রাত্রি মদির হতে থাকে
শাফিক আফতাব.....................
সুন্দর, আবরণ ঠেলে যখন বনপত্রের ভিতর থেকে বাহিরে বেরিয়ে আসো__
মনটা ভরে থাকে তোমার সুবাসে__মুঠো ভরে যখন অনুভব নিই তোমার ;
মনে হয় আনন্দ আর পুলকগুলো আমি রঙিন শরবতের মতোন পান করছি,
তোমার গঠনে পৃথিবীর তাবৎ সৌন্দর্য হার মেনে যায়।
সুন্দর তোমার স্থিতিস্থাপকতা আর নির্মাণশৈলির নিপুণতায় আমি নিজেই
সুন্দর হয়ে যাই__শিশুর মতোন মুখ ডোবাই যেন স্তনে__
আর গনগনে আগুণের ফুলকি তখন আমার রক্তে বয়ে যায়__বুদবুদ করে।
আমি এক আবহমান শিশু__নন্দন বিদ্যায় তখন বর্ণে সাজাই
সে ভাষায় থাকেনা কোনো বর্ণমালা__থাকে শুধু অঙ্কের সূত্র
চৌম্বক আবেশ__ আর থাকে নিত্যতার গান__আর ক্ষুধিত পরাণ।
ঝিনুকের কপাট খুলে মুক্তার মতোন বেরিয়ে আসে সুন্দর__সুন্দরের মাঝখানে
থাকে এক গিরিপথ__গিরিপথে থাকে পাহাড়ের ঢালু__পাহাড়ের শীর্ষে যখন
রাখি স্পর্শের পুরাণ__অফুরান আনন্দের বাতাস পাগল করে তোলে তখন
আমাকে। আমি চোখ বুজে সুন্দরের মুখে মুখ রাখি__ রাত্রি মদির হতে থাকে.....
১০.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




