ভালোবাসার বিজ্ঞপ্তি
শাফিক আফতাব............
কেউ ভালোবাসলো না, বাসলো পোশাক, অর্থ আর বৈভব
কেউ কাছে আসলো না, আসলো স্বার্থে, আর্তে, নির্জন রাত্রে।
কেউ কথা রাখলো না, রাখলো গচ্ছিত অর্থ, দিলো কিছু শর্ত
কেউ কথা শুনলো না, শুনলো রসে, কষে আর ফলে।
কেউ মানলো না, একটি গোলাপ আনলো না, বসলো না কাছে
উষ্ণতা দিলো না শীতার্ত পৌষ মাসে।
কেউ দেখলো না চোখে, বসলো না যৌবনের শাখে, গাইলো না গান
ঠাণ্ডা জলে শান্ত করলো না ক্ষুধিত পরাণ।
কেউ হাতে রাখলো না হাত, দিলো না এক প্লেট দুধভাত
বুকের গভী থেকে দিলো না উষ্ণ কবিতার ছন্দ, একটি মধুরাত।
কেউ জড়ালো না স্বর্ণলতায়, গভীর ভালোবাসায়
হোক অভিনয়, পরিনয়, হোক তৃণমূলের তনয়া, হোক অবহেলায়।
তবু আমি ভালোবাসার কুলোয় ফুল নিয়ে বসে থাকি
শেষ বেলায়ও একটি মাত্র মুহূর্ত পাই যদি শাশ্বত ভালোবাসা ঝাপিঁ
২৬.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


