একটি রাজনৈতিক কবিতার খসড়া
শাফিক আফতাব....................
একটি কবিতার বিষয় খুঁজছি, নিশিরাতে, কী নিয়ে লেখা যায আজকের রাতের শেষ কবিতাটি ?
দেশে তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে হরতাল চলছে, ভাংচুর জ্বালাও, পোড়াও আর আহত নিহত মিলে
গেছে কিছু প্রাণ, ভাবছি লিখি না হয়, হরতাল নিয়ে একটি কবিতা,
কিন্তু আমি তো রাজনৈতিক কবি নই, আমার যেখানে নুন আনতে পানতা ফুরায়, রাজনীতির 'র' বুঝিনা,
কুটকৌশলের 'কু' অর্থ আমার জানা নেই, তো রাজনীতি নিয়ে কবিতা লিখবো, এ ভাবনা অপলাপ ছাড়া আর কিছু নয়।
তারচে বরং কবিদের স্বভাবদোষ, নারীদেহ, তাদের সুস্বাদু খাবারের তালিকার অন্যতম ভোজ্য __
এই ধরুণ, লকলকে চুল, হরিণীর মতোন চোখ, মুক্তার মতোন কানের দুল, শিশির বিন্দুর নাকফুল,
তরমুজরঙের ঠোঁট, বর্শার ফলার মতোন নাসিকা, আর কচি লাউয়ের মতোন স্তন__এইসব স্পর্শকাতর
শব্দ নিয়ে একটি প্রেমের কবিতা লেখা যায়।
কিন্ত দেশে যদি অরাজকতা বিরাজ করে, অর্থনৈতিক মুক্তি না থাকে, থাকে রাজনৈতিক অস্থিরতা,
যদি সঙ্গমসময় জানালার পাশে বুলেটবিদ্ধ হয়, যদি জারি হয় একশত চৌয়াল্লিশ ধারা, যদি দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটে
অস্বাভাবিক, তখন নারীদের এইসব নান্দনিক সৌন্দর্য, কদর্য হয়ে দেখা দেবেনা কি, কামনাপ্রবণ পুরুষের মনে?
তাই ভাবছি রাজনীতির কবিতা লিখবো, শ্লোগানে মুখরিত করবো রাজপথ,
তবে রাজা হটাবার জন্য নয়, রাজা যে আসে আসুক, রাজার দুলাল না মুছি মেথর,
সেটা দেখার বিষয় নয়, বিষয় বসবাসের জন্য চাই উদ্বিগ্নহীন এক নির্জননিলয়, শোষণমুক্ত কল্যাণরাষ্ট্র
প্রেয়সীকে ভালোবাসার জন্য এক নিরাপদ আবাসন, আর দুর্নীতিহীন একটি পবিত্রতম দেশ ।.......
২৯.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


