গত ২৯ ডিসেম্বর সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বর্তমান মহাজোট সরকার ‘দিন বদল’ ও ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার শ্লোগান দিয়ে ক্ষমতায় এসেছে। ইতিমধ্যে ৬ মাস অতিবাহিত হয়েছে, দিন বদল যে হবে না তা সরকারের এ কয় মাসের শাসনে জনগণ হাড়ে হাড়ে টের পেয়েছে। শুধু মোটা চালের দাম ১৮/ ২০ টাকা কেজি হওয়া ছাড়া দ্রব্যমূল্য কোনটিই কমেনি। সন্ত্রাস-দখলদারিত্ব-টেন্ডারবাজি চলছে পূর্বের চেয়ে অধিক গতিতে। দিনে ১০টা খুন হওয়ার পরও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে “সীমা ছাড়ায়নি”। পুলিশ রেকর্ড বুকের হিসাব অনুযায়ী ফেব্রুয়ারিতে যেখানে অপরাধ সংগঠিত হয়েছিল ৯২৪৮টি আর জুনে তা বেড়ে হয়েছে ১৫ হাজারের বেশি। তারপরও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন “সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি (!) ঘটেছে।”
পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের পরিবর্তে চলছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্দ্দেশে। একথার প্রমাণ পাওয়া যায় দৈনিক ইন্ডিপেন্ডেটকে দেয়া একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সাক্ষাতকারে “স্থানীয় সাংসদদের সম্মতি ছাড়া আমরা কিছুই করিনা।” শুধু পুলিশ কেন, গোটা মাঠ পর্যায়ের প্রশাসন চলছে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের নির্দ্দেশে। গত কয়েক মাসে সরকার দলীয় নেতাদের হাতে ডিসি, টিএনও লাঞ্ছিত হওয়ার বেশ কয়েকটি ঘটনা পত্রিকায় এসেছে। টেন্ডারবাজি অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ফেলেছে। যে কোন টেন্ডারের বিষয়ে সিদ্ধান্ত দেয় ছাত্রলীগ-শ্রমিক লীগ-স্বেচ্ছসেবক লীগ।
বিগত জোট সরকারের আমলে পাবলিক টয়লেট পর্যন্ত দখল হয়েছে। এ সরকারের আমলেও তার ব্যতিক্রম ঘটছে না। ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অথচ বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি পরিস্থিতির কোন উন্নতি গত কয় মাসে হয়নি বরং অবনতি হয়েছে। দিনের আলো ব্যবহারে সময় ১ ঘন্টা বাড়িয়ে যে তোঘলকি কাণ্ড ঘটানো হলো তাতে লোডশেডিং কমেছে কি? গ্যাসের অভাবে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র এবং সার কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। অদুর ভবিষ্যতে এর কোন সমাধান হবে বলে মনে হয়না। সরকার গ্যাস সংকটের অজুহাত দেখিয়ে সমুদ্রবক্ষের গ্যাসক্ষেত্র ৮০% রপ্তানির সুযোগ রেখে বিদেশি কোম্পানিকে ইজারা দেয়ার চক্রান্ত করছে, যা দেশের জন্য সমূহ বিপদের কথা।
টিপাই বাঁধ দিয়ে ভারত বাংলাদেশকে মরুভূমি বানানোর চক্রান্ত করছে। এর বিরুদ্ধে সরকারের কোন পদক্ষেপ নেই। এশিয়ান হাইওয়ের নামে ভারতকে ট্রানজিট দেয়ার পাঁয়তারা করছে সরকার। সব মিলিয়ে দেশ ও দেশের জনগণ আজ দেশী-বিদেশি শোষক লুটেরাদের নির্মম শোষণের যাতাকলে পিস্ট হতে চলেছে।
এ অবস্থার হাত থেকে জনগণের মুক্তি পেতে হলে রাজপথে আন্দোলনের বিকল্প নেই। কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রাম দাবি উচ্চারণের সাংবিধানিক অধিকারও মহাজোট সরকার হরণ করতে উদ্ধত। জরুরি আইনের সময়ের মতোই বর্তমান সরকার রাজপথে সভা-সমাবেশ-মিছিল মিটিং এ বাঁধা দেয়া শুরু করেছে। কখনো পুলিশ, কখনো দলীয় সন্ত্রাসীদের দিয়ে কর্মসূচি পণ্ড করার চেষ্টা চলছে। গত ৬ জুন সিলেটে বাসদের জনসভা মঞ্চ পুলিশ ভেঙ্গে দিয়েছে।(টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রতিবাদে জনসভা)। মিরপুর ও মোহাম্মদপুরে গণতান্ত্রিক বাম মোর্চার মিছিলে পুলিশ বাঁধা দিয়েছে।
দেয়াল লিখন, দেয়ালে পোস্টার লাগানোর উপর তত্ত্বাবধায়ক সরকার আমলের জারি করা নিষেধাজ্ঞা স্থায়ী করার মাধ্যমে বর্তমান মহাজোট সরকার বাস্তবে অনির্বাচিত স্বৈরাচারেরস্থলাভিষক্ত হয়ে নির্বাচিত স্বৈরাচারে পরিণত হয়েছে। এখানেই খান্ত হয়নি, সরকারের স্বৈরতান্ত্রিক-ফ্যাসিবাদী আচরণ এতোটাই বিস্তৃত হয়েছে যে র্যাব-পুলিশ রাজনৈতিক দলের অফিসে ঢুকে কর্মীদেরকে অশালীন ভাষায় গালাগাল ও লাঞ্ছিত করার ঘটনাও ঘটছে। গত ১৭ জুলাই রাত ৯টায় র্যাব গণতান্ত্রিক বিপ্লবী পার্টির ২৩/২ তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে সুহান, স্বপন, শান্তি, শাহানাসহ গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কর্মীদের গালাগাল ও লাঞ্ছিত করে। যা এই এলাকায় অবস্থিত পার্টি অফিসে বিগত ৩ যুগে এমনকি সামরিক শাসন কিংবা জরুরি শাসন আমলেও ঘটেনি। এ ঘটনা মহাজোট সরকারের চরম অগণতান্ত্রিক-স্বৈরাচারী ও ফ্যাসিবাদি চরিত্রেরই বহিঃপ্রকাশ।
একদিকে সংবিধান বিরোধী গণপ্রতিনিধিত্ব আইন এর মাধ্যমে রাজনৈতিক দল নিয়ন্ত্রণ অন্যদিকে পুলিশ-র্যাব, দলীয় সন্ত্রাসী লেলিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ, হয়রানী ও বাঁধা প্রদানের মাধ্যমে দেশকে রাজনীতিশূণ্য করে ফ্যাসিবাদী শাসন কায়েমের ষড়যন্ত্র করছে শাসক বুর্জোয়া সরকার।
আমরা সংবিধানে প্রদত্ত জনগণের গণতান্ত্রিক অধিকার পরিপন্থী গণপ্রতিনিধিত্ব আইন বাতিল, দেয়াল লেখা, পোস্টারিং এর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সভা-সমাবেশ-মিছিলে বাঁধা দান ও রাজনৈতিক হয়রানী নির্যাতন বন্ধের জোর দাবি জানাচ্ছি। গত ১৭ জুলাই গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে কর্মীদের গালাগাল ও লাঞ্ছনার ঘটনায় জড়িত র্যাব-পুলিশের শাস্তি দাবি করছি।
একই সাথে সরকারের এই অগণতান্ত্রিক-স্বৈরাচারী-ফ্যাসিবাদী আক্রমণের বিরুদ্ধে জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমরা সর্বস্তরের গণতন্ত্রকামী বাম-প্রগতিশীল রাজনৈতিক দল-সংগঠন-ব্যক্তি গোষ্ঠীর প্রতি ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।
------------------------------------------------------------------
দেয়াল লিখন, দেয়ালে পোস্টার লাগানো নিষিদ্ধ করা, সভা-সমাবেশের মঞ্চ ভেঙ্গে দেয়া, বাঁধা প্রদান, দলীয় কার্যালয়ে ঢুকে কর্মীদের গালাগাল ও লাঞ্ছনা করাসহ রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ-হয়রানীর প্রতিবাদে এবং সরকারের অগণতান্ত্রিক-ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে আজ ২০ জুলাই ২০০৯, সকাল সাড়ে ১১টা স্থান: এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৩/২ তোপখানা রোডস্থ (নীচতলা) গণতান্ত্রিক বিপ্লবী পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোর্চার সমন্বয়ক ও বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ। উপস্থিত ছিলেন মোর্চার নেতা টিপু বিশ্বাস, সাইফুল হক, মোশরেফা মিশু, নাজার আহম্মেদ, আব্দুল মান্নান আজাদ, ফিরোজ আহম্মেদ, মঈনুদ্দিন চৌধুরী লিটন, সামছুজ্জোহা, বাবুল বিশ্বাস, পাঠক গোলদার প্রমুখ নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকের জন্য উপস্থাপন করা হল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


