২.
আমি বলি বেঁচে আছি, এই সংবাদটি বিশ্বব্রহ্মাণ্ডের গুরুতম সংবাদ। তুমি হাসো। ভাবো পাগলামো, আমার অনেক কথাকেই। বস্তুত, অনিয়ম আর অস্বাভাবিকতা, তোমার ভাবনায়, আমার আজন্মের সঙ্গী। এই যে জেগে থাকা, পৃথিবীর রূপ-রস-গন্ধ টেনে নিতে নিতে প্রাণ খুলে গাওয়া : 'আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা', ক্ষুদ্র আয়ূর কণিকাগুলো গুণে গুণে উপভোগ করা -- এর কি তুলনা হয়!
তবু তুমি বলো, 'ঘুমাও'। আমি অবাক হই।
সখি, আমি যে ঘুমাতে বড্ড ভয় পাই। তুমি বলো শরীর। বলো স্বাস্থ্য। কিন্তু রোজ রোজ মহার্ঘ্য আয়ূর বড়ো একটা অংশ ক্ষয় করে ফেলা, হ্যাঁ ক্ষয়ই তো, বৃথা, ভাবনাহীন -- মৃত্যুর মতো অন্ধকারে, আমি পেরে উঠি না।
হযরত মুহাম্মদ, তাঁর ওপর শান্তি, বলতেন ঘুম হলো মৃত্যুর মতো। তিনি ঠিকই বলতেন। মকবুলা মনজুরের একটা বই, 'একটাই জীবন'। ওই একটাই জীবন কথাটা পড়ে আমি চমকে উঠেছিলাম। হ্যাঁ, একটাই। ডাক যখন আসবে, কতোটা সময় ঘুমিয়ে কাটালাম, কতোখানি জেগে, হিসেবের অবসর হবে না। ঈশ্বর এখানে বড়ই কৃপণ, একবার ভুলেভালে জীবন কাটিয়েছো তো মরেছো, নতুন করে শুরু করবার অবকাশ নেই। আমার একুশ বছর তো এভাবেই গেছে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




