
অন্যদিন ধূসর পাহাড়ে
ফকির ইলিয়াস
==========================
এখানে কোনো সবুজই থাকবে না-
এখানে থাকবে না কোনো আগুন,
আগুনের উত্তাপ,
মানুষের প্রেম,
চুমুর দৃশ্য,
সবুজের আলিঙ্গন,
থাকবে না হাত ধরে গারো মেয়েদের মিছিল।
কিছুই থাকবে না অবশেষে। একটি আলখেল্লা
শুধুই হাত বুলাতে বুলাতে দখল করে নেবে সব
হ্যাঁ- সব।
শিশুদের হস্তরেখা, গাভীর ওলানের দুধ,
বনফুলের পরাগ, যাত্রীর বাইসাইকেল
ফেরিঅলা'র হাতের সংবাদপত্র
সাংবাদিকের হাতের ক্যামেরা........
কেড়ে নিতে নিতে ওরা শুধু হাসবে। আর আমরা
যারা সুখিয়া রবিদাস-এর জন্য নিভৃতে কেঁদেছিলাম
তারা ঠাঁই খুঁজবো অন্য কোনও পাহাড়ে,
অন্য কোনও দিনকে নিজেদের জন্মদিন ভেবে ওড়াবো
ধূসর পাতার উড়োজাহাজ। দেশান্তরি না হয়েও
যারা মৃতের মত বেঁচে থাকে,
পড়বো তাদের প্রথম জানাজা ।
@
নিউইয়র্ক / ১৩ জুন ২০১৭
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৭ ভোর ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




