পিত্রালয় ছেড়ে প্রথম পা রেখেছিলাম যেই শহরে সেটি রাজশাহী। সবুজ এবং শিক্ষানগরী হিসেবে বেশ খ্যাতি রয়েছে তার। বাবা চান নি তাঁর হোটেল ছেড়ে আসি। তবুও এসেছি অনেকটা জোর করেই। তবে বাবা-মাকে ছেড়ে খুব বেশি দূরে যেতে চাইনি। তাই রাজধানী ঢাকা না গিয়ে রাজশাহীতেই কাটালাম জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। শুধু লেখাপড়াই নয় স্মৃতির এক বিশাল জগত তার সাথেই গাঁথা।
তাই জার্মানির সবুজ শহর বনে এসে বার বার ফিরে ফিরে দেখি রাজশাহীর দিনগুলো। বিশেষ করে বন শহরের প্রতিটি ওলিতে-গলিতে যে নিবিড় গাছের ছায়া, সবুজের সমারোহ তার সাথে শুধু মতিহারের সবুজ চত্বরেরই তুলনা হয়। যদিও রাজশাহীর পথে পথে এখন আরো একটু বেশি সবুজের ছোঁয়া লাগানো হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ আঙ্গিনাটুকু যত ছোট ছিল বন তো আর ততোটুকু নয়। তাই ১২ বছর ধরে মতিহারকে দেখেও যেমন চোখ জুড়ায়নি, সম্ভবত সারাজীবন বনকে দেখলেও একই ঘটনাই ঘটবে। আজও তাই ঘুম থেকে জেগে জানালা দিয়ে বাইরে তাকালেই দেখি নতুন এক সবুজ, নাম না জানা বৃক্ষলতার হাতছানি আর পাখিদের মিষ্টি সুর।
একদিন আমার বাসায় এক বন্ধু এসে বললো, তোমার বাসার চারিদিকে গাছের বাহার খুবই চমৎকার। আসলে পাতাগুলোর নড়া-চড়াই বলে দেয় জীবনের অস্তিত্বের কথা। আমি বললাম, সত্যি এখানকার অধিকাংশ বাড়ির চারিদিকে যে কী পরিমাণ গাছ-পালা আর লতা-পাতার ছড়াছড়ি না দেখলে বিশ্বাস করা-ই যায় না। শুধু কি চারিদিকেই? বাড়ি-ঘরের ভেতরে বাইরে সবখানে ফুল-ফল আর গাছ-গাছালির ছড়াছড়ি একইরকম। এমনকি অনেক বাড়ির চারিদিকের সীমানা দেওয়ালটি পর্যন্ত গাছের বেড়া দিয়ে যেন ঘেরা। গাছগুলো এমন চমৎকারভাবে যত্নের সাথে ছেঁটে দেওয়া আর ঘন করে লাগানো যে আমাদের দেশের ইটের দেওয়ালের চেয়েও যেন মজবুত। আর তাছাড়া বাড়ি-ঘরগুলো সেকারণেই বুঝি একতলা করে বানানো। যাতে করে নিজেদের সাজানো বাগানের গাছ-পালা আর জীবকুলের সাথে সার্বক্ষণিক একটা সম্পর্ক সহজেই বজায় থাকে। একতলা বাড়ি করার পেছনে তাদের আরেকটা যুক্তি আছে। তা হলো প্রতিবেশীদের মাঝে যতোটা সম্ভব সমতা বজায় রাখা। একই এলাকায় যেন প্রায় একই সমান উঁচু ঘর-বাড়ি থাকে সেটা বেশ খেয়াল রাখেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক্ষেত্রে একটি নমুনা বেশ প্রকট। ডয়চে ভেলের বন স্টুডিওটি বানানো হয়েছিল তৎকালীন মন্ত্রীদের দপ্তর করার জন্য। অথচ এটা ঐ এলাকার অন্যান্য বাড়ির সাথে যেন একই উচ্চতায় থাকে সেজন্য উপরে না বাড়িয়ে পাশে টেনে লম্বা করে দেয়া হয়েছিল।
জার্মানদের প্রকৃতি ও বৃক্ষ প্রেমের কথা বলে শেষ করা যাবে না হয়তো। তবে এই প্রেম শুধুই প্রকৃতি কিংবা গাছের প্রতি নয়। তার চেয়ে অনেক বেশি মানুষের প্রতি। শহরের নাগরিকদের অধিকার, সুখ, স্বাচ্ছন্দ্য, ভালোবাসা আর ভালো থাকার সুযোগ করে দিতে গিয়েই তাদের প্রেমে পড়তে হয়েছে প্রকৃতিরও। কারণ মানুষগুলোকে সুখে রাখতে হলে প্রকৃতির যে বিকল্প নেই। সেকথাটিই এখনও বুঝে উঠতে পারছেন না আমাদের দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি নির্ধারকরাও।
শহরই বা বলি কেন? বনকে যতটা না শহর বলতে ইচ্ছা করবে তার চেয়ে অনেক বেশি সঠিক হবে গ্রাম বলাটাই। প্রায় প্রতিটি বাড়িই রাস্তা থেকে নির্দিষ্ট দূরত্বে তৈরি। বাড়ির চারিদিকে গাছ-পালা ভর্তি মনোরম বাগান। কয়েকটি বাড়ির ছেলে-মেয়েদের জন্য এক টুকরো খেলার জায়গা। প্রায় প্রতিটি রাস্তার পাশে সাজানো বাগান। দীর্ঘদেহী গাছের সারি। আবার অল্প-স্বল্প পথ পেরোলেই দেখা মিলবে বিস্তীর্ণ ক্ষেত। ধান ক্ষেত, গম ক্ষেত, সব্জি ক্ষেত আবার কোথাও গরু, ঘোড়া কিংবা ছাগলের চারণভূমি। অথচ সেসব চাষাবাদের জমির মাঝ বরাবর চলে গেছে মসৃণ পাকা রাস্তা। সেই পথ ধরে ছুটে চলছে বাস, কার, ট্রাম, ট্রাক, লরি আর বিদ্যুৎ বেগে ছুটে চলা ট্রেন। ক্ষেতের পাশেই বাথান বাড়ি। অবশ্য বাথান বাড়ির সামনে গরুর গাড়ি আর জোঁয়াল, লাঙ্গল, কোদাল, কাস্তে এসব নেই, তার বদলে আছে বিভিন্ন আকার-আকৃতির আধুনিক যন্ত্র চালিত চাষের সরঞ্জামাদি।
নগর কর্তৃপক্ষের কাছে শুধু যে, নাগরিক এবং তাদের গাড়ি-বাড়ির তালিকা রয়েছে তা-ই নয়, রয়েছে বাগান এবং বাগানগুলোর প্রতিটি গাছের বিশদ বিবরণ। কোন গাছের কবে চুল কাটতে হবে, কবে কোন খাবার কিংবা পানীয় দরকার কিংবা ঔষধ - তার ঠিকঠাক হিসাব রয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। আর নিয়ম মাফিক প্রতিটি গাছের জন্য প্রয়োজনমতো খাবার, পানীয়, ঔষধসহ সবধরণের পরিষেবা পৌঁছে দিচ্ছে ঐসব দপ্তরের কর্মীরা। এক সহকর্মীর কাছে গল্প শুনলাম। বাড গুডেসবার্গে তার বাড়ির সামনে একদিন একটি গাছ কাটতে আসল সরকারি লোকজন। তা দেখে সে খুব আশ্চর্য হলো। এমন ঘটনা তো কখনো দেখিনি। বাসা থেকে বের হয়ে সে লোকগুলোর কাছে গেল। এমনকি সে তাদের গাছ কাটতে নিষেধ করলো। জবাবে লোকগুলো তাদের কাছে থাকা ঠিক ঐ গাছের অভ্যন্তরীণ অবস্থার ছবি দেখালো। সাথে উদ্যান বিশেষজ্ঞের ব্যবস্থাপত্রও। এসব কাগজপত্র দেখে সে হতবাক। এখানে একজন মানুষের যেমন চিকিৎসার নথিপত্র সযত্নে সংরক্ষণ করা হয়, ঠিক একটি গাছেরও ভেতরের ছবি, তার অবস্থা এবং করণীয়ও যথাযথ বিশেষজ্ঞের দপ্তরেই সংরক্ষিত থাকে।
বৃক্ষ আর প্রকৃতি প্রেমের এতো কাহিনী শুনে যারা বলবেন, এসব আসলে সরকারেরই দায়িত্ব - তাদের জন্যই আছে শ্রেবেরগার্টেনের খবর। জার্মান ভাষায় শ্রেবেরগার্টেন এর অর্থ হলো শখের বাগান। একটি সূত্র অনুযায়ী, জার্মানিতে এই ধরণের বাগান মিলিয়নের ঘর ছুঁয়েছে। অথচ এসব বাগান তৈরির কাজে সরকারের কোন ভূমিকা নেই বললেই চলে। মূলত ব্যক্তিগত পরিচর্যায় গড়ে উঠে এসব বাগান। ছোট্ট এক টুকরো জমি ভাড়া নিয়ে নিজের মতো করে সাজিয়ে তোলা যায় শ্রেবেরগার্টেন। সাধারণত রেল লাইন কিংবা রাস্তার পাশে ফাঁকা জায়গায় গড়ে তোলা হয় এসব বাগান। দেখা যায় বাগানের মাঝে কিংবা পাশে আছে ছোট্ট একটি ঘর। রয়েছে একটি বিশাল ছাতা, কিংবা একটি ঝুলন্ত দোলনা, দু'একটি চেয়ার, সাথে ছোট্ট টেবিল। সপ্তাহান্তে কিংবা একটু অবসরে আয়েশ করে কিছু সময় কাটানো যায় নিজ হাতে গড়া এই শখের রাজ্যে। নানা বাহারের ফুল, ফল আর লতা-পাতায় ঘেরা এসব শখের বাগানই বলে দেয় শুধু কর্তা ব্যক্তিরাই নন সাধারণ মানুষও কতটা প্রকৃতিপ্রেমী।
Link: http://www.dw-world.de/bengali
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



