ফের সাংবাদিক পিটিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগ কর্মীদের বেধড়ক মারধরে আহত হয়েছে দৈনিক ইনকিলাব ও দৈনিক বাংলা বাজার পত্রিকার দুই বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
রবিবার দৈনিক ইনকিলাবের রাবি প্রতিনিধি সামছুল আরেফিন হিমেলকে নিজ আবাসিক কক্ষে ছাত্রলীগ কর্মীরা মারধর করে। তাকে ছাড়িয়ে আনতে গেলে দৈনিক বাংলা বাজার পত্রিকার রাবি প্রতিনিধি বিএম শাহাজাহান বিশ্বাসকেও মারধর করে ছাত্রলীগ কর্মীরা। আহত দুই সাংবাদিককে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি রাবিতে কর্মরত ১০ সাংবাদিককে মারধর করেছিল ছাত্রলীগ নেতাকর্মীরা। ওই ঘটনার ১০দিন পর আরো দুই সাংবাদিককে প্রহার করার ঘটনা ঘটলো।
আজ আড়াইটার দিকে ছাত্রলীগ কর্মীরা শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র হিমেলের ২৮১ নম্বর কক্ষে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালি দিতে থাকে। এসময় কিছু বলে উঠার আগেই ছাত্রলীগ কর্মী হিরু (সমাজকর্ম), জুয়েল (গণিত মাস্টার্স), শরীফ (হিসাব বিজ্ঞান ৪র্থ বর্ষ) ও মেহেদীসহ ৫/৬ জন ছাত্রলীগ কর্মী রড ও লোহার স্কেল দিয়ে হিমেলকে পেটাতে থাকে।
এসময় বাংলা বাজার পত্রিকার সাংবাদিক শাহজাহান ঘটনাস্থলে উপস্থিত হলে ছাত্রলীগ কর্মীরা তাকেও পিটিয়ে আহত করে। পর তাদের দুই জনকে হলে অবস্থানরত পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয়।
খরব পেয়ে তিনটার দিকে হল প্রাধ্যক্ষ প্রফেসর মোঃ আখতার ফারুক আহত দুই সাংবাদিকদের উদ্ধার করেন। তিনি অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এদিকে রাবি ছাত্রলীগ সভাপতি আওয়াল কবির জয় ও সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুন অভিযুক্ত চার ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
অবশ্য ১০ সাংবাদিককে পেটানোর ঘটনায় বহিস্কৃত কর্মীরাই পুনরায় সাংবাদিকদের মারধর করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিকালে আহত দুই সাংবাদিক মতিহার থানায় একটি মামলা এবং নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


