আমি তো ডাস্টবিনে পরে থাকা কোন পরিত্যক্ত আবর্জনা নই
তবে তোমরা আমায় দেখে নাক শিটকাও কেন ?
আমি তোমাদের মত সময়ের ক্রীতদাস হইনি বলে;
নাকি দাসত্বের ভার বহন করতে করতে তোমরা এতটাই ক্লান্ত
যে আজ মুক্ত-স্বাধীন মানুষ দেখলে গাঁ জ্বালা করে!
আমি তো রাস্তার পাশে ফেলে দেয়া মুড়ির ঠোঙ্গা নই
তবে তোমরা আমায় পদতলে-পিষ্ট করতে চাও কেন ?
আমি মাটির মানুষ, চাকচিক্যহীন বলে;
নাকি মনিবের পাদুকার আঘাতে তোমরা এতটাই জর্জরিত
যে আজ তাঁর শোধ নিতে চাও এই অধমের উপরে!
আমি তো করিমের দোকানের সামনে বসে থাকা পাড়ার ভিখারি নই
তবে তোমরা আমায় দেখলে পালিয়ে যাও কেন ?
আমায় দুটো পয়সা দিতে হবে বলে;
নাকি মানুষ ঠকিয়ে খেতে খেতে তোমরা এতটাই বিপর্যস্ত
যে আজ এই নরাধমকেও পাওনাদার মনে হয়!
আমি তো জেলখানায় থাকা কোন সাজাপ্রাপ্ত কয়েদী নই
তবে তোমরা দারোগার মত দৃষ্টি নিয়ে আমার দিকে তাকাও কেন ?
আমি তো তোমাদের কারো কিছু চুরি করিনি;
নাকি চোরেদের সাথে থাকতে থাকতে তোমরা এততাই ভীত-সন্ত্রস্ত
যে আজ আমাকে তোমাদের চেয়েও বড় চোর মনে করছো!
আমি তো লোক ঠকিয়ে বেড়ানো কোন প্রতিষ্ঠিত দালাল নই
তবে তোমরা আমায় দেখে ভ্রু-কুচকাও কেন ?
আমি তো ইহজন্মে দালালী করি নাই;
নাকি দালালী করতে করতে তোমরা এতটাই শঙ্কিত
যে আজ আমাকে তোমাদের প্রতিদ্বন্দ্বী ভাবছো!
আমি তোমাদের পৃথিবীর মানুষ নই
তোমাদের মতোও নই, হতেও চাই না!
আমি শুধু চাই; শুদ্ধ হতে, বারে বারে আমি হতে
এটাই আমি; আর তোমাদের পার্থক্য!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

