গতিপথ বদলে যায়,
নতুন করে অঙ্কুরিত হই প্রত্যহ
ভাবি এবার তাহলে সূর্যলোক পাবো
টাটকা বাতাসে পালক মেলবো এবার
কালবৈশাখীর ঝড় এবার আর লণ্ডভণ্ড করতে পারবে না
আমাদের সোনালী অঙ্কুর
এবার সত্যি ফলে উঠবো
মাটির ফলা তুলে কান মেলে শুনবো পৃথিবীর গান
আর সবুজে ভরে দেবো
ঘুণে ধরা পৃথিবী।
গতিপথ বদল হোক
মানুষ যে যার পথে চলে যাক
মিথ্যের মোহে তারা ভুলে যাক ভ্রাতৃত্ব
আমরা সত্যি হয়ে ফলবো
ছায়া দেবো, ফুল দেবো, ফল দেবো
আর সৌন্দর্যের পল্লব মেলে নান্দনিক করে তুলবো
এই পতিত পৃথিবী,
অরণী তুমি এসো, আবার ফিরে এসো
আমরা আমাদের আবাসযোগ্য সংসার পাতবো
এই পৃথিবীতেই
আমরা সুখের জন্য বিধাতার কাছে স্বর্গলোক চাইবো না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



