
আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার যে বাজেট দিচ্ছে, তার একটি বড় অংশ নাকি বেকার তৈরির পেছনে ব্যয় হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে অপ্রয়োজনীয় বিভাগ খোলা বন্ধ করতে হবে। শ্রমবাজারে চাহিদা নেই, এমন বিভাগ চালু রাখারও কোনো মানে নেই।
তিনি আরও বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জানতে চেয়েছিলেন, আগামী পাঁচ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয় কতটা বেকারত্ব কমাতে পারবে। কিন্তু নয় মাস পার হয়ে গেলেও উপাচার্য তাঁকে কোনো পরিকল্পনা দিতে পারেননি। এ নিয়ে শিক্ষামন্ত্রী হতাশাও প্রকাশ করেছেন। কিন্তু উপাচার্য সাহেব আসলে কীভাবে এই পরিকল্পনা তৈরি করবেন?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কয়জন জানেন, তাঁদের বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা কোথায় চাকরি করছেন, কতজন চাকরি পাচ্ছেন, চাকরি পেতে কত বছর সময় লাগছে কিংবা কতজন বেকার থাকছেন? অধিকাংশ বিভাগের শিক্ষকদের কাছেই এসব বিষয়ে নির্ভরযোগ্য তথ্য নেই। অথচ শিক্ষামন্ত্রী এমন একটি হিসাব চাইছেন, যেটি তৈরি করার মতো ব্যবস্থাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে নেই।
নিজের একটি অভিজ্ঞতার কথা বলি। ইন্টারমিডিয়েটে পড়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ভাইয়ার কাছে পদার্থবিজ্ঞান পড়তাম। সেই ভাইয়া এখন চট্টগ্রামের একটি সরকারি কলেজে পদার্থবিজ্ঞানের শিক্ষক। তাঁর মাসিক আয় দুই লাখ টাকার কম হবে না। ব্যাচ পড়িয়ে বেশ ভালো আয় করছেন। নিজের ক্যাডার হওয়াকে তিনি বেশ উপভোগ করতেন।
ফেসবুকে প্রায়ই নিজের ছবি পোস্ট করতেন, সঙ্গে লিখতেন ‘আলহামদুলিল্লাহ ফর এভরিথিং’। অবশ্যই বিসিএস শিক্ষা ক্যাডারে সুযোগ পাওয়া আনন্দের বিষয়। তিনি ভালো ছাত্র ছিলেন, এতে সন্দেহ নেই। কিন্তু শিক্ষক হিসেবে তাঁর পড়ানোর আগ্রহ ও দায়িত্ববোধ নিয়ে আমার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না।
একবার তাঁকে জিজ্ঞেস করেছিলাম, স্যার, আপনি তো নিয়মিত নিজের ছবি পোস্ট করেন, কিন্তু আপনার বিভাগের শিক্ষার্থীদের সফলতা নিয়ে কখনো কিছু পোস্ট করেন না কেন? আপনার বিভাগ থেকে পাস করা কতজন চাকরি পাচ্ছে, কে কোথায় যাচ্ছে কিংবা পাস করার কতদিন পর চাকরি পাচ্ছে, এসব নিয়ে কখনো কিছু বলেন না কেন?
তিনি সরাসরি উত্তর দিয়েছিলেন, এসব জেনে তোমার কী লাভ? কেউ না কেউ তো কিছু একটা করছে। আমি আবার জিজ্ঞেস করেছিলাম, স্যার, পাস করার দুই বছরের মধ্যে কেউ কি আপনাকে মিষ্টি খাওয়াতে এসেছিল চাকরি পেয়ে? তিনি বলেছিলেন, মনে নেই।
এটি একজন শিক্ষকের সঙ্গে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। তাঁর মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক কিংবা বিসিএস শিক্ষা ক্যাডারের সব শিক্ষক এমন, আমি তা বলছি না। তবে শিক্ষামন্ত্রী যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঁচ বছরের কর্মসংস্থান পরিকল্পনা চাইছেন এবং উপাচার্য তা দিতে পারছেন না, তখন আমার সেই পুরোনো ঘটনার কথা মনে পড়ে গেল।
আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা পাস করার পর কোথায় যাচ্ছে, কী করছে, কতদিনের মধ্যে কর্মসংস্থানে যুক্ত হচ্ছে, এসব তথ্য রাখার সংস্কৃতিই গড়ে ওঠেনি। তাহলে হঠাৎ করে উপাচার্যের কাছে পাঁচ বছরের বেকারত্ব কমানোর হিসাব চেয়ে লাভ কী?
আরেকটি বিষয় শিক্ষামন্ত্রী সম্ভবত বিবেচনায় নিচ্ছেন না। বিশ্ববিদ্যালয় শিক্ষিত ও দক্ষ জনশক্তি তৈরি করতে পারে, কিন্তু চাকরি তৈরি করতে পারে না। একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর কেউ সরকারি চাকরি পান, কেউ বেসরকারি চাকরি করেন, কেউ ব্যবসা শুরু করেন, কেউ উচ্চশিক্ষার জন্য বিদেশে যান। আবার কেউ চাকরির বাজারে প্রবেশই করেন না। এসবের সবকিছু বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে নেই। দেশে কতটা বিনিয়োগ হচ্ছে, নতুন শিল্পকারখানা তৈরি হচ্ছে কি না, বেসরকারি খাত কতটা সম্প্রসারিত হচ্ছে, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে কি না, এসবের ওপরই চাকরির বাজার নির্ভর করে।
তাহলে বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বলার আগে সরকার নিজের দায়িত্বের হিসাব দেবে না কেন? আগামী পাঁচ বছরে কত নতুন শিল্পকারখানা তৈরি হবে? বেসরকারি বিনিয়োগ কতটা বাড়বে? শিল্পপ্রতিষ্ঠানগুলো কত নতুন কর্মসংস্থান তৈরি করবে? গবেষণা ও উদ্ভাবনে তারা কত টাকা বিনিয়োগ করবে? এসব বিষয়ে সরকারের কোনো লক্ষ্য আছে? বিশ্ববিদ্যালয় যদি প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী তৈরি করে, কিন্তু অর্থনীতিতে তাঁদের কাজের সুযোগ তৈরি না হয়, তাহলে সব দায় বিশ্ববিদ্যালয়ের ওপর চাপিয়ে দেওয়া কতটা যৌক্তিক?
এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয়টি একটু অন্যভাবে দেখা যাক। বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখন ষাটের বেশি। এসব বিশ্ববিদ্যালয় থেকে পাস করা সব শিক্ষার্থী কি সরকারি চাকরি পান? পান না। তাঁদের একটি অংশ বেসরকারি চাকরিতে যান, কেউ ব্যবসা করেন, কেউ উচ্চশিক্ষার জন্য বিদেশে যান। আবার অনেকেই শিক্ষকতা পেশায় যুক্ত হন। তাঁরা বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয় শুধু চাকরির বাজারের জন্য জনশক্তি তৈরি করে না, অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শিক্ষকও তৈরি করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে দেশের বিভিন্ন বড় ও নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীরা শিক্ষকতা করেন। তাঁদের অনেকে বিসিএস শিক্ষা ক্যাডারের মাধ্যমে নিয়োগ পান। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজব্যবস্থা, শিক্ষার্থীসংখ্যা এবং শিক্ষকতার চাকরির বাজারের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয় বা কোর্স বন্ধ করার প্রভাব শুধু ওই বিষয়ের শিক্ষার্থীদের ওপর পড়বে না, বৃহত্তর শিক্ষকতা ও উচ্চশিক্ষার ব্যবস্থার ওপরও পড়তে পারে।
অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু নিজের শিক্ষার্থীদের ডিগ্রি দিচ্ছে না, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের শিক্ষকতা করার একটি বড় কর্মক্ষেত্রও তৈরি করে রেখেছে। অবশ্য বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীসংখ্যার ওপর নির্ভর করে না। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত কলেজব্যবস্থাকে বাদ দিয়ে দেশের শিক্ষকতার চাকরির বাজারের বাস্তবতা বোঝা সম্ভব নয়।
শিক্ষামন্ত্রী যে অপ্রয়োজনীয় বিভাগ বন্ধ করার কথা বলছেন, সেটি বাস্তবে কীভাবে করবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি বিভাগকে যদি আজ অপ্রয়োজনীয় ঘোষণা করা হয়, সেই বিভাগের শিক্ষকরা কি সহজে তা মেনে নেবেন? শিক্ষার্থীরা কি মেনে নেবে? বিভাগটির সঙ্গে যুক্ত শিক্ষক, কর্মচারী, গবেষণা ও প্রশাসনিক কাঠামোর কী হবে? এসব কি এক দিনে বন্ধ করা সম্ভব?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোনো কলেজে একটি বিভাগে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দিলে কলেজ কর্তৃপক্ষ কি সহজে তা মেনে নেবে? শিক্ষার্থী ভর্তি হলে কলেজের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা থাকে। শিক্ষক নিয়োগ, পদোন্নতি এবং বিভাগ চালু রাখার সঙ্গেও নানা স্বার্থ জড়িয়ে আছে। ফলে কোনো বিভাগ অপ্রয়োজনীয় হলেও সেটি বন্ধ করতে গেলে প্রতিষ্ঠানের ভেতর থেকেই বাধা আসতে পারে।
এখানে শুধু শিক্ষার্থীদের স্বার্থ নয়, শিক্ষকদের পেশাগত স্বার্থও জড়িত। অনেক শিক্ষক এমন বিষয়ে পড়াচ্ছেন, যেসব বিষয়ের সরাসরি বেসরকারি চাকরির বাজার খুব বড় নয়। তাঁরা চাইবেন তাঁদের বিভাগ চালু থাকুক, শিক্ষার্থী ভর্তি হোক এবং তাঁদের চাকরি ও ভবিষ্যৎ নিরাপদ থাকুক। কিন্তু রাষ্ট্র যদি মনে করে কোনো বিষয়ে নতুন করে শিক্ষার্থী ভর্তি করানো আর যুক্তিযুক্ত নয়, তাহলে সেটি করতে হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে। বর্তমান শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করার সুযোগ দিতে হবে, শিক্ষকদের বিকল্প ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ধাপে ধাপে আসনসংখ্যা কমাতে হবে। শুধু মন্ত্রীর একটি বক্তব্য দিয়ে এসব বাস্তবায়ন করা যাবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকের আপত্তি আছে। তাঁদের বক্তব্য, বাড়ির আশপাশের কলেজগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিপুলসংখ্যক শিক্ষার্থী গ্র্যাজুয়েট হচ্ছে। ফলে চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ছে। কিন্তু শিক্ষার সুযোগ কি শুধু বড় শহরের কয়েকটি নামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য থাকবে? একজন শিক্ষার্থী নিজের বাড়ির কাছের কলেজে কম খরচে স্নাতক করার সুযোগ পাবে, এতে আপত্তির কী আছে? উচ্চশিক্ষার সুযোগ সহজ করা রাষ্ট্রের দায়িত্ব। সবাইকে ঢাকা বা অন্য বড় শহরে গিয়ে আবাসন ও জীবনযাত্রার বাড়তি খরচ বহন করে পড়াশোনা করতে হবে, এমন কোনো যুক্তি নেই।
সমস্যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ বেশি হওয়া নয়; সমস্যা হলো শিক্ষার মান, পাঠ্যক্রম, শিক্ষকতার মান এবং কর্মসংস্থানের সঙ্গে শিক্ষার সংযোগ দুর্বল থাকা। একটি কলেজে শিক্ষার্থী ভর্তি হচ্ছে, কিন্তু মানসম্মত ক্লাস হচ্ছে না, শিক্ষকরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না, বিভাগগুলোও চাকরির বাজারের পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে না। এসব সমস্যার সমাধান করতে হবে। কলেজ বন্ধ করে বা উচ্চশিক্ষার সুযোগ কমিয়ে সমস্যার সমাধান হবে না। বরং কম খরচে উচ্চশিক্ষার সুযোগ বজায় রেখেই শিক্ষার মান বাড়াতে হবে।
এবার আসি শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপটে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শিল্প ও একাডেমিয়ার সহযোগিতাবিষয়ক সেমিনারে। ২২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং University & Industry Alliance যৌথভাবে ‘Industry-Academia Collaboration: Government Policy and the Position of Dhaka University’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাপতিত্ব করেন। ইউজিসি সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল-মামুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। University & Industry Alliance-এর সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক মো. মহিউদ্দিন স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতির কথাও জানানো হয়েছে।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চারটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা বিসিএসআইআর, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বা বিআইডিএস, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস এবং ব্রেইন স্টেশন ২৩। এর মধ্যে বিসিএসআইআর ও বিআইডিএস গবেষণাপ্রতিষ্ঠান; অন্যদিকে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস ও ব্রেইন স্টেশন ২৩ বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান। অর্থাৎ চারটি সমঝোতা স্মারককে চারটি বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হিসেবে দেখানো ঠিক হবে না।
শিল্প ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ অবশ্যই ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণা, প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, প্রযুক্তি উন্নয়ন কিংবা শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পেলে সেটি ইতিবাচক। কিন্তু প্রশ্ন হলো, এসব সুযোগ কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে উপকৃত হবে? অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কী ব্যবস্থা থাকবে? কোনো জাতীয় কাঠামো না থাকলে বড় বিশ্ববিদ্যালয়গুলোই স্বাভাবিকভাবে বেশি সুযোগ পাবে। কারণ তাদের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের যোগাযোগ, গবেষণার অবকাঠামো এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা তুলনামূলক বেশি।
শিক্ষামন্ত্রী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আগে শিল্পপ্রতিষ্ঠানে গিয়ে তাদের প্রয়োজন বুঝবেন, তারপর পাঠ্যক্রম ও গবেষণা সাজাবেন। কথাটি ভালো। কিন্তু শিল্পপ্রতিষ্ঠানগুলোও কি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী? তারা কি গবেষণায় টাকা বিনিয়োগ করবে? শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে? বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে পণ্য বা প্রযুক্তিতে রূপ দিতে বিনিয়োগের ঝুঁকি নেবে? শিল্পপ্রতিষ্ঠান যদি শুধু তৈরি দক্ষ কর্মী চায়, কিন্তু গবেষণা ও প্রশিক্ষণে বিনিয়োগ করতে না চায়, তাহলে এই সম্পর্ক একতরফা হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়কে শুধু শিল্পের জন্য কর্মী সরবরাহের প্রতিষ্ঠান বানিয়ে ফেললে উচ্চশিক্ষার বৃহত্তর উদ্দেশ্যও ক্ষতিগ্রস্ত হবে।
আমার কাছে শিক্ষামন্ত্রীর বক্তব্যের সবচেয়ে বড় দুর্বলতা এখানেই। তিনি বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব কমানোর দায়িত্ব দিচ্ছেন, কিন্তু কর্মসংস্থান তৈরির অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে একই রকম কঠিন প্রশ্ন তুলছেন না। বিশ্ববিদ্যালয়ের অপ্রয়োজনীয় বিভাগ বন্ধ করার কথা বলা সহজ। কিন্তু নতুন শিল্পকারখানা তৈরি করা, বেসরকারি বিনিয়োগ বাড়ানো, গবেষণায় শিল্পপ্রতিষ্ঠানকে বিনিয়োগে আগ্রহী করা এবং দেশের বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থান তৈরি করা অনেক কঠিন কাজ। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী বের হবে, কিন্তু তাঁদের কাজের জায়গা কোথায়? সেই প্রশ্নের উত্তরও সরকারকে দিতে হবে।
উপাচার্যের কাছে পাঁচ বছরের মধ্যে কতজন বেকার কমাতে পারবেন, সেই হিসাব চাওয়ার আগে শিক্ষামন্ত্রীর উচিত ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে একটি গ্র্যাজুয়েট ট্র্যাকিং ব্যবস্থা চালু করা। কোন বিভাগ থেকে কতজন পাস করছেন, কতজন চাকরি পাচ্ছেন, কতজন উচ্চশিক্ষায় যাচ্ছেন, কতজন উদ্যোক্তা হচ্ছেন, কতজন চাকরি খুঁজছেন, এসব তথ্য নিয়মিত সংগ্রহ করতে হবে। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও জানতে হবে, আগামী পাঁচ বছরে তাদের কী ধরনের দক্ষ জনশক্তি প্রয়োজন হবে এবং তারা কতজনকে নিয়োগ দিতে পারবে। এই দুই পক্ষের তথ্য মিলিয়ে পরিকল্পনা করতে হবে। তারপর বিভাগভিত্তিক সংস্কার, আসনসংখ্যা নির্ধারণ এবং নতুন কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
শিক্ষামন্ত্রী যদি সত্যিই শিক্ষাব্যবস্থাকে কর্মমুখী করতে চান, তাহলে শুধু উপাচার্যদের কাছে বেকারত্ব কমানোর হিসাব চাইলে হবে না। শিল্পপতিদের কাছেও কর্মসংস্থান তৈরির হিসাব চাইতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কতটা দায়িত্বশীল, সেটি যেমন দেখতে হবে, তেমনি শিল্পপ্রতিষ্ঠানগুলো দেশের শিক্ষিত তরুণদের কাজে লাগাতে কতটা প্রস্তুত, সেটিও দেখতে হবে। আর সরকারকে বলতে হবে, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে তারা কী করছে।
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, এই বক্তব্যের মধ্যে হয়তো কিছু বাস্তবতা আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় একা বেকার তৈরি করে না। অর্থনীতিতে কাজের সুযোগ না থাকলে দক্ষ গ্র্যাজুয়েটও বেকার থাকবেন। তাই শিক্ষামন্ত্রীকে শুধু বিশ্ববিদ্যালয়ের দিকে আঙুল তুললে চলবে না। বিশ্ববিদ্যালয়ের কাছে যেমন জবাবদিহি চাইছেন, সরকারকেও নিজের কাছে একই প্রশ্ন করতে হবে: আগামী পাঁচ বছরে দেশে কত নতুন কর্মসংস্থান তৈরি হবে? নাকি বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু আরও কম খরচে, আরও কম বিভাগে, আরও বেশি গ্র্যাজুয়েট তৈরি করতে বলা হবে, আর চাকরির বাজারের দায়িত্বটা আগের মতোই আড়ালে থেকে যাবে?
ফটোকার্ড: বাংলা ট্রিবিউন
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


