মেছি বলে আমাকে নিদ্রাহীন
হয়ে একরোখা কবির স্বভাবজাত প্রসূত চিন্তার
প্রসবনে চালিত হতে হচ্ছে। এ কি ঠিক?
শিশুমন কলুষিত করার জন্যে সরকার হিন্দু ও
প্রগতিশীল লেখকদের লেখা মুছে দিচ্ছে বই থেকে।
আচ্ছা, শিল্প-সাহিত্যের কি জাত থাকে? শিল্পী, কবি,
সাহিত্যিক এরা কি কোনো ধর্মীয় বেড়া মানে?
প্রাণহীন হয়ে এ কথাটা আমিই জানি। অথচ
রাষ্ট্রনায়ক জানেন না। সত্যি ভাববার আছে।
বিশ্ব আগাচ্ছে উদ্ভাবনের দোলাচলে,
সত্য অন্বেষণের স্রোতে, অথচ এদেশে
এখনো ধর্ম নিয়ে, জাতপাত, বর্ণ নিয়ে
মাতামাতি। আমার এসব খুব অপছন্দের!
কলম হতে পারি, তাই বলে কি মন নেই?
আমার ফুল, প্রকৃতি, প্রেমের রসালো শব্দ
লিখতে ইচ্ছে করে। কিন্তু একগুঁয়ে কবি
এসব লিখে না। লিখে সব বোধের কথা।
যেখানে বিবেক নেই, সেখানে বোধের কি বালাই?
প্রেমিক-প্রেমিকার প্রেমালাপ, শব্দময় চুম্বন
সহবাসের আনন্দ, এসব আমার পছন্দের।
কিন্তু আমি তো বধির, বিকল, আমার চলার
শক্তি নেই। তাই তো নির্ভর করি সুদিনের অপেক্ষায়।
হয়তো মুক্তবুদ্ধির চর্চা হলে আমার কবি এসব লিখবে!!
বিনয় দত্ত
কথাসাহিত্যিক, নাট্যকার ও গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


