অতঃপর
পা বাড়াই পথে মর্গের!
জিব্রাইলের ডানার মতোই দীর্ঘ মনে হয়
আমার প্রতিটি পদক্ষেপ
শনাক্ত করতে যাচ্ছি আমি প্রিয় বন্ধুর লাশ
আমার পকেটে যার সিগারেট কেস
গায়ের গন্ধ জীবন্ত এখনো!
ইকারাসের যাত্রা শেষ
অবশেষে মরচুয়ারির বারান্দায়।
আমরা দুজন
আমি এবং হাসান
প্রার্থনা বিরতিহীন
প্রভু তাড়াতাড়ি ভেঙে দাও
দুঃস্বপ্নের চেয়েও গাঢ় এই জাগরণ!
বারান্দা পেড়িয়ে যাই
আলো অন্ধকারে ঘেরা ঠাণ্ডা একটি ঘর
মৃত্যুর গন্ধ সবখানে!
মেঝেতে মৃতদেহ একটিমাত্র
কালো চাদরে ঢাকা আপাদমস্তক!
প্রিয় রঙ ছিল যার কালো,
সে কি নিজেই পরিপূর্ণ শোক হয়ে গেল অকস্মাৎ?
মরচুয়ারির ঠাণ্ডা মেঝেতে
শরীর শিহরানো গাঢ় অন্ধকারে
এক আটলান্টিক গভীর ঘুম চোখে
শুয়ে আছে কি সেই কাইয়ুম
যে কিনা লাইট নিভিয়ে ঘুমোতে পারতোনা মোটেও!
তনি'র জন্য যে চুয়ান্ন'টি অসাধারণ কবিতা লিখেছিলো
আর ছেড়েছিল সিগারেট!
অজস্র জন্ম ধরে জমানো সমস্ত নীলপদ্ম বুকে নিয়ে সেকি
চুপিচুপি ঘুমালো হঠাৎ
পেছনে ফেলে জীবনের প্রজাপতি মেলা
আর কবিতার মেঘরঙ ক্যানভাস!
(চলবে)
১ম পর্বের লিঙ্কঃ
মরচুয়ারি থেকে ফিরে এসে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



