
মানুষ মানুষের জন্য। মানুষ যদি মানুষের বিপদে এগিয়ে না আসে তাহলে তো সে অমানুষ। শুধুমাত্র যে অর্থ দিয়েই মানুষকে সাহায্য করা যায়, তার পাশে থাকা যায়, এমন না। অনেক সময় কারো সমস্যায় তার পাশে থেকে বলা যে আমি আছি তোমার পাশে, এতেই অনেক কিছু।
আমি আমার নিজের সামর্থ্য অনুয়ায়ি ব্যক্তিগতভাবে অসহায় মানুষের জন্য সব সময় কিছু করার চেষ্টা করি। তারপর যখন বিভিন্ন ব্লগ ও অনেক ফেসবুক গ্রুপেও অনেক সামাজিক কাজ অনেকে হাতে নেই তাতেও অংশ গ্রহণের চেষ্টা করি। এবার রোজার আগে একটি ফেসবুক গ্রুপ থেকে পথ শিশুদের সাথে ফল উৎসবের একটি কাজে অংশ গ্রহণ করেছিলাম সরাসরি। দেশের বাইরে থাকার কারনে সামান্য কিছু অর্থ সাহায্য করেই আমার কাজ শেষ, আর অর্থের যথাযথ ব্যবহার করতে বলে দেই আমার মাকে।
এবার পথশিশুদের সাথে ফল উৎসবের সময় দেশে ছিলাম বলে, এই আনন্দ থেকে নিজেকে দূরে রাখতে চাইনি। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পিকআপে ঘুরে ঘুরে আমরা অনেকেই ফল বিতরন করেছিলাম। আমার সাথে আমার ছেলেও ছিল। এসব ছবি ফেসবুকে দিয়েছিলাম, প্রচারের জন্য নয়, যাদের ভেতর মানুষকে নিয়ে কিছু করার ইচ্ছা আছে, তারা যেন এসব দেখে নিজের ইচ্ছাকে কাজে লাগাতে পারে তাই।
এই ছবি দেখে আমার এক ফেসবুক বন্ধু আমার কাছে অনেক কিছু জেনে সেও নিজে একটি গ্রুপ তৈরী করেছে। আমি বেশির ভাগ কাজ করি ব্যক্তিগতভাবে। তাই সব গ্রুপের সাথে জড়িত হতে পারিনা নিজের আর্থিক সীমাবদ্ধতার কারনে। আমার সেই ফেসবুক বন্ধু তার ইউনিভার্সিটির আরো কিছু ছেলেমেয়ে নিয়ে এই পর্যন্ত বেশ কিছু সামাজিক কাজ করে ফেলেছে। শীত আসার আগেই তারা শীতের জন্য কাজ শুরু করে দিয়েছিল। পঞ্চগরের ৩০০ জনকে তাদের ৩০০কম্বল বিতরণের ইচ্ছে ছিল। যার জন্য ৮৫হাজার টাকার দরকার ছিল।আমি তাদের সাথে সামান্য অর্থ দিয়ে যুক্ত ছিলাম, অবাক হয়ে দেখলাম তারা ঠিকই তাদের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে,কম্বল কিনে বিতরণও করে এসেছে। মানুষের জন্য কিছু করার ইচ্ছে মন থেকে নিলে তা সফল হয়ই।
ফেসইবুকে ছবি দেখে অনেক নিন্দুকেরাই এসব নিয়ে হাসাহাসি করে। কিছু করে এটা প্রচারের কি আছে, এসব শুধুই লোক দেখানোসহ আরো অনেক রকম নিন্দাই করে। কিন্তু নিন্দুকের মুখে ছাই দিয়ে ঠিকই ভাল কাজ গুলি সফল হয়ে যায়। প্রচার থেকে যদি ভাল কিছু হয়, অবশ্যই আরো বেশি বেশি করে প্রচার করা উচিত। অনেকেই ব্লগে, ফেসইবুকে এসব ছবি দেখে নিজে কিছু করার তাড়না অথবা কোন গ্রুপের সাথে মিলে কিছু করার তাড়না অনুভব করে। অনেকেই একা অনেক কিছুই করতে পারেনা, এসব দেখে বুঝে, জানে যে সে একা নয়, তারমত আরো অনেকের অল্প অল্প সহযোগিতায় অনেক কিছুই করা সম্ভব।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




