আজকাল দিনে দিনে হতাশ হয়ে পড়ছি।
বিসন্নতা আমায় চারিদিকে ঘিরে রাখে।
সামাজিকভাবে নিজের অবস্থান,কিছু স্বপ্ন পূরণের দীর্ঘমেয়াদী অপেক্ষা,চাওয়া-পাওয়ার অসন্তোসজনক সমীকরণ,নিভু নিভু করা আমার আশার প্রদীপ,অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে যাওয়া কিছু পিছুটান,অনিয়ন্ত্রিত সময়যাপন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে ।
মনে হচ্ছে আমি নিমজ্জিত হয়ে যাচ্ছি গভীর জলে।কোন কিছুই হচ্ছে না, যা আমি করতে চেয়েছিলাম ।শুধু জীবনের প্রয়োজনে ঝুলন্ত শরীর নিয়ে দুহাতে আকড়ে ধরে আছি কিছু কাদা মাটি।
সবসময়ই একটা অজানা আশঙ্কার কাজ করছে মনের ভিতর,জোনাকী পোকার মত মাঝে মধ্যেই আলো ছড়িয়ে দিচ্ছে তা।যে আলোয় বার বার ঝলসে যাচ্ছি আমি।
ক্রমে ক্রমে হারিয়ে ফেলছি আমার সেই মনোবল ।
একসময় বলতাম “কেন পারবো না?”
আজ বলি “কি করে পারবো আমি?”
বার বার জানতে ইচ্ছে করছে “আসলে জীবনের মানেটা কি?”
এত ছুটে চলা,এতটা পথ পেরোনো,এতটা পাওয়ার আকাঙ্খা,এতটা স্বার্থপরতা,এতটা হিংসা-বিদ্বেষ,এতটা স্মৃতি জমানো,এতটা সুকীর্তি-কুকীর্তির সাক্ষী হয়ে যাওয়া,এতটা মায়ার বাঁধনে আটকে যাওয়ার অর্থটা কি ?
কি-ই বা জীবনের লক্ষ্য?
না পারছি উপভোগ করতে,না পারছি কাউকে সুখী করতে।
চোরাবালিতে শুধুই হাত-পা ছোড়াছুড়ি আর বাঁচার আর্তনাদ ।
এ জীবনের মানে খুঁজি ……।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




