তখনো মাত্র কদিন হলো বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করেছি। এখনো ক্লাসের কারো সাথে তেমন সখ্যতা গড়ে উঠেনি। মুখ চেনায় চিনতাম সকলকে। দেখা হলে মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করতাম কেমন আছ? হঠাৎ একদিন মাথায় কি ভুত চাপল জানি না। কেন যে এমন চিন্তা আসল এখন ঠিক মনেও পড়ছে না। ভালবাসা বিষয়টা কি? এর সংজ্ঞা কি? আমার ক্লাসমেটদেরকে একটা কাগজ ধরিয়ে দিয়ে বললাম লিখ। এক একজনের কাছে এক এক রকম। এক এক জন এক এক ভাবে বিষয়টা ব্যাখ্যা করে। ভাবলাম অনেক মজা হবে। এর চেয়ে ইন্টারেস্টিং কোনো বিষয় মাথায় আসেনি তখন। এটাতেও বোধহয় বয়সের প্রভাব ছিল। যাই হোক, সবাই যা যেভাবে ইচ্ছে লিখছে। যার যা ইচ্ছা হচ্ছে। খুব কম জনকেই পেয়েছিলাম সামান্য সময় চিন্তা করেছে। কয়েকজনতো এমনো লিখেছে
“কোনো অভিজ্ঞতা নেই।”
“আজো বুঝতে পারলামনা এইটা খায় না মাথায় দেয়?”
“এত শখ ক্যান? প্রেমে পরছ নাকি মামু? বুঝি না এইডা কি। ক্যাম্নে পড়ে? পইড়া কি ব্যথা পায় নাকি মজা পায়?”
কেউ কেউ লিখছে
“আকাশ বাতাস সাক্ষী রেখে…………মুগ্ধতায় চেয়ে থাকা………গোলাপের সুবাস……দুজনের অবিশ্বাস্য অনুভূতি………ব্লা ব্লা ব্লা (অবশ্যই হারুনও তাদের মধ্যে একজন)
“ভালবাসা একটা ছোট্ট ভাল বাসার স্বপ্ন, গেঁথে থাকে দুজনের (অবশ্যই একটা পোলা একটা মাইয়া) মনের মাঝে, একে পুঁজি করেই বাঁচে পাগল মন।
“ভালোবাসাবাসি একটা নিছক পাগলামী। দুটি মনের ছটফটানী। দুটি হৃদয়ের মিলন।
কেউ লিখছে
“ভালবাসা হইল বিপরীত লিংগের প্রতি আকর্ষন।”(ওরে বলদ ওইটা ভালবাসা নারে, অন্যকিছু।
কেউ কেউ লিখছে এমন
“Loss of most valuable Time, Money and Energy.”
যাই হোক, যে যা খুশি লিখছে। যা লিখছে আমি তাই পড়ে মজা পাইতেছিলাম। পড়তে পড়তে হঠাৎ একটা জায়গায় এসে আমার চোখ আটকে গেল। ওখানে লেখা
“ভালবাসা হইল কুকুরের হাগায় পেচ্ছাব করা”
পড়ে মেজাজ চরমে উঠে গেল। মনে হইল দুইটা পৃষ্টা জুড়ে এত সুন্দর সুন্দর নিষ্পাপ কমেন্টগুলা পুরাই নষ্ট হয়ে গেল। ইচ্ছা করতেছিল ওই শালাকে ধরে কইষা দুইটা চড় মারি। পোলার নাম রুহুল আমীন সজীব। নোয়াখালি ডিগ্রি কলেজ (এন,ডি,সি) থেকে এসেছে। যথারিতী প্রচুর ভাব। ভাবটা অন্যদের চেয়ে একটু বেশি ছিল, কারন উনি আবার হিংলিশ মিডিয়াম থেকে এসেছেন। আমাদের নবীন বরনের দিন নবীনদের পক্ষ থেকে কাউকে কিছু বলতে বলা হলো। উনি লাফ দিয়া স্টেজে উঠে পড়লেন। তার কথায় কেউ কোনো মনোযোগ দিতে পারছিল কিনা আল্লাহ মালুম। কারন সে সেইদিন পইড়া আসছিল গায়ে লাল রঙের ময়লা একটা টি শার্ট, লাল রঙের একটা ট্রাউজার, যেইটা আবার এক পায়ে প্রায় হাটু পর্যন্ত মোড়ানো ছিল। পায়ে কাদা লাইগা ছিল। মুখ ভর্তি জংলি দাড়ি। আর স্টেজে উইঠা কি সব যে বলতেছিল, আল্লাহ মালুম। পুরাই আমাগো ডিপার্টমেন্টরে পৃথিবীর সেরা সে একাই বানাইয়া দিবে টাইপ কথা বার্তা। এম্নিতেইতো তার উপ্রে আগের ঘটনার জন্য অনেক মেজাজ খারাপ। আর নবীন বরণের ঐ পেইন মিলাইয়া তারে পছন্দ করার কোনো কারন ছিল না।
তারপর আস্তে আস্তে একটু একটু কইরা টাইট হইতে লাগলো। সহনীয় মাত্রায় আসার কিছুদিনের মধ্যেই আমাদের বাসায় আস্তানা গাড়ল। একটু বেশি মাত্রায় আঁতেল প্রকৃতির পোলা সজীব। সে যেকোনো ধরনের পরিস্থিতে পড়াশুনা করতে পারত। এই ধরেন সব্বাই মিল্লা মুভি দেখতাছি, সে একটা বই নিয়া শুইয়া শুইয়া একি সাথে মুভিও দেখতাছে আবার পড়তাছেও। সারাদিন শুধু পড়াশুনা আর পড়াশুনা। পুরাই পেইন। তো এই আঁতেল মিয়াও যথারিতী নিউটন,আইনেস্টাইনের চ্যালার মতন আচরন করত। এবসেন্ট মাইন্ডেড আচরন। কিছু উদাহরন দেয়া যাক। সবচেয়ে কমন সে যেইটা ভুইলা যাইত সেইটা হইল বাজার করতে। এইটা তার কুনুদিনও মনে থাকতো না যদি না কেউ তারে মনে করায় দিত। খাইতে ভুইলা যাইত প্রায়ই। দুপুরের খাবার রাতে, রাতের খাবার সকালে খাইত। যদি কুনুদিন ও বিখ্যাত হইয়া যায়, আর কেউ যদি ওর কুনু ইন্টারভিউ নিতে গিয়া ওরে জিগায় আপনার প্রিয় খাবার কি? তাইলে নির্ঘাত ওর উত্তর হবে এন্টাসিড। কোথাও যাবার কথা থাকলে, কিংবা কিছু করার কথা থাকলে ওরে হাজার বার মনে করাইয়া দিতে হইত। পড়াশুনা ছাড়াও আরো একটা বিষয় ছিল, যেটা সে কখনো ভুলতো না, তা হলো সিগারেট।
তার ভালবাসার সংজ্ঞা দেখে নিশ্চয় আপনারাও বুঝতে পারতেছেন যে ডাল মে কুছ কালা হ্যায়। তার একখান প্রেম আছিল কলেজ জীবনে। সে এক কঠঠিন প্রেম। প্রেমের ইতিও ঘটছে কলেজ জীবনে। সেই দগদ্গে ঘা তারে জ্বালিয়ে মারে। আর জ্বলে পুড়ে নিজেতো ছাই হয়, আসে পাশের মানুষকেও বিরক্ত কইরা মারে। এই যেমন ধরেন আকাশে চাঁদ উঠছে। কোনো কারনে সেইটা সজীবের চোখে পড়ছে। আর আপনার দুর্ভাগ্য যে আপনি তার পাশেই ছিলেন। ব্যস হয়ে গেল। "জানিস সেই দিনও আকাশে এমন চাঁদ ছিল। সুরভী আমাকে ফোন দিল। আমি ফোন ধরে বললাম হ্যালো, কেমন আছ সুরভী। তারপর…………"। প্রচন্ড বৃষ্টি হলে গল্পটা অনেকটা এমন, "আমি কাকভেজা হয়ে বেইলি রোডে দাঁড়িয়ে আছি। সুরভীর আশার কথা আরো অনেক্ষন আগে। কেন জানি এখনো সে আসছে না। হঠাৎ দেখা গেল সুরভীকে,…………" আর প্রচন্ড রোদে পুড়ে ছাই হলে, "সেবার নটরডেম কলেজে সায়েন্স মেলা। ভিকারুন্নেসাও আমাদের কলেজে এসেছিল। আর এসেছিল সুরভী,…………"। তবে যত কাহিনী শুনেছি, প্রেমটা ভালোই ছিল। অনেক আবেগে টইটুম্বর। সেইখান থেকে বোধহয় সে ভালো কিছুই নিজের জন্য জমিয়ে রাখতে পারেনি। তাই অমন কুৎসিত একটা সংজ্ঞা দিয়ে আমার লেখার খাতা নষ্ট করেছিল, শালা।
সজীবের সেন্স অব হিউমার কিন্ত খুব মারাত্নক। সে বুঝতেই পারে না কোন জোক্স শুনে সত্যি সত্যি হাসতে হয়, আর কোনটা শুনে হাসি আসে না বলে হাসতে হয়। আমার কাজ ছিল প্রতিদিন প্রথম আলোতে দেয়া অখাদ্য জোক্স গুলা বলে বলে ওর মস্তিষ্ক উত্তপ্ত করা। প্রথম প্রথম সে সব জোক্স শুনেই হাসত। হা হা হো হো করে হাসত। বাসার সবাই যখন ব্যাপারটা ধরতে পারল যে এটা একটা বেশ মজার ব্যাপার, তখন সিটুয়েশনটা দাড়াল অনেকটা এমন। আমি পত্রিকা দেখে জোক্স বলতে থাকি,
ভদ্রলোকঃ এই খোকা, তোর নাম কি?
খোকাঃ নাম দিয়া কাম কি?
ভদ্রলোকঃ বাহ বেশ সুন্দর নামতো।
আর সবাই হা করে সজীবের দিকে তাকিয়ে থাকে। সজীব বুঝতে পারল আমরা ফাজলামো করতাছি। হাসি আর গোমরার মাঝামাঝি একটা সুরত করে রাখত সে মুখের। আমরা সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছি কখন সে তার বিখ্যাত হাসিটা দিবে। ওর হাসি আসলেই বিখ্যাত। কারন এইটা স্থান কাল পাত্র বিবেচনা না করেই বিকট শব্দে আবির্ভূত হইত
সজীবের খাবারের রুচি ছিল অসাধারন। সে সব কিছু খেতে পারত। এই শুধু মাছ খেত না, কারন বড় মাছ ওর খেতে ভালো লাগে না। ছোট মাছে কোনো স্বাদ নাই। গরুর মাংশ খেত না, এলার্জি আছে। খাশির মাংশ খেত না, গন্ধ লাগে। ডিম খেত না,ডিম আবার মানুষ খায়? সব্জী খেত না, বুয়া রাঁধতে পারে না। খেত শুধু আলু দিয়ে মুরগীর মাংশ। মাঝে মাঝে ইচ্ছা করত শালাকে না খাইয়ে মেরে ফেলি। অবশ্য না খেলেতো মরবে না। এন্টাসিড খেয়ে হলেও বেঁচে থাকবে। আর ওর স্বাদ, বর্ণ গন্ধ এসব কোনো অনুভূতি ছিল না। খাবারে লবন না হলে বলত চমৎকার রান্না হয়েছে। পঁচা খাবার খেয়ে বলতো ইশ বুয়া তরকারীতে এত লবন দেয়। তবে লবন একটু বেশি হলেও খাবারটা খাইতে ভাল হইছে। আজীব চিড়িয়া একটা। পরবর্তীতে এই পাগল আমাদের ক্লাসের ফার্স্ট বয় হিসেবে আত্নপ্রকাশ করে। ডিপার্টমেন্টের রেকর্ড জিপিএ নিয়ে পাশ করে বের হয়। পাঁচ বছরে আমাদের বহু বিনোদনের উৎস ছিল সজীব মিয়া। পরের পর্বে এরকম কিছু মজার ঘটনা নিয়া হাজির হবো। আজকের মতন বিদায়, আলবিদা।
(ক্রমশ চলবে)
কেউ যদি আগের পর্বগুলো পড়তে চান
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




