অপরাহ্ণকাল
বলেছি কলঙ্কফুল দুপুরেই ফোটে
দুপুরেই রোদ ওঠে সহজ সরল ঘুম
নুয়ে পড়ে গাছে গাছে নিভৃত তক্ষক
তোমরা যে গল্প ভাব তার চেয়ে রতিবোধ বেশি ভালো
শুনেছ তো ব্রতকথা- আমাদের পাড়ায় পাড়ায় বাঘ নামে
ব্যাঘ্রনামে ভয় পেতে দিনেরাতে সকলেই ভালোবাসি
এরকম ভালোবাসা আছে বলে বন থেকে জ্যোৎস্না ঝরে
হাসি হাসি বাঘমামা এসে বসে
আমাদের ঘরের দেওয়ালে
তবু দ্যাখো দুপুরেই নিতিরোজ সুলভ তস্কর
উঁকি দেয় নিরাপদ মাঘের দরোজায়
ঐ যে সে দরোজা ভেঙে
রোদ ভেঙে
ডাল ভেঙে
মাঠ ভেঙে যে গেছে একাকী হেঁটে প্রপঞ্চ মেঘের সাথে
তার সাথে মেয়ে ধান রজস্বলা হেতু
ঋতু নিয়ে কথা বলে
গর্ভের যাতনা ভ্রমে তারপর চেয়ে দ্যাখে
জোয়ারের ঘোলা জলে ঘরের সীমানা ছেড়ে অদূরে ভেসে আসে
নোনা জলে ভেসে যায় বহুদূরে ধাবমান উদ্গত জরায়ুজ ফুল
বাঘকাল
বাঘ এসেছিল কালরাতে, প্রহর ঘোষণা শেষে
মাটির উপরে পড়ে আছে তীব্র পায়ের ছাপ
এখন বৃষ্টিকাল, বাইরে জলাভূমি-
ঝরে পড়ে কদম কেশর
ছপছপ শব্দ হতেই খিল পড়ে ঘরে ঘরে
গ্রামের সীমান্ত জুড়ে কাড়া-নাকাড়া আর
হৈহৈ শব্দ প্রচুর
অদূরে নিদ্রাহীন লবণাম্বু গাছের সারি
রেড়ির প্রদীপ জ্বেলে বসে আছ তোমরা যারা
শিয়রে টিকটিকি ডাকে, শোনো নিভৃত কথা
নিরাপদ ঘরের ভিতরে আজ বাঘদল শুয়ে আছে
অন্ধকার সুলভ বলে
তারা সহজেই হয়ে ওঠে মোটা কেঁদো বাঘ
এই দ্যাখো, আমাদের নাভীর নিচে বাঘছাপ
দগ্দগে নিয়ত নবীন
স্তব্ধ বালককাল
১. দয়া কর, দয়াগাছে ফুটে আছে দয়াফুল
মাটির উপরে একা ছায়াঘন শুয়ে আছে দয়াবান
কুয়াশা এসেছে ফিরে বিস্মরণে নিহত সবুজ
আয়ুজলে ভেসে গেলে পাতার মরণ
করপুটে রোদ পড়ে দ্রবীভূত রোদের পিপাসা
দয়া কর, দয়াগাছে ফলে আছে হিমায়িত দয়া
২. সুতার উপরে দেহ ভাসে নিচে জল খলখল
দক্ষিণায়ন বেয়ে ঐ দ্যাখো চলে যায় নৌকা প্রবল
তীরে পলি ছোপ ছোপ পদরেখা অস্তমিত দূরের প্রহর
খেজুর কাঁটার ঘায়ে করতল বেয়ে নামে নমিত লোহিত
কে যায় কে যায় দূরে অতিদূরে স্তব্ধ বালকের দল
হেটমুণ্ডু দীর্ঘ কাঁধ রক্ত চক্ষু হা হা হেঁটে যায় একা
৩. যেভাবে সবুজ ফুঁসে ওঠে রৌদ্র ভোরে
হাওয়ায় হাওয়ায় দোলে
থেমে থেমে জলে প্রকাশিত
মৎস কুমারী জানে প্রকৃত বঞ্চনা
ঘাট থেকে ফিরে এলে মা তোমার নিরূপিত
মাটির থালায় এক প্রাচীন বিড়াল
নির্বিকারে দুধ খায় ভাত খায় চুকচুক
ঘুম ভেঙে দেহ ভেঙে আমি একা
বিছানাবালিশ জুড়ে পুনরপি হামাকাল
মাথার ভিতরে শুধু তারস্বরে খিদে খিদে বলে
সায়াহ্ণের নির্বাপিত মেঘে উড়ে যায় ফলিত সবুজ
জলজ্যোৎস্না
(আমি যক্ষ, জলচর পক্ষী নহি, আমি তোমার
মহাতেজাঃ ভ্রাতৃগণকে নিহত করিয়াছি।-বনপর্ব/মহাভারত)
জলের ভিতর আমি কেন হাত রেখে পুনরায়
পুড়ে যাই পিপাসিত বুকে, কামনা ভাসছে জলে
শিলীভূত উল্টো দেহ ভাসতে ভাসতে দ্যাখো
যক্ষের শরীর থেকে প্রতিভাত হয় সঞ্জীবন বক
সনাথ বৃক্ষের কাছে যতটা পড়েছে ভেঙে
পাপড়িতে আর্তস্বর সন্ত মেঘের পরে নিমফুল
তীরে এসে গুটিশুটি বসেছে নিরবে
স্তন খোঁজে শিশুটিও হার্দ কাতর
নদীতীরে কাঁটা মাথা ধানগানে করেছে গমন
চাঁদের ক্ষমতা দ্যাখো হা হা রবে উঠে আসে মাছ
ঢেউ যায়- তার আগে ঢেউ খুলে ছুটে যায় বাড়ি
রাত শেষে ক্লান্ত বক, চোখে ভাসে তরল আগুন
নৌকা বিলাস
(সুলেখা, অনেক সময় কেটেছে দূর্বাঘাসে-বনবাসে)
১.
যখন এসেছে মেঘ, তোকে বলি,
বালিকার প্রকৃত গণিত ফুটে আছে গাছে
শিশির জমেছে পায়ে শ্যাওলায় ভরে আছে পথ
এই ক্ষণে চুপিচুপি এসেছি পালিয়ে
পুরনো স্বভাব মেনে মা তোমার-
নিরাপদ ছায়া থেকে ঝরে পড়ে নিভৃত খোলস
আমি এক গোপন সর্প দ্যাখো শ্রীমতি বিহনে কাঁদি
আয়ুজলে বুনে রাখি সমূহ বিনাশ
২.
এসেছি পাতার কাছে হাত মেলে রাখি অন্ধকার
পায়ে পায়ে গ্রাম ভেঙে পড়ে
চোখে জমে জল
হাড়ের বেদনা জাগে দরোজার বিভূতিছায়ায়
দূরে যেতে যেতে, তোকে বলি, নদী ও জলের কাছে
শুয়ে আছে ফুলচোর, অপরাহ্ণে নিহত বকুল
৩.
সুপারির গল্প শুনে রোজ রাতে শুতে চলে যাই
কতিপয় বালক আছে, তোকে বলি,
পথে যেতে যেতে তারা সব গোপাটের ছায়া পরিসর
তৃষ্ণা জমেছে দ্যাখো থেমে থেমে কষ্টে প্রবীণ
নাও বেয়ে যেজন গিয়েছে চলে
তার নামে গাই নাই বিলাসের গান
কালোবাড়ি
জানালার পাশে পাখি উড়ে আসে- নতমুখে বলে-
ঐ যে দূরের ঘাট জল তার সাদা, কালো বলে ডাকি-
কালচে সবুজ পুরনো ঘাসের কথা বহুবার বলেছি তোমাকে
মাছির ডানায় তার আদি পাপ- বীজ ভেসে যায়
আমি তার নাম জানি না, ভাঙা ইট- একপাশে
তুলসীর ঝোঁপ, কিছুটা উঠোন রেখা- এখন
ব্যাঙেদের থপথপ শব্দ প্রবল, গুইসাপ ভিটা থেকে
জল ভেঙে নামে, তার পাশে মাটি লেপা ঘর
ছিল কবে- নারিকেলগাছ ভেঙে ঢেকে আছে চূড়া
দ্যাখো, এইখানে হেঁটে এসে চোখ মেলে দেখে নিও-
এখন ফুটেছে ফল বৈচির ঝোঁপে, তুমি এলে
মুনিয়ার ঝাঁক উড়ে যাবে- আরো কাছে ঝুঁকে এলে
দেখতে পাও কিনা- তবু দ্যাখো- মাটির সবুজ ঘেঁষে
আধো মুখে পড়ে আছে শুধু একজোড়া এঁয়োতির চিহ্ণ কিছু
থেঁতলানো পিতলের একটি প্রদীপ- ধুপের গন্ধ লেগে আছে
রাত ওঠে, জানালায় পাখি বসে থাকে, চোথ তার কালো
ল্যাম্পপোস্ট থেকে ঝরে কালো রূপ- কেবল দূরের ঘাট
অচেনা উঠোন- ঠুনঠুন কখন ঘণ্টা বেজে ওঠে এই ভয়ে থাকি
কাকগুলো উড়ে যায় - দুরে প্রপাতের সন্নিহিত বন
ছায়া ভেঙে রূপ ঝরে পড়ে, চোখ ভরে শুনি
বকফুল
প্রতিটি বকের সাথে মৃত্যুফুল ফুটে ওঠে, নদীর কিনার দিয়ে
বাগান বাগান জুড়ে অন্ধকার, সড়সড় শব্দে শুধু
নির্মেদ ঘ্রাণ পেকে ওঠে
ভুরুর আঘাতে দ্যাখো চোখ ভেঙে আসে, দ্যাখো-
অসঙ্গত ইঙ্গিতে তাকে ডেকে আনি, মুখোমুখি বসি-
ভোরের জন্মের সাথে মুছে যায় উরুর বন্ধন
তিনটি কুকুর শুধু নদীপাড়ে ঘুরে ঘুরে নাচে
তার ঘরঘর শব্দে নদী এঁটে নেয় শান-তার মুখোশ
জলের সাদৃশ্য আছে বলে বাতাসের ভিতরে খুলি
বাসি কাপড়ের খুঁট
আমাদের গরুটিও বিহানবেলায় সহজে নিখোঁজ
যে রূপ অন্ধকারে নির্মিত- আলোকের নিজস্ব নিয়মে
সে কেবল রসাত্মক বাক্য মাত্র, আমরাও তাই-
পুনরায় সকাল সকাল উরুবনে যাই,
ভীত মনে আমাদের কড়িগুলো অন্ধকারে পুঁতে রাখি
কড়ি গুণে গুণে বারবার ডেকে বলি-
অন্ধকার সহনীয় নয়, কেবল জানার আশা
আর সব পাপড়ির ক্রোধ, মৃত নদী, বকের বিলাপ
আমি তাই ঘড়ির কাছে প্রার্থনা করি মদ
দুএকটা নতুন নাভি, দূরে দূরে খুদকুড়ো কিছু
এসব বিপন্ন হলে রাতে রাতে জ্বলে ওঠে বন
পরিধিতে ওড়ার বাসনা আছে, আছে ঘুমঘোর
হঠাৎ হঠাৎ করাল মূর্তি কিছু, করতলে পালকের রূপ
বানেছাপরি
নগরবণিক জানে রাত্রি হয়ে ওঠে ঘোড়া
অনেক ঘাসের পরে জল জমে টুপটাপ কামনা পড়েছে ঝরে
প্লাবিত হয়েছে জেনো আমাদের অগভীর নদী
মাটি ফুঁড়ে মাথা তোলে পল্লবিত ক্রোধ- পাতাগুলো দ্যূতিময়
গাছে গাছে বিলাপের শান্ত আয়োজন- অভিজ্ঞতা বিপ্রতীপ মেনে
যতবার নাম ধরে বলেছি তোমাকে ততবার ঝিঁঝিঁ ডাক
বয়ে আনে সান্দ্র হ্রেসা, দূরাগত খুরের শব্দে শব্দে ভরে
হৃতমান তারা
আজো তাই রাত্রিময়ী বালিকার নাম খুলে রাখি আকাশের চোখে
মৃদুপায়ে হাহাহিহি এখন সময় হল- ক্লান্তি- ক্লান্তি ভেঙে
ধীরে বাপু নতুনত্বে কষ্ট প্রদাহ থাকে- তবু ভোর ভোর ওঠা ভালো
এই ফাঁকে তীক্ষ্ণ নখ জানে আহার্যের ঘ্রাণ, বীড়া সমাগমে
বালিশের পাশে শুধু নিভৃতে নিদ্রা যায় তাহাদের ছায়া
ভোজ পরবের কাল শেষ হলে কেউ কেউ হাট করে খুলে রাখে
দরোজার বন্ধ আয়োজন জলে পুষে রাখি খেদ
বাতাসে বাতাসে নড়ে খড়খড়ি
নড়ে ওঠে টিকটিকি শুকনো করোটি ভেঙে ঝরে পড়ে কণ্ঠ মণি
যে গেছে নীরবে নিভৃতে শ্বাসরোধী রং তার সাদা
অনেক সঙ্কেত আছে এরকম ইশারা ইঙ্গিত কিছু-
আছে বড়ো গুহ্যকথা-বিছানায় একা বসে জেনো রেখো
প্রকৃত নিবাস ভুরে ধাপে ধাপে নেমে গেছে সেই কালো পথ
নিচে আরো নিচে ঝরে পড়ে নূপুরের পাশে পাশে লাল লাল
আলতার ছোপ- ইতস্তত আঁশটে গন্ধ ভরা নিবিবন্ধ অথবা চুড়ি
যতবার হাত ছুঁতে গেছি শুধু ততবার ধুপের অভিজ্ঞানে শুনি
যারা মৃদু পায়ে যেতে ভালোবাসে তারা জলতলে মৎস কুমারির গান
আর্দ্র হাওয়ায় ওড়ে রাত্রি প্রদীপ আর দ্রবীভূত ডানা
ঘাটে এলে দেখা যায়- বানেছাপরীর নামে
তীর ছেড়ে চলে গেছে সারি সারি নৌকার পাল
দূরে হ্রেসা ধ্বনি, বণিকের করপুটে ভোর, আর হাহাকার
ধানকাজ
হা তীর্থ নদী জল করতলে খননের দায়
সন্তাপে কাঁপে বুক উঠে আসে শ্যামা ঘাস
দীর্ঘ ফলার নিচে ডিম ভাঙ্গে, খোসা বেয়ে খলখল রক্ত কোমল
চেপে বসা মাটিদেহ, মা তোমার অনন্তের জঁইফুল-
কানের লতিকা ছুঁয়ে জেগে ওঠে অঙ্কুরিত নম্র বিছানা
আমিও জনক রাজা- শাপমন্যি করি চাষ
ভোরের শিশুটি হাঁটে একহাত দূরে দূরে- হাতে পাপড়ির ক্রোধ
আমাদের ত্বকের ভিতরে রোজ সূর্য ডোবে
জ্বলে ওঠে নিষ্পত্র সারি সারি মৃতরাত
এসেছে কালক্ষুধা বাসনা চতুর
গুণে গুণে বুনে গেছি আমাদের করোটিতে আদি পাপ
শেকড় মহিমা মেনে ধানের স্বভাব
মা তোমার যতটুকু আলো অনঙ্গের গীতল বাতাস
অযোনিসম্ভূত দুধ- ঢালো তরল ক্ষমতা- ঢালো জ্ঞান
বংশ পরম্পরা ভেদে ঢেলে দিও হাড়ের ইশারা
তারপর আছে রোদ খরার প্রাচীন খেদ
বৃষ্টিমাছ লাফ দিয়ে বাড়ে পালায় কুশির নিভৃতে
জলের ঘটনা তবু লিখে নিও
লিখো পতঙ্গ প্রবল দিন শিলাঘাতে ঝড়ের তৃষ্ণা জেনো
গর্ভিনীর সহজ পতন
আমি নই তোমার ঘাতক- আছেন বণিক প্রধান
আরও কিছু লেখাজোঁকা কষ্টে প্রবীণ
এই হেতু মা তোমার দুধ নয়, শীষে ফোটে বিষফুল
অনন্তের ফলিত হলুদ
আনন্দ রোজারিও'র বরিশাল পর্বের আরও কবিতা পড়তে চাইলে এই লিংকে ঘুরে আসুন- Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




