শাফিক আফতাব....................
অনুসূয়া, দূরে থাকো__তবু রাত্রিগুলো ভরে থাকে তোমার সুবাসে :
শীতের চাদরের মতোন আঁধার মুড়িয়ে আমি শুয়ে থাকি__ পিঠার ভাপেঁর মতোন
উষ্ণ শ্বাস কুয়াসার মতোন ছেয়ে যায় তোমার চোখে চুলে__
তোমাকে ছুঁই আমি মনের ভুলে।
নদীর স্রোতের মতোন রাতের আঁধার ভোরের মোহনায় শেষ হয় :
সফেদ আলোর আস্বাদে চোখের পাতা খুলে যায় ঘুমের ঘ্রাণে__
তুমি এসে__ স্পর্শে, যাদুমন্ত্রে জাগাও__ আমি ফুটে থাকি ফুরফুরে প্রাণে।
রাত্রিগুলি নিঃসঙ্গ__ তবু যেন হেমন্তের ক্ষেতের মতোন পরিপূর্ণ :
তুমি আমাকে চূর্ণ করে ভেতরে পাতাল রেলে ভ্রমণ করো__
তোমার ফুলে মুখে রেখে ঘ্রাণে অবস অবসন্ন হই:
রাতের আঁধারে ফুটে ওঠে খই।
অনুসূয়া দূরে থাকো__তবু তোমার মসৃণ স্পর্শে জেগে উঠি :
গোয়েন্দা পুলিশের মতোন তোমার অন্তরমহল সন্ধান করি সোনা-দানা-রৌপ্য
তুমি নেই__ তবু, তোমাকে শোনাই রূপকথাকাহিনীর গপ্প।
২২.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


