দিন এলো সময়ের নতুন জামা নিয়ে
শিকলের গ্রন্থি ছেঁড়ার দিন
সকল বিষণ্নতাকে জমা কর প্রিয়তমা
ছুঁড়ে আসবো আজ কালের আবর্জনার স্তুপে।
স্বপ্নের দিনগুলো গুছিয়ে নাও নতুন করে
তক্তার উপরে, বাঙ্-সিন্দুকে, বিছানার তলে
পাটির পঁ্যাচে, অাঁচলের খোঁটে, লুকানো বেণীতে
তোমার অপূর্ণ আকাংখার টুকিটাকি জমিয়ে নাও।
ওই দেখ, আমাদের রাত্রি-জীবনের অাঁধারে
ঊষার মুচকি হাসি, আদর্শের ঝিলিক, চমকিত
ভোরের গানটি ধর না তোমার পবিত্র কণ্ঠে
এসো, জীবনকে ভাবি মহামূল্যবান পাওয়া।
তুমি তো জান, জানি আমিও যুগে যুগে
রক্ত-পিচ্ছিলতায় আমাদের আগমন ও গমন
বাঁকা চোখের, বাঁকা ঠোঁটের নিক্ষিপ্ত বিষগুলো
মুছে ফেল তোমার মায়াবী ঐতিহ্য-অাঁচলে।
বিচলিত হয়ো না প্রেয়সী, তুমি দেখে নিও
আমাদের প্রতিটি বাক্য-মিলনে জন্ম নিবে
ইতিহাসের এক একটি কলম, আদর্শের শহীদ
চিরঞ্জীবের পূর্বসূরী হবে আমাদের পবিত্র প্রেম।
02.07.2006
মদীনা, সৌদি আরব
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




