ঈদ মানে আনন্দ, ঈদ মানে নিজেকে বিলিয়ে দেয়া।
আমার জীবনে ঈদ হলো গ্রামে ফিরে যাওয়া, ছোটবেলার বন্ধু বান্ধব আর আত্নীয় পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করা।
গত ১৭ তারিখ অফিস শেষ করে ছুটতে ছুটতে রওনা হলাম বাস কাউন্টারের উদ্দেশ্যে, সাড়ে চারটায় আমাদের বাস ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হলো এবং এবারই প্রথম ফেরি ঘাটে কোনরুপ জ্যাম ছাড়া ফেরিতে উঠল আমাদের গাড়ি। ইফতারি করলাম ফেরিতে। ফেরি পার হয়ে শুরু হলো অপেক্ষার পালা, কখন গন্তব্যে পৌছাবো! রাত ১২ টায় আমাদের গাড়ি খুলনা রয়েল মোড়ে থামল। সেখান থেকে আমাকে যেতে হবে আর ও ২৭ কিলোমিটার আমার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট এ। খুলনায় বাসা থাকলে ও রিক্স নিলাম না কারন সকালে আবার আমাকে নতুন গন্তব্যে ছুটতে হবে, তাই ভাইয়াকে জানানো ছিল আমি কখন আসছি। ভাইয়া মোটর বাইক নিয়ে আগে থেক্ই অপেক্ষা করছিল আমার জন্য। রাত ১২ টা ৩০ মিনিটের দিকে পৌছলাম আমার গ্রামে। বড়দের পাশাপাশি আমার ছানাপোনরা (২ ভাইঝ ও ১ ভাইপো) রাত জেগে অপেক্ষা করছিল। তাদের সাথে কথা বলে রাত ২টার দিকে গেলাম ঘুমাতে।
খুব ভোরে উঠে আমি আমি আর অপরাজিতা রওনা হলাম পাশের দেশ ভারতের উদ্দেশ্যে। কোন রকম ঝামেলা ছাড়া সব কাজ শেষ করে ২০ তারিখ দুপুরে আবার রওনা হলাম বাংলাদেশের উদ্দেশ্যে, শর্টকাট রাস্তা ধরে এসে রাত সাড়ে নয়টা নাগাদ পৌছলাম সাতক্ষীরায় অপরাজিতাদের গ্রামের বাড়িতে, সেখানে হাল্কা বিরতি নিয়ে আবার খুলনা রওনা, রাত সাড়ে ১১ টা নাগাদ খুলনায় অপরাজিতাদের বাসায়, সেখানে পৌছে অপরাজিতাকে রেখে আমি রওনা হলাম আমাদের গ্রামের উদ্দেশ্যে, কারন চাঁদ রাতে বন্ধুদের নিয়ে মজা স্পেশাল মিস করার কোন মানসিকতাই আমার ছিল না।
গ্রামে পৌছানোর কিছু আগে এসএমএস পেলাম শ্রাবণসন্ধ্যা আপুর কাছ থেকে এবং ফিরতি কলে আপুর সংগে কথা বলতে বলতে বাড়িতে পৌছে ব্যাগটা রেখেই ছুটলাম বন্ধুদের আড্ডায়, সব তৈরিই ছিল। শুরু হলো মিশন ডাব চুরি, গাছ থেকে ডাব পেড়ে দু'একটা খেতে না খেতেই বেরসিক বৃষ্টি প্রথম বাগড়া দিলো আমাদের ঈদ আনন্দে। এরপর আড্ডা আর জমল না। ভোর চারটা নাগাদ ঘরে ফিরলাম এবং সকালে বৃষ্টির কারনে ঈদগাহে নামায না পড়ে নামায পড়লাম মসজিদে।
নামায শেষে নদীর চরে আড্ডা দেয়া সম্ভব হলো না বৃষ্টির কারনে, তাআ এক বন্ধুর বাসায় বসল আমাদের আড্ডা। চা, সিগারেট, মিষ্টি, ঈদের খাবার এর পাশাপাশি চললো কার্ড খেলা বিকাল তিনটা নাগাদ। এরমধ্যে কথা হলো ব্লগার বৃত্তবন্দি, কাব্য, রাতমজুরসহ আরো কয়েকজনের সাথে।
ঈদের দিন সন্ধ্যায় চললো আবার পর্বের আড্ডা যার উপজীব্য অবিবাগিত বন্ধুরা কে কবে বিয়ে করছে। এরমধ্যে আমার আম্মাজান (বড়ভাইঝি) এসে তাগিদ দিলো তাকে তার চাচীমার কাছে পৌছে দিতে, বুঝলাম ষড়যন্ত্র হয়েছে, অপরাজিতা নিশ্চয় ফোন করে ওকে ফুসলিয়েছে। বাধ্য হয়ে ভাইয়াকে দায়িত্ব দিলাম ছানাপোনাদের নিয়ে অপরাজিতাদের বাসা থেকে ঘুরে আসতে।
ঈদের পরদিন আমি এলাম অপরাজিতাদের বাসায় এবং একটা বেলা তাদের সাথে কাটিয়ে বিকালে অপরাজিতাকে সাথে নিয়ে ফিরলাম গ্রামে, কারন পরদিন আমার খালা বাড়িতে বসবে চাঁদের হাট। উদ্দেশ্য খালাত ভাই এর বিয়ে। আর বিয়ে মানে আমাদের সব ভাইবোন এর একত্রিত হওয়া। সন্ধ্যা নাগাদ সব মামাত খালাতো ভাই বোনেরা তাদের ফ্যামিলিসহ হাজির। কিন্তু আমার হয়েছে যন্ত্রনা, একই দিনতারিখে অপরাজিতার মামার বিয়ে, সেখানে আমাদের থাকতেই হবে। অবশেষে ফয়সালা হলো, অপরাজিতা বুধ ও বৃহস্পতিবার আমাদের সংগে আমার খালাতো ভাই এর বিয়েতে থাকবে এবং বৃহস্পতিবার বিকালে আমি তাকে পৌছে দিব শুক্রবার তার মামার বৌভাত এ হাজিরা দিতে।
বুধবারে কাজিনের গায়ে হলুদ পর্ব শেষ হলেও ঐদিনের মূল আকর্ষণ ছিল আমাদের সব ভাই বোনদের আড্ডা। বড় খালামনি বেচে নেই, উনার চার ছেলের মধ্যে তিন ছেলে তাদের বৌ এরা এবং পাঁচ সন্তন, বড় খালামনির দুই মেয়ে তাদের জামাই ও সন্তানেরা, মেঝ খালামনির ছোট ছেলের বিয়ে তাই মেঝখালামনির তিন মেয়ে আর বড় ছেলে তাদের সবার ফ্যামিলি নিয়ে আগে থেকে ই ছিল, সেজ আমার আম্মা আমরা দুই ভাই এক বোন এবং আমাদের ফ্যামিলির সবাই, ছোট খালামনির দুই ছেলে, কেউই এখন বিয়ে করেনি, বড় মামার একমাত্র ছেলে এবং তার বৌ, মেঝমামা মামী তাদের দুই ছেলে, ছোটমামা, মামী ও তাদের দুই ছেলে সব মিলিয়ে আমাদের মামাবাড়ির দিকের সবাই জমালাম আড্ডা। এবং বহুদিন পরে এমন একটা মিলনমেলা ছিল সত্যিই উপভোগ্য।
বৃহস্পতিবার বরযাত্রি যাওয়া এবং সেখান থেকে ফিরে অপরাজিতাকে পৌছে দিলাম ওর বাসায় এবং তারপর ওরা রওনা হলোর ওর মামাবড়ির উদ্দেশ্যে। ম্বাশূড়ি খুব মন খারাপ করল তার একমাত্র মেয়ে জামাই এমন একটা অনুষ্ঠানে যাচ্ছে না বলে।
খুলনা থেকে ফিরে শুরু হলো আমাদের কর্ম যজ্ঞ, কারন পরদিন কাজিনের বৌভাত, আর গ্রামে এখন ও কমুনিটি সেন্টারের প্রচলন হয়নি। বাবুর্চি এবং ডেকোরেটরের লোকজন সব করলে ও তাদের তদারকি এবং সহযোগীতা করতে যে কত হ্যাপা তা ভূক্তভোগীরাই জানে। সারারাত কাটল নির্ঘুম। সকাল থেকেই আত্নীয় স্বজনরা আসা শুরু করলো এবং তাদের আপ্যায়ন করতে করতে সন্ধ্যা।
আমাকে আবার ফিরতে হবে রাতের গাড়িতেই কারন আজ অফিস আছে, তাই সব কাজ শেষ করার আগেই সবার মন খারাপ করে দিয়ে রওনা হলাম খুলনার উদ্দেশ্যে।
খুলনায় পৌছুতে না পৌছুতে ফোন পেলাম বৃত্তবন্দির তার সাথে কথা শেষ করে ফোন করলাম কাব্যকে। কাব্য দেখা করবে বলে জানালো এবং ও আসতে আসতে ফোন করলাম শ্রাবণ সন্ধ্যা আপুকে। আপু জানালো তার আসতে কিছুটা দেরী হবে, তবে পৌছেই তিনি আমাদের ফোন করবেন। কাব্য এসে পৌছালে শুরু হলো দুইজনের আড্ডা। রাত সাড়ে নয়টার পরে পৌছালের শ্রাবণসন্ধ্যা আপু, আর হোটেলে পৌছেই ফোন করলেন আমরা ও এই ফোনটার অপেক্ষায় ছিলাম, গেলাম আপুর হোটেলে এবং কিছুক্ষনের মধ্যেই আপু এলেন এবং আমার সময় ভূলে মেতে উঠলাম আড্ডায়। তার কাছেই ১৮ তারিখের মিরপুরের আড্ডার ডিটেইল জানলাম। এরমধ্যে মোবাইলে কথা হলো ব্লগার গোয়েবলস এর সাথে। রাত সোয়া দশটায় অনিচ্ছা সত্বেও আডআর সমাপ্তি টানতে হলো কারন আমার গাড়ির সময় হলো আর আপু ও ছিলেন ক্লান্ত।
এরপর একরাশ স্মৃতি নিয়ে আমি উঠে পড়লাম গাড়িতে কাব্য ফিরে গেলো তার ডেরায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


