দেশের অর্থনীতির চালচিত্র নিয়ে বিরোধীদলীয় নেতার উপস্থাপন সঠিক বলেই মনে করছেন আকবর আলি খান ও এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
তবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক দুই অর্থ উপদেষ্টা জোর দিচ্ছেন সঙ্কট উত্তরণের ওপর। তাদের মত, উত্তরণের উপায় খুঁজতে সরকার ও বিরোধী দল দুই পক্ষকে একমত হতে হবে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। চার পৃষ্ঠার লিখিত বক্তব্যে প্রচুর তথ্য-উপাত্ত তুলে ধরে তিনি বলেন, অর্থনীতি সঙ্কটে, দেশ দেউলিয়াত্বের দিকে যাচ্ছে।
অসরপ্রাপ্ত সচিব আকবর আলি খান মনে করেন, বিএনপি চেয়ারপারসনের এ বক্তব্য সংসদে দিলে ভালো হতো। তাতে সরকারি দলের সহ সব সংসদ সদস্যের আলোচনায় উত্তরণের একটি পথ বেরিয়ে আসার সম্ভাবনা থাকতো।
আকবর আলি শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরোধীদলীয় নেতা অর্থনীতির যে সঙ্কটের কথা বলেছেন, তা সংসদে দিলে সংসদ নেতা অবশ্যই তার জবাব দিতেন। অর্থমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যরাও অংশ নিতো। যার মধ্য দিয়ে হয়তো উত্তরণের একটা উপায় খুঁজে পাওয়া যেতো।”
তবে তার মতো আশাবাদী নন মির্জ্জা আজিজ। খালেদা সংসদে বললে ভালো হতো বলে মনে করেন কি না- জানতে চাওয়া হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।”
“তবে এটা বলতে পারি, যে সংসদে চার মিনিটেই ঢাকা দুই ভাগ হয়ে যায়, সে সংসদে বিরোধীদলীয় নেত্রী অর্থনীতির সঙ্কটের কথা বললে সরকারি দল খুব বেশি আমলে নিতো বলে আমার মনে হয় না,” যোগ করেন তিনি।
দীর্ঘদিন ধরে সংসদ বর্জন করে আসছে বিএনপি। তবে আকবর আলি মনে করেন, বিরোধী দলের সংসদে উপস্থিত থাকা নৈতিক ও আইনগত দায়িত্ব।
বিএনপির চেয়ারপারসনের বক্তব্য বিশ্লেষন করে তিনি বলেন, “তিনি যে সব সঙ্কটের কথা বলেছেন, তা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশ নিয়ে তাদের সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করেছে। তবে বিরোধীদলীয় নেতা যে ভাষায় বলেছেন, আইএমএফের প্রতিবেদনে সে ভাষায় বলা হয়নি।”
“রাজনৈতিক নেতা-নেত্রীরা রাজনৈতিক ভাষায় কথা বলবেন, সমালোচনা করবেন, এটাই স্বাভাবিক,” একইসঙ্গে বলেন তিনি।
আইএমএফ তাদের প্রতিবেদনে বলেছে, চলতি ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি (অর্থনৈতিক প্রবৃদ্ধি) কমে যাবে। মূল্যস্ফীতি আরো ঊর্ধ্বমুখী হবে। আমদানি ব্যয় বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়বে। এর ফলে ডলারের বিপরীতে টাকার মান আরো কমে যেতে পারে। পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়লে ব্যাংকিং খাত দুর্বল হয়ে পড়বে।
অর্থনীতির এ সব পূর্বাভাস উড়িয়ে না দিয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে সরকারকে পরামর্শ দেন সাবেক অর্থসচিব আকবর আলি।
সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করে তিনি বলেন, “অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় যে সব আশ্বাস দিয়েছিলেন, এখন মনে হচ্ছে- তা পূরণ হবে না। এমনকি আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে অর্থনৈতিক ক্ষেত্রে যে সব প্রতিশ্র“তির কথা বলেছিল, তার সবগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না।”
“কাজেই আইএমএফ বলুক, আর বিরোধীদলীয় নেতা বলুক- অর্থনীতির যে সব ক্ষেত্রে সমস্যা আছে উত্তরণে সরকারকে অবশ্যই দায়িত্বশীল হওয়া উচিৎ বলে আমি মনে করি,” যোগ করেন তিনি।
তার সঙ্গে সহমত পোষণ করে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসির সাবেক প্রধান মির্জ্জা আজিজও বলেন, সরকারের সতর্ক হওয়া উচিৎ।
তবে তিনি একইসঙ্গে বলেন, খালেদা জিয়ার বক্তব্যে সঙ্কটের চিত্র পাওয়া গেলেও সমাধানের দিক-নির্দেশনা পাওয়া যায়নি।
মির্জ্জা আজিজ বলেন, “প্রধান বিরোধী দল যদি সত্যিকার অর্থে দেশের অর্থনীতির ভালো চায়, তাহলে সঙ্কট থেকে বেরিয়ে আসার পথ দেখাতে হবে, আলোচনায় বসতে হবে, সহনশীল হতে হবে। অন্যদিকে সরকারি দলকেও বিরোধী দলের সমালোচনা-পরামর্শ আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
বিশ্ব অর্থনীতির চলমান অস্থিরতায় দেশের অর্থনীতি ঠিক রাখতে দুই দলের মতৈক্য প্রতিষ্ঠায় জোর দিয়ে আকবর আলি ও মির্জ্জা আজিজ উভয়ই বলেন, সরকার-বিরোধী দল সম্মিলিতভাবে চাইলেই কেবল এ সঙ্কট উত্তরণ সহজ হবে।
খালেদা জিয়া তার এক ঘণ্টার বক্তব্যের প্রায় সব ক্ষেত্রেই সরকারি তথ্য (বাংলাদেশ ব্যাংক, পরিসংখ্যান ব্যুরোসহ অন্যান্য সংস্থা) ব্যবহার করেন। এর আগে তার কোনো বক্তৃতায় এত তথ্য উপস্থাপন করতে দেখা যায়নি। আর সব তথ্যই ছিলো মোটামুটি হালনাগাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



