এক যে ছিল বাদুড়,
বিছিয়ে শুত মাদুর।
জীবন নিংড়ে নেয় তার যৌবন,
অবসর নেই একটুক্ষণ।
দুঃখ করে না তবু বাদুড়,
তার যে যেতে হবে বহুদূর।
সকাল সন্ধ্যে বেলা,
কাঁধে তার দায়িত্বের ঝোলা।
সারা শহর চষে,
গভীর রাতে বাড়ি ফেরে সে।
একদিন মরল সে লঞ্চডুবিতে,
এলো না কেউ লাশ নিতে।
তবু রাজ্যে পরে গেল ধুম,
সবাই বলে সরকার করেছে এই খুন।
মন্ত্রীদের জরুরী বৈঠক রাজসভায় ,
বাইরে টিভি ক্যামেরার আলো ঝলকায়।
জনগনের দাবী, 'করতে হবে এই খুনের বিচার,
নইলে দেশ হবে ছারখার।'
রাজার আশ্বাসে শান্ত হয় জনগন,
তারপর কবে ভুলে যায় এই উপাখ্যান।
পত্রিকার প্রথম পাতা থেকে,
শেষ পাতায় এসে, মিলিয়ে যায় সে।
এক যে ছিল বাদুড়,
শোবে না সে আর কখনও বিছিয়ে মাদুর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

