সকালের সূর্যটা প্রতিদিনই আমাকে আলকিত করে যেমন আলোকিত করে আসছে হাজার বছর ধরে। সকালের মিঠেকড়া রোদ আমার ভালই লাগে কিন্তু ডিসেম্বর এলেই কেন জানি এই মিঠেকড়া রোদটা আর ভাল লাগে না। বুকের মাঝ বরাবর বয়ে চলা রক্তিম নদীটা কেন জানি আরও ফুলে ফেপে উঠে এ সময়টায়। নদীটার ঢেউগুলো আমার দুকূল এ আছড়ে পড়ে সমুদ্রের ঢেউগুলোর থেকেও শতগুণ তীব্রতা নিয়ে। সহ্য হয় না আমার। অনেক বীভৎসতা আমার চোখের সামনে ভেসে উঠে। আমার হারিয়ে যাওয়া সন্তানদের খুব বেশি মনে পরে যাদের আমি আমার হৃদয়ের সবটুকু ভালবাসা উজাড় করে দিয়েছিলাম। তাই ভাবি সকালের সূর্যটা যদি মিঠেকড়া আলো না ছড়িয়ে তার থেকেও কয়েক কোটিগুণ তীব্রতা নিয়ে আমার বুকে নেমে পড়ে আমাকে শুষ্ক করে দিয়ে যেত আর ধরণীকর্তা যদি আমার বুকে নতুন স্বাভাবিক জলের ধারা বইয়ে দিত তাহলে রক্তিম এই নদীটা আমাকে আর জ্বালাতন করতে পারত না। কিন্তু তা আর হল কোথায়? সূর্যদেবতা আর ধরণীকর্তা কারোই কৃপা হয় না আমার জন্য, তাই আমিও মুক্তি পাই না এই লোহিত বর্ণ উদ্দাম স্রোতে বয়ে চলা নদীটা থেকে। আর হবেই বা কেন?? তারা তো আমাকে স্বাভাবিক অবস্থায়ই ধরণীতে জায়গা করে দিয়েছিলেন। তাহলে কেন আমার এই পরিনতি?
অনেকদিন ধরেই ভাবছি আমার বিদগ্ধ কষ্ট গুলো কাউকে বলে একটু শান্ত হই কিন্তু বলতে পারিনা-হয় অভিমানে নয়তো ক্ষোভে। কিন্তু আর কতকাল চুপ করে থাকব। চুপ করে থাকলে যে আমাকে আমার সন্তানেরা জানতে পারবে না। জানতে পারবে না তাদের মায়ের দুঃখগাথা।তাই আজকে আমি আমার সন্তানদের নিকট তুলে ধরতে চাই তাদের মায়ের দুঃখগাথা,আশা আকাঙ্ক্ষা আর ভালবাসার কথা।
জীবনের শুরু থেকেই আমি একটু বেশি আকর্ষণীয়া ও সম্পদশালী। তাই আমাকে পেতে অনেক দস্যুর ই ছিল অগাধ আগ্রহ। জীবনের অনেকটা সময় ই আমি ছিলাম অন্যের শাসন আর শোষণে নিষ্পেষিত। একজন তো আমাকে প্রায় ২০০ বছর ধরে লুটে পুটে খেল। সেই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি পেলাম অনেক কাল পরে। তারপর ভেবেছিলাম সবাইকে নিয়ে একটু ভালভাবে আবার নতুন করে, নতুন স্বপ্ন নিয়ে সবকিছু নতুন করে শুরু করব। কিন্তু ভাগ্যবিধাতা আবার ও মুখ ফিরিয়ে নিলেন আমার কাছ থেকে। ধর্মের দোহাই দিয়ে আমাকে মাঝ বরাবর ছিঁড়ে ফেলা হল। আমার একটি ভাইকে ছুড়ে ফেলা হল ভারত নামক একটি অংশে আর আমি চলে এলাম পাকিস্তান নামক আরেকটি অংশে। আমার নাম হল পূর্ব পাকিস্তান। কিন্তু তাতেই কি আমার সুখের ভুবনে আগমন ঘটলো?
পূর্ব পাকিস্তান নামক ভূখণ্ডে এসে আমি অনেকটাই বিমোহিত ছিলাম আমার এ অংশের সন্তানদের আদর ভালবাসায়। সবাই কেমন জানি অত্যন্ত বেশি ভালবাসতে শুরু করল আমায়। অন্য অংশটাকে এখন আর মনে পড়ে না-ছেড়ে দিয়েছি তার মায়া। ভালই চলছিল সবকিছু। হঠাৎ একদিন এক মিষ্টিআলো ভরা সকালে,যা আমার অনেক প্রিয়, শুনলাম পশ্চিম পাকিস্তান(আমার নতুন সঙ্গী) নাকি আমাকে ১২০০ মাইল দূর থেকে দেখভাল করবে। আমার ভাল মন্দের খোঁজখবর নিবে। তখন ই কেন জানি মনে একটা খটকা লাগল- সন্দেহের একটা তীর আমার বুকে বিদ্ধ হল। কিন্তু সবকিছু ভুলে গিয়ে নিজেকে তুলে দিলাম নতুন সঙ্গীটার হাতে। ভাবলাম একতাই বল ও সমৃদ্ধির সোপান।
শুরু হল আমার নতুন পথচলা। নতুন এই পথটাতে নতুন সারথীকে নিয়ে যখনি পথচলা শুরু করলাম দেখলাম আমার সারথী আমাকে তার সঙ্গে না নিয়ে আমাকে কোনো এক অচেনা বন্ধুর পথে আমাকে ছেড়ে দিয়ে নিজে তার চেনা পথে হেটে চলে যাচ্ছে। তাকে ডাকলাম কিন্তু ফিরেও তাকাল না একাবার। বুঝলাম এই বুঝি শুরু হল আমার আরেকটি সংগ্রামময় জীবনের অধ্যায়। আর বুঝলাম যাকে সঙ্গের সারথি ভেবেছিলাম সে আমার সারথি নয়- অন্য কিছু হবে হয়ত!!
তবে সেই অন্য কিছু টা যে কি তা টের পেলাম কিছুকাল পরেই। ক্রমেই সে আমার উপর না না রকম জোরজবরদস্তি শুরু করল। দেখভালের নামে শুরু করল আমাকে শোষণ করা। একে একে লুণ্ঠন করতে থাকল আমার অবশিষ্ট আকর্ষণ আর সম্পদ ভাণ্ডার। চোখ ভারি হল-অশ্রু বারিপাত বয়ে চলল। মায়ের কান্না দেখে তার কোন সন্তান কি চুপ করে থাকতে পারে?? শুরু হল আমার সন্তানদের তাদের মায়ের অস্তিত্ত রক্ষার সংগ্রাম। শান্তিপূর্ণ ভাবেই আমার সন্তানেরা আমাকে রক্ষা করার আন্দলনে মত্ত ছিল। কিন্তু তাতেও আমার সারথির ছিল প্রচণ্ড আপত্তি। শুরু হল আমার সাথে সাথে আমার সন্তানদের উপর অত্যাচার। এখন আমার সন্দেহটা সত্যি হয়ে গিয়েছে। আর ঐ নতুন সারথিটাকেও সারথি বলে মনে হয় না-মনে হয় আমার অস্তিত্ত বিলীনকারী কোন এক ভয়ংকর দৈত্য।
এভাবেই অনেক অত্যাচার আর কষ্টের মাঝে দিনগুলো কাটছিল আমি আর আমার সন্তানদের। এর মধ্যে প্রতিদিনের মতোই দুঃস্বপ্নের একটি নির্ঘুম রাত কাটিয়ে যেই না সকাল হল তখনি হঠাৎ শুনতে পেলাম পশ্চিম পাকিস্তান অংশের কোন একটা ‘পিশাচ ’ ঘোষণা দিচ্ছে আমার সন্তানদের নাকি আমাকে আর ‘মা’ বলে ডাকতে দিবে না তাদের প্রিয় মায়ের ভাষায়!! বুকটা খা খা করে উঠল। নির্বাক হয়ে গেলাম। দু-ফোটা অশ্রু গড়িয়ে পড়ল দুগাল বেয়ে। থেমে থাকল না আমার সন্তানেরা। শুরু করল যুদ্ধ। মাকে নিজের ভাষায় মা বলে ডাকার অধিকার আদায়ের যুদ্ধ। যুদ্ধে জয়ী হল আমার সোনামানিকেরা। কিন্তু হায়!! আমার অতিআদরের কিছু সোনার টুকরো সন্তানদের ঐ নরপিশাচেরা কেড়ে নিল আমার কোল থেকে- শূন্য করল আমার বুক। আমি ঐ নরপিশাচদের আজও ভুলি,নি ভুলবও না। সারা জীবন লানত দিয়ে যাবো ঐ মানুষ রূপী দানবদের।
ভাষা যুদ্ধে পরাজিত হয়ে পশ্চিম পাকিস্তান নামক স্থানের দানবগুলো আমার সোনার সন্তানদের চিরতরে স্তব্ধ করে দেয়ার জন্য খুব করে মরিয়া হয়ে উঠল। শুরু হল আমাকে চিরতরে দখল আর আমার সন্তানদের নিশ্চিহ্ন করে দেয়ার নারকীও অত্যাচারযজ্ঞ। কিন্তু এখানেও আমার সূর্য সন্তানেরা চুপ করে রইল না।গর্জে উঠল ঐ পিশাচ নরখাদকদের বিরুদ্ধে।ছয় দফা সহ নানা ধরনের কর্মসূচী দিল। এখানেও আমাকে সন্তান হারা করল-আমার সাহসী সন্তানদের কারাগার নামক নরকে নিয়ে চালাল অত্যাচারের স্টিমরোলার। কিন্তু কিছুতেই দমাতে পারল না মাকে ভালবাসা অসীম সাহসী সন্তানদের। বাধ্য হয়ে নির্বাচন নাটক সাজাল কিন্তু এ নাটকেও আমার সন্তানেরা নায়কের মর্যাদায় অধিষ্ঠিত হয়ে ছিনিয়ে আনল মাকে আরও আপন করে ভালবাসার অধিকার। কিন্তু মাকে ভালবাসার অধিকার দেয়া তো দূরে থাক উলটো তার ও তার সন্তানদের ফেলে দেয়া হল এক সীমাহীন আর অবর্ণনীয় অত্যাচারের এক অকুল পাথারে। কষ্টের সময়গুলো বয়ে যায় কিন্তু এর তীব্রতা আর কমে না। অত্যাচারে নীল হতে থাকি আমি আর আমার প্রান প্রিয় সন্তানেরা।
সাল ১৯৭১। ৭ মার্চ আমার এক অকুতোভয় সন্তান আমাকে চিরতরে আপন করে পাবার জন্য তার ভাইদের সঙ্গে নিয়ে ঘোষণা দিল মাকে মুক্তির এক অনবদ্য আন্দোলনের। ঘোষণা দিল মাকে স্বাধীন করার এক সপ্নময় দূরনিবার আন্দোলনের। আমার প্রতি আমার সন্তানদের এই অগাধ ভালবাসা সহ্য হল না ঐ হায়েনাগুলোর। মাকে ভালবাসার অধিকার দেয়া তো দূরে থাক উলটো তার সন্তানদের বুকগুলোকে ঝাঁজরা করে করে মায়ের বুকে রক্ত গঙ্গা বইয়ে দেয়ার জন্য ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতের আধারে হায়েনাগুলো ঝাপিয়ে পড়ল আমার ঘুমন্ত নিরীহ সন্তানদের উপর। সন্তানদের আর্তচিৎকারে ঘুম ভাঙল আমার। আবছা আলোয় দেখলাম আমার শরীরটা কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে। কেমন যেন স্যাঁতসেঁতে পিচ্ছিল হয়ে গেছে। হাত দিয়ে আমার সন্তানেরা আমাকে জড়িয়ে ধরতে চাচ্ছে কিন্তু আমি তাদের ধরে রাখতে পারছি না। সবাই কোথায় যেন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সময়ের হেরফেরে মা মা আর্তচিৎকার গুলো আর শুনতে পারছি না। কেমন যেন সুনসান নিরবতা চারিদিকে। সকাল হল-অসহ্য যন্ত্রনা হচ্ছিল পুরো শরীরটা জুড়ে। নড়াচড়া করতে পারলাম না। পুরো শরীরটার দিকে তাকালাম। দেখলাম স্থানে স্থানে পোড়া ক্ষতচিহ্ন, রক্তের ছোপ ছোপ দাগ। মাকে ভালবাসা আমার নিরীহ সন্তানেরা রক্তমাখা নিথর শরীরগুলো নিয়ে ছড়িয়ে ছিটিয়ে লেফটে আছে আমার সারা গায়ে। শব্দ করে কাঁদতে পারলাম না আমি। শুধু দুগাল বেয়ে অবিরত ঝরে পড়লো আমার রক্তমাখা অশ্রুজল। ২৬ তারিখ আমার দুঃসাহসী সন্তানেরা আমাকে মুক্ত করার ইস্পাত কঠিন দৃঢ় প্রত্যয়ে প্রান বাজি রেখে নেমে পড়ল ঐ কুৎসিত নরপিশাচ হায়েনাদের বিরুদ্ধে। মাকে মুক্ত করার জন্য দুর্বার সাহস আর ইস্পাত কঠিন দৃঢ় সংকল্প নিয়ে আমার সন্তানেরা আমাকে মুক্ত করে আনল দীর্ঘ ৯ টি মাস রক্তক্ষয়ী এক কঠিন অসম যুদ্ধ জয়ের মধ্য দিয়ে। যে দিনটাতে আমি মুক্ত হলাম সেদিনটি ছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, যাকে তোমরা এখন মুক্তির বা বিজয়ের দিন হিসেবে জান।
কিন্তু দীর্ঘ ঐ ৯ টি মাস কি ঘটেছিল আমার জীবনে?? বলতে গিয়ে গা ছমছম করে উঠছে আমার। তারপরেও আমাকে বলতে হবে। আমি বলবই...দীর্ঘ ঐ ৯ টি মাস হায়েনাগুলো আমার ছোট ছোট বাঁছাদের(তোমাদের ভাইবোন) হত্যা করেছিল নির্বিচারে,আমার অতি আদরের কন্যা সন্তানদের উপর চালিয়েছিল ধর্ষণ আর হত্যা নামক ধরণীর সবচেয়ে পৈশাচিক বর্বর অত্যাচারযজ্ঞ। নির্মমভাবে হত্যা করেছিল আমার জ্ঞানীগুণী সূর্য সন্তানদের যাতে করে আমি যেন আর কখনই মাথা তুলে দাড়াতে না পারি। জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল আমার সারা শরীর। লুণ্ঠন করেছিল আমার সম্পদ ভাণ্ডার। সন্তানদের রক্তে লোহিতবর্ণ করে দিয়েছিল আমার বুকে প্রবাহমান শান্ত জলের স্রোতধারা যা আমি এখনো বয়ে বেড়াচ্ছি। এখনো রক্তিম এই স্রোতধারায় আমি আমার সন্তানদের গলিত লাশের গন্ধ পাই।
হায়েনাগুলো তো আমাকে খুব ভাল করে জানত না। আমাকে অত্যাচারের তীব্রতা বুঝাতে আমাকে তাদের ভাল করে জানার প্রয়োজনীয়তা ছিল। আর এই কাজটা হায়েনাগুলো অনায়াসেই করতে পেরেছিল তাদের এ দেশীও দোসরদের সাহায্যের কল্যাণে। প্রচণ্ড ঘেন্না হয় এমন কুলাঙ্গার দোসরদের প্রতি। আজও যখন দেখি আমার রক্তিমস্রোত নদীর দু-তীরে তারা(দোসররা) দৃপ্ত পদক্ষেপে দাপিয়ে বেড়ায় তখন নিজেকে খুব অবহেলিত মনে হয়। লজ্জায় কোথাও লুকিয়ে যেতে ইচ্ছে হয়। আমার সন্তানেরা কি পারে না এই বিশ্বাসঘাতকদের আমার বুক থেকে চিরতরে বিতাড়িত করতে!!? অবশই পারে। একদিন তারা এই ঘাতকদের থেকেও আমাকে মুক্ত করবে-আমি নিশ্চিত।
জানো, মাঝে মাঝে বড় স্বাদ হয় বুকের মাঝ দিয়ে বয়ে চলা রক্তিম নদীটাকে একটু আদর করি কিন্তু পারি না। কিন্তু আমি একদিন ঠিক-ই আমার এই রক্তিম নদীটাকে আদর করতে পারব, ভালবাসতে পারব। যেদিন আমার সন্তানেরা জগতের দিকে দিকে সাফল্য মণ্ডিত হয়ে বলবে আমি অমুক মায়ের সন্তান-সেদিন নিশ্চয়ই আমার উপর প্রবাহমান এই রক্তিম নদীটাকে কষ্টের নদী মনে হবে না- মনে হবে উৎসবের রঙে রঙ্গিন এক নদী,মনে হবে লাল আলোয় আলোকিত সাফল্যের এক উজ্জ্বল আলকশিখা। সমুদ্র স্রোতের ন্যায় ধেয়ে আসা তীব্র ঢেউগুলোকেও তখন মনে হবে-মায়ের বুকে আমার ছোট্ট ছোট্ট সোনাবাবু আর সোনামণিদের নরম পায়ের আদরমাখা আলতো আঘাত!!! শক্ত করে বুকে জড়িয়ে ধরব তখন তাকে- আদর ভালবাসায় সিক্ত করব তাকে। তাই...
তোমাদের দিকে তাকিয়ে আছি,
ও আমার সোনার সন্তানেরা-
মাকে তোমরা ধন্য করো,
মাকে তোমরা পূর্ণ করো-
তোমাদের নিকট এই আমার মিনতি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





