
বর্ষা এলো সবুজ ঘাসে বৃষ্টি পরে ঝুম ঝুমিয়ে
বন্ধুরা সব খেলার মাঠে থাকছি না তো আর ঘুমিয়ে।
মায়ের বাঁধা শুনছে কে আর চলছে খেলা সকাল দুপুর
বৃষ্টি এসে দস্যি পায়ে দেয় পরিয়ে সোনার নুপুর।
সর্দি কাশি আসবে পিছে ওসব থুরাই কেয়ার করি
দলবেঁধে যাই গায়ের শেষে ছোট্ট নদী সাঁতরে পাড়ি।
আম পেরে খাই জাম পেরে খাই উঁচু গাছের শাখায় উঠি
ইচ্ছে হলে আনন্দকে আনছি ডেকে নিচ্ছি লুটি।
রঙ বেরঙের নানান ফলে সুবাস ছাড়ে জৈষ্ঠ্য মাসে
রাঙিয়ে তুলি মন মিতালি মিষ্টি পাকা ফলের রসে।
কদম বকুল শিউলিমালা হাসনাহেনা ফুল কুড়িয়ে
গাঁথছি মালা চিকন সুতোয় পুতুল সোনার দিচ্ছি বিয়ে।
বাজছে সানাই তাল পাতাতে বর আসছে পালকি নিয়ে
কেউবা আবার গীত বানছে মনের সুখে ইনবিনিয়ে।
ইচিং বিচিং হলুদটোকা ডাংগুলি আর লুকোচুরি
গোল্লাছুটে কি আনন্দ কেউবা আবার সাজছে পরি!
বাঁশের গাড়ি চড়ছি কেহ টানছি আবার মনের সুখে
নিজের মনে নিজেই রাজা আনন্দ সব থাকছে বুকে।
সন্ধ্যা হলে অন্ধকারে ছনের ঘরের উঠোন জুরে
গ্রামগুলো সব উঠতো সেজে জোনাক পোকার আলোয় ভরে।
প্রজাপতি মেলতো পাখা মৌমাছিরা ফুলের বুকে
আনতো মধু পড়তো রেনু সাজতো তারা আপন সুখে।
বন্ধুরা সব কে কোথা আর আনন্দ সব কই পালালো
কোথা গেল বৃষ্টি খেলা সুখগুলো সব কই হারালো?
প্রাচীন খেলা জায়গা পেল পাঠ্য বইয়ের পৃষ্ঠা জুড়ে
সুখ হারালো ফেসবুকে আর ফ্রি ফায়ারে দেশটা পুড়ে!
টিকটকে আর পাবজি খেলে ধ্বংস হলো তরুণ কিশোর
যুবক যদি যায় বিপথে এমন জাতীর আসবে কি ভোর?
এখনো তো আগের মতোই বৃষ্টি নামে শ্যামল দেশে
বৃষ্টি আছে নদীও ঠিক আনন্দ কি তেমনি আছে?
কেমন করে বদলে গেল জলবায়ুর মতিগতি
মিথেন গ্যাসে ভরলো কেন এটাই কি হায় অগ্রগতি?
বাদল এলেই মেঘ গুড়গুড় শক্ত কঠিন বজ্রপাতে
নিত্যদিনই যাচ্ছে মারা দেখছি যে লাশ মাঠে ঘাটে!
মধুমাসে ফলের রসে মুখ রাঙাবো জো কি আছে
ধ্যাৎতেরি ছাই ভীষণ গরম কেমন করে জীবন বাঁচে?
কেমন করে বদলে গেল শ্রী হারালো সোনার এ দেশ
নদীর পানি কুচকুচে ক্যান দেখতে কেন লাগছে না বেশ?
সাঁতরে যাবো গাঁয়ের নদী উপায় কি তার একটু আছে
মৎস ভাতে বাঙালী সব এখনো কি আস্ত আছে?
জিডিপি আর রেমিটেন্সে কৃষি জমি নিচ্ছে কেড়ে
দালান কোঠা উঠছে সবি বৃক্ষগুলো ধ্বংস করে!
দে ফিরিয়ে সোনার স্বদেশ দে ফিরিয়ে ধানের জমি
বৃক্ষ লাগা নইলে পরে রোদের চোটে হচ্ছি মমি!
দে ফিরিয়ে গায়ের নদী শান্ত জলে সাতার কাটি
মৎস কোথায় দে ফিরিয়ে বিষাক্ত ক্যান জমির মাটি?
টাকা কড়ি যায়না খাওয়া এসব কথা বুঝবি কবে
হাওয়া খাবি জো আছে তার ছটফটিয়ে মরতে হবে!
ছবি: অন্তর্জাল
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২১ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



