
ছবি সূত্র: ব্লগার শফিউল আলম চৌধূরীর "ছবি ব্লগঃ People at work - কর্মজীবি মানুষ" এর ছবিগুলো দেখে মাথায় আসা পংক্তিমালা গুছিয়ে লিখেছি। ছবিগুলো সেই ছবি ব্লগ থেকেই নেয়া।
(১)
জীবিকার খোঁজে অবিরত ছুটি বিশ্রামই বিলাসিতা
চোখ দুটি বুজে মেলিয়া ধরেছি জীবনের খেরোখাতা।
কোন এক ঝড়ে এলোমেলো সব মিলছেনা ঠাঁই তীরে
স্বপ্নগুলোকে হারিয়ে ফেলেছি কোটি মানুষের ভীরে!
পুরানোকে গড়ি নতুনের সাজে যদিও বা সেটা ফেলনা
আমার জীবনটা কেন তবে আজ অন্য হাতের খেলনা?
এরই মাঝে চলে ছোট ছোট কিছু স্বপ্নের জাল বোনা
মাথার এ ঘাম পুঁজি করে বাঁচি যদিও বা সেটা লোনা!

(২)
শীর্ণ শরীরে ধীর পায়ে চলি কাঁধের উপরে বোঝা
শক্ত করিতে অন্যের ঘর পিঠকে করেছি কোজা।
রোদে পুড়ে খাঁটি মাটির এ দেহ রাতদিন খেটে চলি
আহার যা জোটে তৃপ্ত তাতেই সদা শুকরিয়া বলি।
শ্রমের রুজিতে নেই কোন খাদ হালাল এর সবটাই
খোদার বিচারে প্রিয় হয়ে শুধু জান্নাত পেতে চাই!
ছোট এই মনে ফরিয়াদ রব আর কিছু নেই চাওয়া
তোমার খুশিতে চলি যেন সদা এটাই পরম পাওয়া!

(৩)
ফসলের মাঠে চারাগাছ যেন কৃষকের ছেলেমেয়ে
তাহাদের হাতে বেড়ে উঠে ওরা পরম যত্ন পেয়ে।
ছোট্ট শিশুরা বাবাদের পেয়ে খুশিতে আত্মহারা
কৃষককে পেয়ে শিশুর মতনই দুলে উঠে ছোট চারা!
বেড়ে উঠে ধান ভরে উঠে গোলা নেই কেন হাসি মুখে
ফসলের পয়গামে চিন্তার ভাঁজ চাপা কষ্ট যে তার বুকে।
কৃষকের সুখ মহাজন নেয় ঋণেতে বাঁধিয়া শির
ফসলের দাম রোজ রোজ কমে চিন্তাতে অস্থির!
---------------------------------------------------
১৯ জুন ২০২১ খ্রি:, শনিবার
ভালুকা, ময়মনসিংহ।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২১ সকাল ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




