জলবতী নদীর মতোন ভরপুর অনুভবে খুলে দিলে মন
প্লাবিত পুলকে ভেসে গেলাম বর্ষাবাদলের দিনে
মনে হয় কত জনমের থেকে জমানো ঋণে
ফুলবতী ফুল্লরা তুমি, ভরপুর করে তুললে প্রতি অনুক্ষণ।
মেঘের দেহে জমানো জলকণা যেন বহুদিবসের পর
ঝরঝর বর্ষণে মুখরিত করছে রুক্ষ, শীর্ণ কাশবন
বহু বসন্তের পর আজ একী আবেশ পতিত প্রাণের ভেতর
কেমন কোমল স্নিগ্ধ সুবাস বিলায় আজ দখিনা পবন।
রক্তে আজ সুবাস ঢেলেছে কে ? প্রাণে কে দিলো স্পন্দন
নদী নক্ষত্র আর নারীরা কেনো আজ নিবেদীতা
আকাশ আর সাগরের আজ একী লুকোচুরি, একী মন্থন
ফুলের ডালায় আজ একী এলো আমার স্বর্গের সবিতা।
জলবতী নদীর মতোন প্রিয়তমা আজ কেমন উচ্ছল
সে আজ পান করালো সুধাময় মদির স্বর্গলোকের জল।
২৮.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




