
যতবার ভালবাসার কথা ভাবি, ততবার
সামনে এসে দাঁড়ায় বিস্ময়বোধ!
আশ্চর্য অনুভবে তখন যাই আমি করি
সব ঝরাপাতার সঙ্গীত হয়ে ওঠে,
নরম আর করুণ
করুণ আর আর্তিময়।
অন্তরীক্ষে ক্ষয়ে ক্ষয়ে
সব মায়াবী স্পর্শগুলো
সমর্পিত হয় আঁধারের সীমানায়,
যেন বেদনার উপাখ্যানেই
হৃদয়ের মন্থন।
এভাবেই কত ভালবাসার
মৃত্যু হয় উপেক্ষার উপবাসে,
এভাবেই কত ভালবাসা
সােনালি শিশির হয়
দিকশূন্য পরবাসে।
তবু হৃদয় ভালবাসায়
জড়ায়, ভালবাসায় জ্বলে।
তবুও জলের মতো, হৃদয়ে ভালবাসার
বুদবুদ ওঠে অহরহ, ভুলে কি অভুলে।
তারপর, তবুও হৃদয় আর্তবিহ্বলতায়
সুখের আর্দ্রতা খুঁজে নিতে চায় এই বলে......
আজ ভুলে গেছি আত্মবেদন
আজ ভুলে গেছি অন্তর্দহণ
আজ ভুলে গেছি হৃদয়ের সব দুঃখভার
আজ ভুলে গেছি ভালবাসা, প্রেম আর হাহাকার।
তবু হৃদয় ভালবাসার দুয়ারে মাথা খুটে মরে বারবার!!
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



