মাঝে মাঝে
মাঝে মাঝে কী যেন বেশ মনে পড়ে যায়,
মনে পড়ার সাথে সাথে উদাস এ মন,
কী এক অমোঘ টানে পেছন ফিরে তাকায়,
অজস্র স্মৃতি হাতড়ে হাতড়ে দুঃসহ যন্ত্রণায়
নিজেকে উল্টে পাল্টে বুঝে নিতে চায়,
আরও কিছু অকৃত ছিল কিনা কর্মতালিকায়।
হাসি কান্নার স্মৃতি বিচরণে কাটে কিছু সময়,
পুরোনো শিহরণ নতুনভাবে অযথাই নাড়া দেয়
দুঃস্মৃতিগুলো কষ্ট দেয়,কিছু স্মৃতি হাসি আনে,
নতুন বেদনা প্রশমিত হয় অতীত আনন্দের টানে।
একটু পরেই মাথা চাড়া দেয় বর্তমান,
বর্তমানের ব্যস্ততায় অতীত হয় ম্রিয়মান,
মনটা হঠাৎ নিজেই করে উপলব্ধি,
অতীত বিচরণের বাতুলতা করতে হবে নিবৃত্তি।
ম্রিয়মান অতীত ছেড়ে মন মাতে রঙিন বর্তমানে,
মাঝেমাঝে বর্তমান ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতে,
ভবিষ্যৎ নিয়ে বেশি ব্যতিব্যস্ত হতে হয় না,
হতে হয় না বিষাদগ্রস্থ অতীতের ঘটনা নিয়ে,
এই উপলব্ধি পরক্ষনেই ফিরে আসে মনে।
মনটা মাঝে মাঝে শান্ত,মাঝে মাঝে বিলাসী,
মাঝে মাঝে অস্থির ,মাঝে মাঝে নিভৃতচারী,
কখনো ক্রন্দনরত, কখনো অট্টহাসিতে ব্যস্ত,
কখনো নিঃস্ব,কখনো হিসাব নিকাশে ন্যস্ত,
এরই মাঝে কেটে যায় মানব জীবন সমস্ত।
(অসংকলিত এবং অপরিমার্জিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



