সাড়ে চারটায় ডেটিং
ভালমতো এক্স মেখে বেরোতে বেরোতে
সোয়া চারটে পার
রাস্তায় হাজার বছরের প্রাচীন
শেওলার আস্তরণ মোড়ানো বটবৃক্ষের মতোই
ভাবুক যানজট
ঘড়ির কাঁটা পাঁচটা ছুঁইছুঁই
সেলফোনে ঝাঁজ, 'কাণ্ডজ্ঞান কোনদিনই হবেনা আমার!'
তক্ষুনি হাসানের ফোন,
'তাড়াতাড়ি টিএসসি'তে চলে আয়,
হঠাৎ নিখোঁজ কাইয়ুম
কাল থেকে লাপাত্তা একেবারে
জাহান্নাম ছাড়া খুঁজতে বাঁকি নেই কোথাও
ফোন বন্ধ বিরতিহীন।'
তারপর, 'ঠিক আছে,
তোমার পথে তুমি
আমার পথে আমি' জাতীয় সংলাপ
বিরোধীদল একেবারেই গোত্রহীন বলে
'সরি, সরি, সরি' ছাড়া কিছুই শোনা যায়না আর!
শুকনো মুখে রাজুর পাদদেশে অগত্যা
'কোন গোল্লায় গেছে কাইয়ুম?'
অন্তর্গত রক্তে বসবাসকারী মধ্যবিত্ত সিংহের হুংকার!
হাসানের আমতা আমতা
'আটচল্লিশ ঘণ্টা পার
খবর নেই ওর
আসেনি ক্লাসে
ফেরেনি হলেও
আর ঈদ ছাড়া বাড়িতে যায়না কস্মিনকালেও
তবুও নিয়েছি খোঁজ
পূর্বানুমান!'
একটুখানি কেঁপে ওঠে স্বর
'তো কি করবি 'খন?'
'মেডিকেলে গেছে তারিফ
এক্সিডেন্ট হয়েছিলো গতকাল
এদিকেই
খারাপ কিছু হলে নাকি ওখানেই নেওয়া হয় আগে!'
আচানক জমাট বাঁধতে থাকে ভয়
অজান্তেই হাসানের হাত চেপে ধরি,
'তোর কি মনে হয় কাইয়ুম...'
কণ্ঠরুদ্ধ, শ্বাসকষ্ট হঠাৎ!
'জানিনা,
কিছুই জানিনা আমি'
আর্তস্বর
হাসানের!
অকস্মাৎ
ইস্রাফিলের শিঙ্গার মতো বাজলো যেন
হাসানের ফোন
ওপাশে তারিফ!
হঠাৎ মায়েদের মত
ভীত হয়ে পড়া হাসানের অপারগতা
আমাকেই চেখে দেখতে হবে গন্দম!
ফোন ধরি
অনেক সমুদ্র পার হয়ে আসা
ভেজা বাতাসের মতোই তারিফের কণ্ঠস্বর
কান্নার জলোচ্ছ্বাসের মাঝে বজ্রপাত
'মরচুয়ারি'তে পরে আছে লাশ
গতকাল থেকে বেওয়ারিশ
মুখের আদল যেন ওর মতোই মনে হয়!'
(চলবে...)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



