একবার সন্ধ্যার কিছু আগে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। ছোটভাইকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম কারণ রাতের বেলা সেখানে থাকবো । মায়ের পক্ষের আত্মীয় তাই বাসা থেকে কোন আপত্তিও করেনি, অনেক অনুরোধে পরে সেখানে যাওয়া। তাছাড়া, ঐ বাড়ির দুই মেয়ের সঙ্গে আমার সম্পর্ক বন্ধুত্বের চেয়ে অনেক বেশী। ঐ বয়সে যা হয়, আত্মার সম্পর্ক!! সে কারণেই আরো বেশি করেই বেড়াতে যাওয়া।
ঐ বাড়িতে ঢোকার পর পর ওদের বড় মেয়েটির ( আমার থেকে সাড়ে তিন বছরের বড়) সঙ্গে তার বড় ভাইয়ের কথা কাটাকাটি শুরু হলো। ঐ বাড়িতে ছেলেরা হলো চোখের মনি। বড় ভাইয়ের সঙ্গে ছোটবোনের তর্ক দেখে ওদের মা দৌড়ে এলেন। এসেই কিছুই না শুনে মেয়ের দুই গালে দুটা চড় মারলেন। তারপর জিজ্ঞ্যেস করলেন, তোকে যে কাজটা করতে দিয়েছিলাম ওটা করেছিস? মেয়েটা বললো, অর্ধেক শেষ হয়েছে বাকিটা রাতে শেষ করবো। এই কথা শুনে সেই মহিলা মানে ওদের মা বিশাল এক গাছ কাটা লাকড়ি যার ওজন কমপক্ষে এক কেজি হবে সেটা তুলে নিয়ে মেয়েটিকে পেটানো শুরু করলো। ভয়াবহ অবস্থা। মেয়েটির মুখে মারলেন, গাল আর হাত ফেটে রক্ত বের হওয়া শুরু করলো। আর মেয়েটি ব্যাথায় চিৎকার শুরু করলো। আশেপাশের বাড়ির লোকজন উঠানে এসে হাজির হলো আর এভাবে মেয়েকে মারতে দেখে কেউ কেউ হাসতে থাকলো। কেউ আবার বললো, রোজ রোজ মেয়েকে পিটানোর বাহানা খোঁজে। এসব দেখে আমি রেগে গেলাম। আশে পাশের লোকজনদের রেগে বললাম, এখানে কি? নাটক হচ্ছে? নাটক দেখতে আসছেন? যান এখান থেকে। মেয়েটাকে তখনও ধোলাই চলছে, মা -ছেলে মিলে ধোলাই করতে লাগলেন মেয়েটাকে। ১ ঘন্টা পর যখন ধোলাই শেষে মেয়েটা প্রায় অজ্ঞান হয়ে গেল তখন তারা থামলেন। তারপর আমার দিকে এগুলেন। মেয়েটার মা বললেন, এইসব শিখেছো তুমি তোমার পরিবারের কাছে? বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় শিখোনি? ওনার ছেলে আমাকে বললেন, তুমি আশে পাশের লোকজনকে বললা ওরা কি এখানে নাটক দেখে? তোমার এত বড় সাহস? সন্ধ্যা সাড়ে সাতটায় আমাকে তাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বললেন। তাদের বাড়ি ঢাকা থেকে অনেক দূরে। রাতের বেলায় রাস্তায় বের হওয়া যায় না। ঘুটঘুটে অন্ধকার !! ঐ রাস্তায় সন্ধ্যার পর তখন কোন গাড়ি বা রিকশা পাওয়া যেতনা। কিছুদূর এগুলে সেখানে একটি এলাকা আছে যেখানে নিয়মিত ডাকাতি হয় রাস্তায়।এসব জেনেও আমি আমার ছোটভাইকে সঙ্গে নিয়ে বের হয়ে গেলাম।
তখন ওদের ভাইটা তাড়াতাড়ি আরেক ছোটবোনকে বললো ওকে আটকা। নতুবা, সকালে বিশাল গন্ডগোল লাগবে পুরো পরিবারে। ওর বাবার সামনে মুখ দেখানো যাবেনা। ঐ বাড়ির ছোট মেয়েটা ( আমার চেয়ে এক বছরের ছোট) আমাকে বললো, তুমি চলে যাও, তবে এইটুকু ভেবো আজ যদি এইসময় বের হয়ে যাও তাহলে তোমাদের বাসার সঙ্গে আমাদের বাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তোমাদের বাসা থেকে তোমার আম্মুকে কথা শোনাবে, কারণ আমরা তোমার মায়ের পক্ষের লোক। আমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে সেদিন সেই রাত সেই বাড়িতে না ঘুমিয়ে না খেয়ে কাটিয়ে দিলাম, তবে ছোটভাইকে নিজ হাতে খাওয়ালাম। তারপর কারো ঘুম ভাঙ্গার আগেই ঐ বাড়ি থেকে বের হয়ে ঢাকার পথ ধরলাম।
বাসায় আসার সঙ্গে সঙ্গে শুনলাম, আম্মুর কাছে ফোন এসেছে, তোমার মেয়ে অনেক বেয়াদব হয়ে গ্যাছে, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় শেখেনি। মেয়েকে মানুষ করতে পারোনি!! এমন মেয়েদের ভাল করে পিটিয়ে শিক্ষা দিতে হয়। আর বেশী পড়ালেখা না করিয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, তাহলেই মঙ্গল।
বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে আম্মু জিজ্ঞ্যেস করলো কি হয়েছিলো? তুমি নাকি অনেক বেয়াদবি করেছো? আমি কিছু বলার আগে আমার ছোটভাই বললো, আম্মু জানো নাতো ....... আমার আর কিছু বলতে হয়নি, আমার ছোটভাইটাই তখন ওর বয়েস ১২ হবে সেই সব বুঝিয়ে বললো। এসব শুনে আমার মা আমার দিকে অসহায়ের মত তাকিয়ে রইলো। তার সেই চাহনী আমায় বলে দিলে, তোমার আব্বুর সঙ্গে এসব নিয়ে কথা বলোনা স্নিগ্ধা। তাহলে সমস্যা আরো বাড়বে।
বাবাকে জানালে, ঐসব মানুষেরা আমাদের বাসায় আর কোনদিনও প্রবেশ করতে পারতো না। আমি আমার জননীর দিকে তাকিয়ে, সেই রাতের অপমান হজম করে গেলাম।
ফারজানা কবীর খান (স্নিগ্ধা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


