
স্পর্শগুলো বড্ড অচেনা মনে হয় আজ,
স্পর্শে আর ঝরে না আবেগ
মাকড়শার জাল বোনা মলিন বুকের ভাঁজ,
এখানে বুক জুড়ে হু হু পাখি আর কালো মেঘ।
কেমন যেনো হাহাকার, বিরানভূমি বুকের প্রান্তর
ভালোবাসাগুলো গুঁড়েবালি, মিশে যায় শূন্যে
সম্পর্ক যেনো কাঁটা, এখানে চোখে সেঁটে থাকে মনান্তর
ব্যস্ত আমি ব্যস্ত সে, কেউ বসে থাকি না কারো জন্যে।
কেউ একজন বলে উঠে বিড়বিড় করে,
আমার আর পিছুটান নেই, ছেড়ে যাবো সকল,
সংসার তবে বেঁধেছো কী সে কারণ? মন যদি নাই মন ঘরে!
জরাজীর্ণ আর গুয়ার্তুমি মন বুঝি করেছে দখল?
কী এক অজানা হতাশা, ঘুরে বেড়ায় বুকের অলিগলি
কবিতার শব্দ খুঁজি তাই, সুখ টানাতে মন দেয়ালে,
রুমে রুমে কেবল নিরবতা, ফুটে না কথার কলি,
ভিতর বাড়ি অন্ধকার, এখানে চলাফেরা যে যার আপন খেয়ালে।
ঠোঁটে বেঁধেছে বাসা এক চুপ পাখি এসে,
নি:শ্বাসে উত্তপ্ত হাওয়া, পেটে জমা একাকিত্বের যন্ত্রণা
বুকের পাঁজরে ঝনঝন কাঁচ ভাঙ্গা সুর, যায় তৃপ্তি সব কলাপাতায় ভেসে,
মন সমুদ্দুরের পাড় ঢেউয়ের জোয়ার ভাটা,
পঁচা শামুকে কেঁটে যায় পা, জীবন পাঠ করে ভুলে থাকার মন্ত্রণা।
কী যেনো এলোমেলো, মন নাকি সংসার, সাহসে কেবল ভাটা
মুগ্ধতা কেড়ে নিয়ে যায় অশান্ত এক বৈরী হাওয়া,
কেউ দেখি না কারো মন খুলে... কত কান্না জমানো বক্ষ ফাটা
কেবল সুনসান পড়ে থাকে নিভৃতে আমার মনের দাওয়া।
June 2, 2019
©কাজী ফাতেমা ছবি
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২০ বিকাল ৪:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


