পরীরা উড়ে বেড়ালে আমরাই হবো আকাশচারী..
১
আমি অনেকদিন পর একটু একটু করে আলো দেখছি
আর পাশ কাটাচ্ছি তার উজ্জল মুখ
আলো হয়ে আছে
পুরো টাঙ্গয়ার হাওর -
হিজল তলায় যেন দু'একটা মাছরাঙ্গা
ক্রমাগত নাব্যতা পাচ্ছে মরা স্রোত,
ক্রমাগত স্পন্দনে একাকী কৈশোর
তবুও হাওড়গুলো এফোঁড় ওফোঁড় করে ফেলি, একটা একটা মাছ তুলে আনি
একটা একটা শৈবাল আঁকতে আঁকতে দুজনে
হেসে ফেলি,
অভিমানী সে বলে "বাবা, তুমি না আজকাল সবই ভুলে যাও। "
কী করে বোঝাই সব তো ভুলি না, ভুলে যায় আমার নক্ষত্র, সরে যায় অন্যত্র
ক্রমশঃ পাখি উড়ে গেলে জানালাও
২
অনেকদিন পর, পর পর কিছু ঘটে গেলে
আমি আর সে, স্মিতহাস্যে বলেছি - বলেছি কথা
এবার না হয় অন্যবার
বছর শেষ হলে আরেকটা বছর এবং সবশেষে এবারও না
তার হাসিতে প্রায় অনুযোগ আর কখনও ; হয়তো কৈশোর ছেড়ে যাবে লাবণ্যে
তবুও সে হাসত আর প্রায়ই চুপচাপ
এবার তো বলেই ফেলে, "বাবা এবার আমরা কিন্তু জাফলং যাবো,
সিলেট চা বাগান আর খাসিয়া পল্লীতে পানের বরাজ।"
সেবার তুমি তো একাই গেলে, এবার কিন্তু ছাড়ছি না
কিংবা
"ঢাকায় ফ্যান্টাসীতে ঘুরে বেড়াবো, আর সেই চিড়িয়াখানায় অনেক অনেক
বেড়াবো, কী মজা -
তার পর শুক্লপক্ষ শেষ হলে
চাঁদ দেখে বলি, আগামী পূর্ণিমায় আকাশে পরীরা উড়ে বেড়ালে
আমরাই হবো আকাশচারী..
৩
আমাদের বহুদিন স্বপ্ন দেখা হয়নি, সে জানে - আমিও কিছুটা
অতঃপর গল্প শুরু, কখনো কুইজ আর ধাঁধা।
ওকে তো বলা যায় না
ধাঁধাগুলো কখনই আমার হয় না, কবিতাও তবুও পাতা উল্টাই
উল্টানো পাতায় মাঝে মাঝে ঘুরে বেড়াই
অনিশ্চিত কার্টুনচিত্রে দেখি তেলাপোকা হাঁটতে থাকে
হাঁটতে হাঁটতে
কোন একদিন স্বপ্ন গুলো সাদা হবে কিংবা রঙ্গিন প্রজাপতি উড়লেই
ছুঁয়ে দেবে সব কিছু...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


