ফার্মগেট পুলিশবক্সের ঠিক বাম পাশে যে ওভারব্রিজটা আছে সেখান দিয়ে নিয়মিত কি যাতায়াত করেন আপনি? করে থাকলে আপনার প্রতিদিন উনাকে দেখার কথা। ব্রিজটার মাথায় জবুথবু হয়ে বসে আছে তিনকাল পেরিয়ে এককালে ঠেকা এক বুড়িমা। চুপ করে বসে থাকে। সামনে একটা থালা। কেউ মন চাইলে পয়সা দেয়। কেউ দেয়না।
আমার অফিসটা ওই পথে হওয়ার জন্য রোজ তাকে দেখি। দেখি আর ভাবি। ওই মুহূর্তে আমার মনটা ক্ষণিকের জন্য গ্রামে চলে যায়। আমার বুড়ি দাদিকে দেখতাম ঠিক ওইভাবে বসে থাকতে। উনি এখন স্বর্গবাসী।
আমি বা আমাদের ভাই-বোনদের কেউই ঠিক ওই অর্থে দাদা-দাদির স্নেহ পাইনি। আমার কাকার ছেলে-মেয়েরা যা তারিয়ে তারিয়ে উপভোগ করেছে। তবে তারপরও আমি আমার দাদিকে ভালোবাসতাম। উনি মারা গেলে ঢাকা থেকে বাড়ি গিয়েছি। উনার কবরে জিয়ারত করেছি। ধান ভানতে শিবের গীত গাওয়ার মত ওই বুড়িমার গল্প বলতে গিয়ে দাদিকে টেনে আনছি।
আজ রাত পোহালেই ঈদ। কিন্তু ওই বুড়িমার ঈদ কি আছে? আমার খুব জানতে ইচ্ছে করছে উনি আজ ঈদের দিন কি রান্না করেছেন। উনার কি আদৌ দেখার কেউ আছে? নাকি ঢাকা শহরে যে সব ব্যবসায়িক ভিখারির গডফাদার রয়েছে তাদের কেউ উনাকে দিয়ে ব্যবসা করায়। খুব জানতে ইচ্ছে হচ্ছে। খুব কানতে ইচ্ছে হচ্ছে। পৃথিবীর মানুষগুলো কি নিষ্ঠুর হয়! কি নির্মম হয়।
আমি এবারই প্রথম ঢাকাতে ঈদ করছি না। একবার করেছিলাম ভার্সিটিতে পড়ার সময়। পরীক্ষা ছিল বলে সময় বাঁচাতে বাড়ি যাইনি। আরেকবার বিয়ের পর..। এবার আমার মেয়ে হয়েছে বলে..। মেয়েটা খুব ছোট.. আর ঢাকায় সোয়াইন ফ্লু ভাইরাস.. এসব মিলিয়ে জার্নি করতে নিষেধ করল অনেকেই। আমিও রয়ে গেলাম। কিন্ত একজন মা কিভাবে তার ছেলের জন্য ঈদের দিন অপেক্ষায় থাকে সেটা এবার বুঝতে পারছি। আমি যে এবার বাবা হয়েছি। এজন্যই কি? ওই বুড়িমার কি কেউ আছে? আমাদের দেশে পুর্নবাসন কেন্দ্র কি আছে> এসব মানুষদের জন্য এরকম একটা আশ্রয় স্থল খুব দরকার। মাদার তেরেসা আপনি এখন কোথায়? আপনি কি স্বর্গ থেকে আমার এই লেখা পড়ছেন! না পড়ে থাকলে পড়বেন না, প্লিজ। আমরা যে বড় অসহায়! সময়ের কাছে , প্রকৃতির কাছে নিজেকে খুব অসহায় মনে হয় আমাদের সবাইকে।....এটাই বোধ হয় জীবন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


